ফিলিস্তিনের ২ শতাধিক লক্ষ্যবস্তুতে ইসরায়েলি হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিস্তিনের গাজা উপত্যকার ২০০-র বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল। গতকাল বুধবার হামাসের সামরিক শাখার প্রধান আহমেদ জাবারি হত্যার পর থেকে এসব হামলা চালানো হয়েছে। ইসরায়েলের সেনাবাহিনীর একজন মুখপাত্র আজ বৃহস্পতিবার তথ্য নিশ্চিত করেছেন।গাজার ক্ষমতাসীন ইসলামিস্ট মুভমেন্টের সংবাদ সংস্থা সাফা জানায়, গাজা উপত্যকার দক্ষিণে ইসরায়েলি হামলায় কাসাম ব্রিগেডের তিনজন নিহত হয়েছেন। এ নিয়ে হামলায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১১-তে।সংবাদ সংস্থাটি জানায়, হামলায় নিহত লোকজনের মধ্যে একজন গর্ভবতী নারী ও দুটি শিশু রয়েছে। বুধবার বিকেলে হামলা শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ১০০ জনের বেশি মানুষ আহত হওয়ার খবরও জানায় সংস্থাটি। ইসরায়েলের সেনাবাহিনীর একজন মুখপাত্র জানান, ফিলিস্তিনে বিভিন্ন লক্ষ্যবস্তুতে এফ-১৬ যুদ্ধবিমান, অ্যাপাচি হেলিকপ্টার, যুদ্ধজাহাজ ও নৌজাহাজ থেকে হামলা চালাচ্ছে ইসরায়েল। গতকাল মধ্যরাতের আগেই ১০৫টি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়। আর রাতভর হামলা হয় আরও ১০৫টি লক্ষ্যবস্তুতে।এদিকে বুধবার থেকে ইসরায়েলের হামলার পাল্টা জবাব দিচ্ছে হামাসও। গাজা শহরের আশপাশের ৪০ কিলোমিটার পর্যন্ত বিভিন্ন নগর ও শহরে সাইরেনের শব্দ শোনা যাচ্ছে। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, তারা এ পর্যন্ত দক্ষিণ ইসরায়েলে ছোড়া ফিলিস্তিনের সশস্ত্র দলগুলোর ৩১টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। এ ছাড়া গাজা উপত্যকার বিভিন্ন স্থানে বিমানে করে প্রচারপত্রও বিলি করা হয়েছে ইসরায়েলের পক্ষ থেকে। ‘গাজা উপত্যকার বাসিন্দাদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা’ শিরোনামের এ প্রচারপত্রে হামাসসহ অন্যান্য সন্ত্রাসী সংগঠনের আশ্রয়স্থল থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে।