ফিলিস্তিনের বিরুদ্ধে সক্রিয় যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনের রাষ্ট্র-স্বীকৃতির প্রস্তাব প্রত্যাখ্যান করার জন্য নিরপেক্ষ সদস্যদের প্রভাবিত করতে কাজ করছে যুক্তরাষ্ট্র। ফক্স নিউজ তাদের সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে।গতকাল সোমবার বিকেলে ফিলিস্তিন বিষয়ে নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাষ্ট্র নিরাপত্তা পরিষদের নিশ্চুপ সদস্যদের বোঝাতে চেষ্টা করছে, ফিলিস্তিনের রাষ্ট্র-স্বীকৃতিপ্রাপ্তির এটা সঠিক সময় নয়। মতভেদ সমাধানে এই মুহূর্তে উভয় পক্ষের আলোচনার টেবিলে আসা দরকার।যুক্তরাষ্ট্র কেবল তাদের ভেটোশক্তি ব্যবহার করেই নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনের রাষ্ট্র-স্বীকৃতির প্রস্তাব প্রত্যাখ্যান করতে পারে। তারা তা করবে বলে ঘোষণাও দিয়েছে। তবে মার্কিন কূটনীতিকেরা মনে করছেন, এ পদক্ষেপে কোনো বিশেষ অঞ্চলে যুক্তরাষ্ট্রের সুনাম ক্ষুণ্ন হতে পারে। তাই তাঁরা ভেটো দেওয়ার বিষয়টি এড়াতে চাচ্ছেন।ফক্স নিউজে বলা হয়েছে, নিরাপত্তা পরিষদে চীন, ব্রাজিল, রাশিয়া, ভারত, লেবানন ও দক্ষিণ আফ্রিকা—এই ছয়টি সদস্য ফিলিস্তিনের রাষ্ট্র-স্বীকৃতির প্রস্তাবের পক্ষে ভোট দিতে পারে।যুক্তরাষ্ট্র ছাড়াও যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও পর্তুগাল এই প্রস্তাবে বিপক্ষে ভোট দিতে পারে বা ভোট দানে বিরত থাকতে পারে।তবে নিরাপত্তা পরিষদের যেসব সদস্য এখন এ প্রস্তারে পক্ষে বা বিপক্ষে যাওয়ার বিষয়ে কোনো ইঙ্গিত দেয়নি, তাদের নিজেদের পক্ষে নিয়ে আসার জন্য জোর চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। এ সদস্যগুলোর মধ্যে রয়েছে—বসনিয়া, কলম্বিয়া, নাইজেরিয়া ও গ্যাবন।নিরাপত্তা পরিষদে কোনো প্রস্তাব পাস হওয়ার জন্য কমপক্ষে নয়টি ভোট দরকার। এর চেয়ে কম ভোট পড়লে প্রস্তাব নাকচ হয়ে যায়। তবে নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে পাঁচটি স্থায়ী রাষ্ট্রের কোনো একটি ‘না’ ভোট দিলে প্রস্তাব নাকচ হয়ে যাবে।ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস জাতিসংঘের কাছে রাষ্ট্রের স্বীকৃতি চেয়ে আবেদন করেছেন। প্রথম থেকেই যুক্তরাষ্ট্র এ প্রস্তাবের বিরোধিতা করে আসছে।