ফিল্মফেয়ারে জয়জয়কার ‘জিন্দেগি না মিলেগি দোবারা’র
৫৭তম ফিল্মফেয়ার পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত সবাইকে রীতিমতো চমকেই দিয়েছে জয়া আখতারের ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ ছবিটি। হূতিক রোশন অভিনীত জিন্দেগি না মিলেগি দোবারা ছবিটি ফিল্মফেয়ারের সাতটি বিভাগে পুরস্কার জিতেছে। সেরা ছবি, পরিচালক, সংলাপ, সেরা পার্শ্ব চরিত্র (পুরুষ), সমালোচকদের বিচারে সেরা ছবি, চিত্রনাট্য এবং কোরিওগ্রাফিতে পুরস্কার জিতেছে ছবিটি। জিন্দেগি না মিলেগি দোবারা ছবিটির জন্য সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন জয়া আখতার। তাঁর হাতে পুরস্কার তুলে দেন সুভাষ ঘাই। সেরা ছবি বিভাগে পুরস্কার তুলে দেন মাধুরী দীক্ষিত। সেরা পার্শ্ব চরিত্রের জন্য পুরস্কার পেয়েছেন ফারহান আখতার এবং সেরা সংলাপের পুরস্কারটিও গেছে ফারহান আখতারের ঝুলিতেই। তাঁর হাতে পুরস্কার তুলে দেন বলিউডের হালের সেনসেশন অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং।ফারহান আক্তার বলেন, ‘অনেক ভালো লাগছে। জয়া, রিনাকে দারুণ একটি গল্প ও চিত্রনাট্য তৈরির জন্য ধন্যবাদ।’