ফিলিস্তিনের প্রস্তাবে ভেটো দেবেন, জানিয়ে দিলেন ওবামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুসলিম বিশ্বের কাছে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা যে ফিলিস্তিনিদের বন্ধু নন, তা এবার নিজ মুখেই জানিয়ে দিলেন। জাতিসংঘে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির প্রস্তাব তোলা হলে নিশ্চিতভাবে যুক্তরাষ্ট্র তাতে ভেটো দেবে বলে মাহমুদ আব্বাসের মুখের ওপর জানিয়ে দিয়েছেন ওবামা। গতকাল বুধবার নিউইয়র্কে ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে মধ্যপ্রাচ্যের সংকট নিয়ে বৈঠকে তিনি তাঁর এ অনড় অবস্থান ব্যক্ত করেছেন বলে বিবিসি অনলাইনে জানানো হয়েছে।একই দিন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গেও বৈঠক করেছেন ওবামা। ওই বৈঠকে তিনি নেতানিয়াহুর কাছে ফিলিস্তিন রাষ্ট্রের ব্যাপারে যুক্তরাষ্ট্রের অবস্থান পরিষ্কার করেছেন।জাতিসংঘের সাধারণ পরিষদের ভাষণেও ফিলিস্তিন রাষ্ট্রের ব্যাপারে ওবামা অনড় মনোভাব ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, ‘মধ্যপ্রাচ্যে দশকের পর দশক ধরে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে চলমান সংঘাতের কোনো সহজ সমাধান নেই। আলোচনাই একমাত্র সমাধান।’ফিলিস্তিন রাষ্ট্রের কঠোর বিরোধিতা এবং ইসরায়েলের প্রতি অকুণ্ঠ সমর্থনে ওবামার প্রতি ভীষণ প্রসন্ন তেল-আবিব। ইসরায়েলকে সমর্থন দেওয়ার জন্য ওবামার ভূয়সী প্রশংসা করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, ওবামা বড় ধরনের সম্মান পাওয়ার দাবি রাখেন।পূর্ণাঙ্গ ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি অর্জনের ব্যাপারে ওবামার তীব্র বিরোধিতা সত্ত্বেও মাহমুদ আব্বাস জাতিসংঘে এ-সংক্রান্ত প্রস্তাব উত্থাপনের ব্যাপারে এখনো অনড়। কাল শুক্রবার তিনি জাতিসংঘে ভাষণ দেবেন। ভাষণ শেষে তিনি এ-সংক্রান্ত একটি লিখিত প্রস্তাব জাতিসংঘের মহাসচিবের কাছে পেশ করবেন।তবে ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি বলেছেন, ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতির প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত উসকে দিতে পারে।