ফিলিস্তিনের পক্ষে ভোটে অংশ নেবে না যুক্তরাজ্য
জাতিসংঘে ‘পর্যবেক্ষক দেশ’ থেকে ‘ভোটাধিকারহীন সদস্যদেশ’-এর মর্যাদা পেতে চায় ফিলিস্তিন। এ নিয়ে আগামীকাল বৃহস্পতিবার সাধারণ পরিষদে ভোটাভুটির কথা রয়েছে। এই ভোটে সাধারণ পরিষদের স্থায়ী পাঁচ সদস্যের অন্যতম যুক্তরাজ্য অংশ নেওয়া থেকে বিরত থাকতে পারে। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ বলেন, যুক্তরাজ্য ফিলিস্তিনের বিপক্ষে ভোট দেবে না। তবে যুক্তরাজ্য চায় কোনো ‘পূর্বশর্ত ছাড়া’ ইসরায়েলের সঙ্গে সমঝোতায় যাক ফিলিস্তিন। কিন্তু ফিলিস্তিনের পক্ষ থেকে এ নিশ্চয়তা না পেলে যুক্তরাজ্য ভোট দেওয়া থেকে বিরত থাকবে। এর আগে গত সপ্তাহে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছিলেন, ভোটাধিকারহীন সদস্যদেশ হওয়ার বিষয়টি নিয়ে ফিলিস্তিন ভোটাভুটিতে যাক, এমনটি চায় না যুক্তরাজ্য। তাঁর মতে, ভোটাভুটিতে যাওয়ার ফলে শান্তি আলোচনার পথ বন্ধ হয়ে যেতে পারে। ক্যামেরন আরও বলেন, জাতিসংঘ স্থায়ী শান্তির মধ্যস্থতা করবে না। কেবল ওই দুই পক্ষের আলাপ-আলোচনার মাধ্যমেই তা সম্ভব।বিবিসির খবরে বলা হয়, ইউরোপীয় দেশ ফ্রান্স, স্পেন ও নরওয়ে ফিলিস্তিনের কূটনৈতিক মর্যাদা উন্নীত করার আবেদনে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছে। এতে বলা হয়, ১৯৩ সদস্যের সাধারণ পরিষদে ফিলিস্তিনের আবেদনটি গৃহীত হতে পারে। আর এমনটি হলে জাতিসংঘের বিভিন্ন বিতর্কে অংশ নিতে পারবে ফিলিস্তিন। এ ছাড়া আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) মতো বিভিন্ন সংস্থায়ও যোগ দিতে পারবে তারা। ফিলিস্তিন স্বাধীনতা সংস্থার (পিএলও) মতে, ১৩০টির বেশি দেশ ফিলিস্তিনকে সার্বভৌম দেশের মর্যাদা দিতে সম্মত হয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ফিলিস্তিনের এ অবস্থানের বিপক্ষে।