ফিলিস্তিনকে সরাসরি আলোচনার প্রস্তাব ইসরায়েলের
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফিলিস্তিনের নেতা মাহমুদ আব্বাসকে সরাসরি আলোচনার প্রস্তাব দিয়েছেন। গতকাল সোমবার এক বিবৃতিতে নেতানিয়াহু এ আহবান জানান। ইসরায়েলি প্রধানমন্ত্রী ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট আব্বাসকে ‘একতরফা পদক্ষেপের মাধ্যমে সময় নষ্ট’ করার পরিবর্তে আলোচনার আহ্বান জানিয়ে বলেন, ‘আমি ফিলিস্তিনের প্রধানকে নিউইয়র্কে সরাসরি আলোচনায় বসার আহ্বান জানাই। এ আলোচনা জেরুজালেম ও রামাল্লায়ও অব্যাহত থাকবে।’বিশ্লেষকেরা বলছেন, জাতিসংঘের সদস্যপদ প্রাপ্তির জন্য আব্বাস যে পদক্ষেপ নিয়েছেন, তা বন্ধ করতে নেতানিয়াহু এ আহ্বান জানিয়েছেন।এর আগে আব্বাস বলেছিলেন, তিনি নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসতে ইচ্ছুক। কিন্তু আব্বাস ফিলিস্তিনকে পূর্ণ সদস্য হিসেবে স্বীকৃতি পাওয়ার জন্য জাতিসংঘে লিখিত আবেদনের ঘোষণা দেওয়ায় তাঁর ওই প্রচেষ্টা ব্যাহত হয়।যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আব্বাসের উদ্যোগের তীব্র বিরোধিতা করছে। ইসরায়েলের অভিযোগ, ফিলিস্তিনিরা আলোচনার প্রক্রিয়াকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করছে। ওয়াশিংটনও বলেছে, তারা নিরাপত্তা পরিষদে আব্বাসের এ পদক্ষেপে ভেটো দেবে।ফিলিস্তিন ১৯৬৭ সালের সীমানা অনুযায়ী তাদের রাষ্ট্রের আন্তর্জাতিক স্বীকৃতি চাইছে। এই সীমানা অনুযায়ী পূর্ব জেরুজালেম, গাজা উপত্যকাসহ পশ্চিম তীরকে নিয়ে হবে ফিলিস্তিন রাষ্ট্রের সীমানা।তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বলছে, কেবল সরাসরি আলোচনার মাধ্যমেই ফিলিস্তিনি রাষ্ট্র হতে পারে। তবে এক বছর আগেও বসতি স্থাপন ইস্যুতে এ দুটি দেশের মধ্যে সরাসরি আলোচনা ভেঙে যায়।আব্বাস বলেন, তিনি শুক্রবার থেকে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্য পাওয়ার প্রক্রিয়া শুরু করবেন। সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার পর তিনি মহাসচিব বান কি মুনের কাছে লিখিত আবেদন করবেন। মহাসচিবের অনুমোদন পেলে এটি নিরাপত্তা পরিষদে যাচাই করা হবে। আব্বাসের আবেদন অনুমোদন পেতে হলে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যের ভেটো ছাড়া ১৫ সদস্যের মধ্যে নয়টি দেশের অনুমোদন অবশ্যই পেতে হবে। তবে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য ইতিমধ্যে প্রস্তাবটিতে ভেটো দেওয়ার ঘোষণা দিয়েছে। বিবিসি অনলাইন।