ফিলিস্তিনি নিরাপত্তাকর্মীরা আটক করেছেন হামাসের সদস্যদের
ফিলিস্তিনি নিরাপত্তাকর্মীরা আজ বুধবার পশ্চিম তীর থেকে হামাসের বহু কর্মীকে গ্রেপ্তার করেছেন। ইসরায়েলের দখল করা ভূখণ্ডে বসবাসকারী ইহুদিদের ওপর হামাসের চালানো হামলার ফলে তাদের গ্রেপ্তার করা হয়। খবর রয়টার্সেরফিলিস্তিনের একজন নিরাপত্তা কর্মকর্তা জানান, আটক ব্যক্তিরা সবাই হামাসের একটি অস্ত্রধারী ইউনিটের সদস্য। তাদের বিরুদ্ধে হেবরনে বসবাসকারী চারজন ইহুদি নাগরিককে হত্যার অভিযোগ আনা হয়েছে।নিরাপত্তা কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গতকাল হেবরন ও পশ্চিম তীরজুড়ে হামাসের বহু সদস্যকে আটক করা হয়। হেবরনে ইহুদি হত্যার অভিযোগে হামাসের আরও অনেকে আটক হতে পারে বলে কর্মকর্তারা জানান।এদিকে হামাস অভিযোগ করেছে, ফিলিস্তিনি নিরাপত্তা সংস্থা তাদের দেড় শ কর্মীকে আটক করেছে। এমনকি হামাসের সদস্যদের আত্মীয়-স্বজনদেরও আটক করা হয়েছে। গত মঙ্গলবারের ইহুদি হত্যার সব দায়-দায়িত্ব স্বীকার করে হামাসের অস্ত্রধারী উইং ইজ-এল-দ্বীন আল-কাশেম ব্রিগেড এরই মধ্যে বিবৃতি দিয়েছে। এই গ্রুপটি ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ঘোরতর বিরোধী। ২০০৭ সালে এল-দ্বীন আল কাশেম গ্রুপ হেবরনের এই এলাকাটি দখল করে নিয়েছিল।এদিকে ফিলিস্তিনের প্রধানমন্ত্রী সালাম ফাইয়াদ ইহুদিদের ওপর হামাসের এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তাঁর পশ্চিমা-সমর্থিত সরকার সব সময়ই যেকোনো ধরনের সহিংসতার বিরোধিতা করে আসছে।