ফিল্মফেয়ারে সেরা রণবীর-বিদ্যা
৫৭তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন রণবীর কাপুর এবং সেরা অভিনেত্রী হয়েছেন বিদ্যা বালান। ‘রকস্টার’ ছবিতে অভিনয়ের জন্য সেরা পুরস্কার গেছে রণবীরের ঝুলিতে আর ‘ডার্টি পিকচার’ ছবির জন্য পুরস্কার জিতেছেন বিদ্যা।রণবীর অভিনীত ‘রকস্টার’ ছবিটি পুরস্কার জিতেছে পাঁচটি বিভাগে। এ ছবিটি সেরা অভিনেতা, সমালোচকদের দৃষ্টিতে সেরা অভিনেতা, সংগীতপরিচালক, সংগীত ও কণ্ঠশিল্পী (পুরুষ) বিভাগে সেরার পুরস্কার জিতেছে।রণবীরের হাতে সেরা অভিনেতার পুরস্কার তুলে দেন অভিনেত্রী রেখা এবং পরিচালক যশ চোপড়া। সেরা অভিনেতার পুরস্কার জেতার পর রণবীর কাপুর বলেন, ‘আমি ছোটবেলা থেকেই সেরা অভিনেতার পুরস্কার জিতে নিতে চেয়েছি। এবার চতুর্থবারের মতো পুরস্কার পেলাম আমি। মনে হচ্ছে, আমার প্রতিটি স্বপ্নই বাস্তব হচ্ছে। বেশ ভালো লাগছে। রকস্টার ছবিতে আমাকে সুযোগ দেওয়ার জন্য ইমতিয়াজ স্যারকে ধন্যবাদ।’বিদ্যা বালানের হাতে সেরা অভিনেত্রীর পুরস্কার তুলে দেন শ্রীদেবী ও বনি কাপুর। বিদ্যা তাঁর প্রতিক্রিয়ায় বলেন, ‘আজকের রাত নারীদের জন্য নিজেকে জানানোর রাত। আমার জীবনের সঙ্গে জড়িত সব নারীর জন্যই এ পুরস্কার। ডার্টি পিকচার ছবির দলটির সবার জন্যই এ পুরস্কার।’