ফিলিস্তিনের প্রধানমন্ত্রীর পদত্যাগ
ফিলিস্তিনের প্রধানমন্ত্রী সালাম ফায়েদ পদত্যাগ করেছেন। তাঁর পদত্যাগপত্র গতকাল শনিবার গ্রহণ করেছেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।বিবিসি অনলাইন জানায়, দীর্ঘদিন ধরে মাহমুদ আব্বাসের সঙ্গে সালাম ফায়েদের বিরোধ চলছিল। ফায়েদ ব্যক্তিগতভাবে আব্বাসের সঙ্গে দেখা করে পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্র গ্রহণ করে নতুন সরকার গঠনের আগ পর্যন্ত ফায়েদকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে থাকতে অনুরোধ করেছেন প্রেসিডেন্ট।অনেকেই মনে করছেন, ফায়েদের এই পদত্যাগের ফলে ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনের শান্তি প্রক্রিয়া পুনরায় শুরু করা ব্যাহত হতে পারে।গত মাসে অর্থমন্ত্রী নাবিল কাসিস পদত্যাগ করেন। এর পর থেকে অর্থনৈতিক নীতিমালা নিয়ে ফায়েদের সঙ্গে আব্বাসের বিরোধ চরম আকার ধারণ করে। তখন থেকেই ফায়েদের পদত্যাগের গুজব রটে। তবে শেষ পর্যন্ত পদত্যাগ করলেন তিনি। ফায়েদের পদত্যাগের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে হামাস।২০০৭ সাল থেকে ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন ফায়েদ।