ফিলিস্তিনের জন্য ত্রাণবাহী জাহাজ আটকে দিল ইসরায়েল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূমধ্যসাগরে ফিলিস্তিন-সমর্থক একদল আন্তর্জাতিক মানবাধিকারকর্মীর জাহাজ আটকে দিয়েছে ইসরায়েল। ইসরায়েলি নিষেধাজ্ঞা লঙ্ঘন করে গাজা উপত্যকায় প্রবেশ করতে চাইলে জাহাজটি আটক করা হয়। আজ শনিবার ইসরায়েলের সামরিক বাহিনীর এক মুখপাত্র এ কথা জানান। ওই মুখপাত্র বলেন, ইসরায়েলি নৌবাহিনী ‘এসভি এস্টেলা’ নামের জাহাজটিকে ফিলিস্তিনি সীমানায় যেতে বাধা দিলেও তারা তা উপেক্ষা করে। পরে এটি ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় বন্দর আশদুদে নিয়ে যাওয়া হয়।রয়টার্সের খবরে বলা হয়, এস্টেলায় ইউরোপ, কানাডা ও ইসরায়েলের ৩০ জন মানবাধিকারকর্মী ছিলেন। তাঁরা ওই জাহাজে সিমেন্ট ও শিশুদের পড়ার বই বহন করছিলেন।জাহাজে করে হামাস বা ফিলিস্তিনের কোনো জঙ্গি সংগঠনের কাছে অস্ত্র পাচার করা হচ্ছে, এমন অজুহাত দেখিয়ে বিভিন্ন সময় ফিলিস্তিনগামী জাহাজে বাধা দিয়ে আসছে ইসরায়েল। দীর্ঘদিন ধরে ইসরায়েল ও মিসর তাদের ভূমি ব্যবহার করে গাজায় সব ধরনের মানবিক ও সামরিক সহায়তা পৌঁছানোর পথ বন্ধ করে রেখেছে। ফিলিস্তিনের দাবি, এ ধরনের বাধা গাজার ১৬ লাখ মানুষের ওপর এক ধরনের নিপীড়ন।