ফিলিস্তিনে শান্তি আলোচনার প্রধান মধ্যস্থতাকারীর পদত্যাগ
মধ্যপ্রাচ্য শান্তি আলোচনায় ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রধান মধ্যস্থতাকারী সায়েব ইরাকাত গতকাল শনিবার পদত্যাগ করেছেন। আল জাজিরা টেলিভিশনে মধ্যপ্রাচ্য শান্তিপ্রক্রিয়া-সংক্রান্ত গোপন নথি ফাঁস হওয়ার দায় স্বীকার করে তিনি পদত্যাগ করেছেন বলে বিবিসির খবরে বলা হয়েছে।ইসরায়েলের সঙ্গে শান্তি আলোচনায় ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রধান মধ্যস্থতাকারী হিসেবে সায়েব ইরাকাত একাধিক বৈঠকে নেতৃত্ব দিয়েছেন।সম্প্রতি মধ্যপ্রাচ্য শান্তিপ্রক্রিয়া সম্পর্কে আল জাজিরা টেলিভিশনে এক হাজার ৬০০ গোপন নথি ফাঁস হয়। ওই গোপন নথিগুলো ইরাকাতের দপ্তর থেকে ফাঁস হয়েছে বলে অভিযোগ ওঠে। তখন ইরাকাত ঘোষণা দেন, গোপন নথি যদি তাঁর দপ্তর থেকে ফাঁস হয়, তবে তিনি পদত্যাগ করবেন।পদত্যাগপত্রে ইরাকাত তাঁর দপ্তর থেকে ওই গোপন নথি ফাঁস হওয়ার কথা স্বীকার করেছেন। তিনি বলেছেন, তদন্তে দেখা গেছে, তাঁর দপ্তর থেকেই ওই নথি ফাঁস হয়েছে।তবে ফিলিস্তিনি নেতা মাহমুদ আব্বাস এখনো ইরাকাতের পদত্যাগপত্র গ্রহণ করেননি। ইরাকাত এর আগেও পদত্যাগ করেছিলেন।এদিকে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ঘনিষ্ঠ সহযোগী ইয়াসির আবেদ রাব্বো গতকাল শনিবার বলেছেন, আগামী সেপ্টেম্বরের আগেই সেখানে প্রেসিডেন্ট ও আইনসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। রাব্বো বলেন, ‘আগামী সেপ্টেম্বরের আগেই প্রেসিডেন্ট ও আইনসভা নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ফিলিস্তিনির নেতৃত্ব।’ তবে হামাস তাদের এই আহ্বান প্রত্যাখ্যান করেছে।