ফিলিস্তিনকে ব্রিটেন ও ফ্রান্সের ‘না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদের আবেদনের ওপর ভোটাভুটিতে ব্রিটেন, ফ্রান্স ও কলম্বিয়া ভোট দানে বিরত থাকবে বলে সংশ্লিষ্ট একাধিক রাষ্ট্রদূত নিশ্চিত করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক জাতিসংঘে নিযুক্ত এক রাষ্ট্রদূত গতকাল বৃহস্পতিবার বলেছেন, ‘আমরা আজ শুনেছি, নিরাপত্তা পরিষদে ফিলিস্তিন তাদের প্রয়োজনীয় ৯ ভোট পাবে না।’অপর এক রাষ্ট্রদূত নিশ্চিত করে বলেছেন, ‘ব্রিটেন, কলম্বিয়া ও ফ্রান্স নিরাপত্তা পরিষদকে বলেছে, তারা ভোট দানে বিরত থাকবে।’জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদের আবেদনের ওপর অচিরেই নিরাপত্তা পরিষদে ভোটাভুটি হওয়ার কথা রয়েছে। বিষয়টি স্পর্শকাতর বলে সংশ্লিষ্ট রাষ্ট্রদূতেরা তাঁদের নাম প্রকাশ করতে আগ্রহী হননি। ইউনেসকো ফিলিস্তিনকে পূর্ণ সদস্যপদ দেওয়ার ঘোষণার পর ব্রিটেন, ফ্রান্স ও কলম্বিয়ার কাছ থেকে এ নেতিবাচক মনোভাব এল।ব্রিটেন ও ফ্রান্সের কর্মকর্তারা জানিয়েছেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ বিষয়ে ভোটাভুটিতে দেশ দুটির বিরত থাকার কারণ সম্পর্কে পরে ব্যাখ্যা দেওয়া হবে। এর আগে ব্রিটেন ও ফ্রান্সের রাষ্ট্রদূতেরা জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনের দূত রিয়াদ মনসুরকে তাঁদের আবেদন পুনর্বিবেচনা করার জন্য বলেছেন। নিরাপত্তা পরিষদে অচিরেই ফিলিস্তিন বিষয়ে ভোটাভুটি হবে। তবে এখনো ভোটের সুনির্দিষ্ট তারিখ ঠিক করা হয়নি। গত ২৩ সেপ্টেম্বর জাতিসংঘে পূর্ণ সদস্যপদ চেয়ে আবেদন করেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। যুক্তরাষ্ট্র আগেই জানিয়ে দিয়েছে, তারা এ সংক্রান্ত ভোটাভুটিতে ভেটো দেবে। ইউনেসকো ফিলিস্তিনকে সদস্যপদ দেওয়ার সংস্থাটিতে অর্থ সহায়তাও বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে ওয়াশিংটন।ব্রাজিল, চীন, ভারত, লেবানন, রাশিয়া ও দক্ষিণ আফ্রিকা প্রকাশ্যে ফিলিস্তিনকে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছে। তবে নিরাপত্তা পরিষদের সদস্য জার্মানি, পর্তুগাল ও বসনিয়া এ বিষয়ে তাদের অবস্থান এখনো স্পষ্ট করেনি। কূটনীতিকেরা বলছেন, এ তিনটি দেশ ফিলিস্তিন বিষয়ে ভোট দানে বিরত বা ভেটো দিতে পারেন।পশ্চিমা রাষ্ট্রদূতেরা বলেছেন, নিরাপত্তা পরিষদের সদস্য নাইজেরিয়া ও গ্যাবন ফিলিস্তিনকে সমর্থন দিতে যাচ্ছে।