ফিলিস্তিনে রাজস্বের অংশ পাঠানো স্থগিত করেছে ইসরায়েল
পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে জাতিসংঘের সদস্যপদ পাওয়ার জন্য ফিলিস্তিনের প্রচেষ্টার জবাবে ইসরায়েল এ মাস থেকে রাজস্বের অংশ ফিলিস্তিনে পাঠানো স্থগিত করেছে। দ্য ডনের খবরে বলা হয়, আজ রোববার ইসরায়েলের মন্ত্রীসভার সাপ্তাহিক বৈঠকের শুরুতে অর্থমন্ত্রী ইউভাল স্টেইনিটজ এ ঘোষণা দেন। অর্থমন্ত্রী ওই বৈঠকে বলেন, ‘আমরা শুরু থেকে বলে আসছি, জাতিসংঘে ফিলিস্তিনকে বিশেষ সুবিধা দিলে ইসরায়েল বসে থাকবে না।’ তিনি আরও বলেন, ‘ফিলিস্তিনি কর্তৃপক্ষের কারণেই এ মাসে তাঁদের কোন রাজস্ব দেওয়া হবে না। তাদের কাছে ইসরায়েলি বিদ্যুত্ সরবরাহকারী প্রতিষ্ঠানের যে পাওনা আছে, তা ওই অর্থ থেকে পরিশোধ করা হবে।’গত সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে ‘পর্যবেক্ষক সদস্য রাষ্ট্রের’ মর্যাদা দিতে এক প্রস্তাবে ভোটাভুটি হয়। প্রস্তাবটি ১৩৯-৯ ভোটে পাস হয়। এ ঘটনার প্রেক্ষিতে ইসরায়েল রাজস্ব দেওয়া স্থগিত করল বলে মনে করা হচ্ছে। এছাড়াও ফিলিস্তিনের বিপক্ষে শাস্তিমূলক ব্যবস্থার অংশ হিসেবে নতুন করে পশ্চিম তীরে বসতি স্থাপনের ঘোষণা দিয়েছে ইসরায়েল।ইসরায়েলের দৈনিক পত্রিকা হারেরেস বলা হয়েছে, এ দফায় ইসরায়েল ফিলিস্তিনের প্রায় ১২ কোটি মার্কিন ডলার আটকে দিয়েছে। ফিলিস্তিনে বাজারজাত করার জন্য যেসব পণ্য ইসরায়েলের বন্দর দিয়ে ফিলিস্তিনে যায়, সেগুলো থেকে আমদানি-রপ্তানি শুল্ক হিসেবে বিপুল অর্থ আয় করে ইসরায়েল। এ থেকে প্রতিমাসে কোটি কোটি ডলার দেওয়া হয় ফিলিস্তিনকেও। দেশটির মোট বাজেটের একটি গুরুত্বপূর্ণ অংশ আসে এই অর্থ থেকে। ১৯৯৪ সালের প্যারিস চুক্তির আওতায় এ অর্থ বণ্টন করা হয়। কিন্তু, দেশ দুটির মধ্যে বিভিন্ন সময়ে কূটনৈতিক ও রাজনৈতিক সমস্যার উদ্ভব হলে, ফিলিস্তিনকে শায়েস্তা করতে তহবিল সরবরাহ স্থগিত করাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে ইসরায়েল।এর আগে বিভিন্ন সময়ে তহবিল স্থগিতের ঘটনায় ইতিমধ্যে ফিলিস্তিনের ওপরে নেতিবাচক প্রভাব পড়েছে। অর্থ সংকটের কারণে ফিলিস্তিন সরকার গত বছর থেকে সরকারি চাকুরিজীবীদের নিয়মিতভাবে বেতন দিতে পারছে না।