ফিলিস্তিনি হামলার জওয়াবে গাজায় ইসরায়েলি বিমান হামলা
ফিলিস্তিনি জঙ্গিরা ইসরায়েলের ওপর একটি রকেট ও বেশ কিছু মর্টার শেল নিক্ষেপ করলে গতকাল মঙ্গলবার রাতে ইসরায়েল গাজা ভূখণ্ডে বিমান হামলা চালায়। কয়েকজন ফিলিস্তিনি কর্মকর্তা ও ইসরায়েলি সামরিক বাহিনী আজ বুধবার এ সংবাদ জানান।ফিলিস্তিনি চিকিত্সকদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, বিমান হামলায় বিধ্বস্ত ঘর-বাড়ির নিচে চাপা পড়ে প্রায় এক ডজন লোক সামান্য আহত হন। ইসরায়েলি পক্ষে কেউ আহত বা নিহত হননি।আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট একটি ফিলিস্তিনি জঙ্গি গ্রুপ দাবি করে তারাই গাজা থেকে ইসরায়েলের ওপর ওই রকেট ও মর্টার হামলা চালায়। ইসলামপন্থী হামাস আন্দোলন গাজা শাসন করে।হামাসের নিরাপত্তা সূত্রসমূহ বলেন, ইসরায়েলি বিমানবহর দক্ষিণ গাজা ভূখণ্ডের একটি পরিত্যক্ত বিমানবন্দর ও গাজার উত্তরাঞ্চলে হামাসের একটি প্রশিক্ষণ শিবিরের ওপর আক্রমণ চালায়। ইসরায়েলি সামরিক বাহিনীর একজন মুখপাত্র বলেন, বিমান হামলাটি চালানো হয় গাজা থেকে সীমান্তের ওপারে আক্রমণ করার জওয়াব দিতে। তিনি আরো বলেন, ইসরায়েলি যুদ্ধবিমানগুলোর হামলার লক্ষ্যবস্তু ছিল কিছু সুড়ঙ্গ যা জঙ্গিরা যাতায়াতের কাজে ব্যবহার করেন।হামাস বলছে, তারা রকেট নিক্ষেপ বন্ধ করার ব্যাপারে অন্যান্য জঙ্গি গ্রুপের সঙ্গে ঐকমত্যে পৌঁছেছে। কিন্তু কিছু ছোট ছোট গ্রুপ এখনও ইসরায়েলের ওপর গোলাবর্ষণ অব্যহত রেখেছে। হামাস ২০০৭ সালে প্যালেস্টাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের প্রতি অনুগত সেনাবাহিনীর কাছ থেকে গাজা ভূখণ্ড ছিনিয়ে নেয়। ইসরায়েল বলেছে, সে গাজা ভূখণ্ড থেকে চালানো যে কোনো আক্রমণের জন্য হামাসকে দায়ী মনে করে।