ফিল্ডিং নিয়ে মঞ্চে রোডস
৫২ টেস্টে ২৫৩২ রান, ২৪৫ ওয়ানডেতে ৫৯৩৫। ওয়ানডেতে ১৯৫টি ক্যাচ। তবে এই পরিসংখ্যান দিয়ে একজন জন্টি রোডসকে চেনা যাবে না। যখন আসবে ফিল্ডিং প্রসঙ্গ, জন্টি রোডস কিংবদন্তি। দুর্দান্ত সব রান আউট, ক্যাচ...জন্টি রোডস মানেই ছিল অসাধারণ ফিল্ডিং। ১৯৯২ বিশ্বকাপে শর্ট পয়েন্টে ডাইভ দিয়ে কি দুর্দান্তভাবেই না ইনজামামকে রান আউট করেছিলেন, এখনো অনেকের চোখে ভাসে।ফিল্ডিংকে অন্য উচ্চতায় নিয়ে যাওয়া এই দক্ষিণ আফ্রিকান এবার বিশ্বকাপে কেনিয়ার ফিল্ডিং কোচ। গত বছর অক্টোবরে দায়িত্ব নিয়ে চেষ্টা করছেন কেনিয়ার ফিল্ডিংয়ে উন্নতির ছোঁয়া দিতে। তবে বিশ্বকাপের প্রথম ম্যাচটায় কেনিয়া মাত্র ৬৯ রান করায় ফিল্ডিংয়ের সময় খুব একটা পায়নি। ফিল্ডিংয়ে নামতে নামতেই মাত্র ৮ ওভারেই ম্যাচ শেষ, নিউজিল্যান্ডের কাছে কেনিয়া হারল ১০ উইকেটে!কেনিয়াকে নিয়ে রোডস কত দূর কী করতে পারবেন কে জানে। তবে তাঁর ধারণা, এবারের বিশ্বকাপে ফিল্ডিং অনেক বড় পার্থক্য গড়ে দিতে পারে। দক্ষিণ আফ্রিকার হয়ে তিনটি বিশ্বকাপে খেলা রোডস স্বাভাবিকভাবেই ফিল্ডিংয়ের ওপর দিচ্ছেন বাড়তি গুরুত্ব, ‘নক আউট পর্বে উঠতে হলে মাঠে কঠিন পরিশ্রম করার বিকল্প কিছু নেই।’ফিল্ডিং ও ফিটনেসের ব্যাপারগুলো স্বাভাবিকভাবেই দলের ভেতরে থাকতে হবে, বলছেন রোডস, ‘১৯৯২ সালে যখন আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরি, তখন এই একটা ব্যাপারই আমাদের মধ্যে ছিল, যেখানে অন্যদের ছাড়িয়ে গিয়েছিলাম আমরা।’ কেনিয়ায় বেশ কিছু ভালো ফিল্ডার আছে, যাদের নিয়ে বেশ উচ্ছ্বসিত রোডস, ‘এখানে এমন কিছু ভালো ফিল্ডার আছে, যারা অলিম্পিকের ৮০০ মিটার সোনা জিততে পারে।’তা যতই হোক, বিশ্বের সবচেয়ে ভালো ফিল্ডিং দল হিসেবে এখনো দক্ষিণ আফ্রিকাকেই প্রশংসাপত্র দিচ্ছেন, ‘ওরা এখনো দুর্দান্ত।’ আর বিশ্বের সেরা ফিল্ডার দেখছেন এ বি ডি ভিলিয়ার্সকে। দুবাইয়ের গ্লোবাল ক্রিকেট একাডেমিতেও কাজ করছেন এই ফিল্ডিং কোচ। সেখানকার অভিজ্ঞতাও দারুণ রোডসের, ‘হল্যান্ড ও আয়ারল্যান্ডের সঙ্গে গ্লোবাল ক্রিকেট একাডেমিতে কাজ করে মুগ্ধ। নেটের বাইরে তাদের বের করাটা কঠিন ছিল। তাদের উৎ সাহ দেখে মনে হয় ক্রিকেট সঠিক পথেই এগুচ্ছে।’ ওয়েবসাইট।