ফিস্কল ক্লিফ কী
মার্কিন অর্থনৈতিক মন্দায় জনগণের ওপর কর বাড়ানো ও ব্যয়সংকোচন-নীতিকে সংক্ষেপে বলা হয় ‘ফিস্কল ক্লিফ’। কোনো একটি দেশের অর্থনৈতিক অবস্থার পরিবর্তনকে বা প্রবৃদ্ধিকে পাহাড়ে ওঠার সঙ্গে তুলনা করলে পাদদেশ-শিখা-পাদদেশ পাওয়া যায়। অর্থাত্ অর্থনীতির গতি ক্রমে বৃদ্ধি পায় এবং একসময় সেটির পতন হয়। পতনটি শুরু হয় পাহাড়ের শীর্ষে ওঠার পর। পাহাড়ের শীর্ষবিন্দুকে ইংরেজিতে ক্লিফ বলা হয়। সব শর্তসাপেক্ষে ফিস্কল বা অর্থনীতির অবস্থার সবচেয়ে বিপজ্জনক অবস্থাই হলো ফিস্কল ক্লিফ। কারণ এরপরই হুড়মুড় করে ধস নামে অর্থনীতিতে। এ রকম অবস্থায় ব্যয় সংকুলানের জন্য সরকার নাগরিকদের ওপরে কর বসায় এবং বিভিন্ন নাগরিক সুবিধা কমিয়ে দেয়। এর ফলে নাগরিকেরা মৌলিক চাহিদা মেটাতে বা কোনো রকমে বেঁচে থাকার জন্য যেটুকু প্রয়োজন, কেবল তা-ই কেনে। এ কারণে কোনো একটি দেশের বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়। এর পরবর্তী ফল হিসেবে উত্পাদনকেন্দ্র বা কারখানা বন্ধ হয়ে যায়, অনেক মানুষ বেকার হয়, দারিদ্র্য বৃদ্ধি পায় এবং মানুষের ক্রয়ক্ষমতা আরও কমে যায়। পরিস্থিতি সামাল দিতে রাষ্ট্র জনস্বার্থে ব্যয়িত অর্থের পরিমাণ কমাতে থাকে, কর আরোপ করতে থাকে, ব্যাংক ও অন্যান্য প্রতিষ্ঠান থেকে ঋণ নিতে থাকে। এর ফলে বাড়তে থাকে বাজেট ঘাটতি। এমন চলতে থাকলে ব্যাংকগুলো রাষ্ট্রকে ঋণ দিতে দিতে দেউলিয়া হয়ে যেতে পারে। ফলে অনেক মানুষ ব্যাংকে জমানো টাকাও পায় না। এটা নতুন সংকটের জন্ম দেয়। মোট কথা, দেশের অর্থনীতি একটি দুষ্টুচক্রে ঢুকে যায়। ‘নিউইয়র্ক টাইমস’ ১৯৫৭ সালে প্রথমবারের মতো ‘ফিস্কল ক্লিফ’ শব্দজোড়টি ব্যবহার করে। ২০১২ সালের ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ বা কেন্দ্রীয় ব্যাংকের চেয়ারম্যান বেন বারনাঙ্ক শব্দজোড়টি বারবার ব্যবহার করে এটিকে জনপ্রিয় করে তোলেন।যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক কর্মপরিকল্পনা বিষয়ে সবচেয়ে বড় দুটি দল ডেমোক্রেটিক ও রিপাবলিকান পার্টির মধ্যকার সমঝোতাকে বলা হচ্ছে ‘ফিস্কল ক্লিফ চুক্তি’। অধিকাংশ জনগণের ওপর কর বাড়ানো ও ব্যয়সংকোচন-নীতিকে দুই মাসের জন্য ঠেকিয়ে রাখতে ডেমোক্রেটিক পার্টির প্রস্তাবে একমত হয় রিপাবলিকান পার্টি। এর মধ্য দিয়ে আপাতত ফিস্কল ক্লিফকে এড়ানো সম্ভব হলো।গোড়ার কথা২০০১ সালে মার্কিন অর্থনীতি যখন মন্দার কবলে পড়ে, তখন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ দেশটির জনগণের ওপরে করের বোঝা কমানোর উদ্যোগ নেন। এ জন্য তিনি ১ দশমিক ৭ বিলিয়ন ডলারের (প্রায় ১৩ হাজার ৫৫৭ কোটি টাকা) কর ছাড়ের পরিকল্পনা করেন। সে সময়ের সংবিধি অনুযায়ী, ২০১১ সালের শুরুতে এ নিয়মটি বাতিল হয়ে যাওয়ার কথা।তবে, ২০১০ সালে কংগ্রেসে সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকান পার্টি কর ছাড়ের সীমা আরও দুই বছর বৃদ্ধি করে। সে সময় রিপাবলিকান পার্টি আয়কর কমানোরও উদ্যোগ নেয়।২০১১ সালে প্রেসিডেন্ট বারাক ওবামা বাজেট ঘাটতি কমাতে রাষ্ট্রের ঋণ গ্রহণের সীমা বাড়ানোর উদ্যোগ নেন। কিন্তু, রিপাবলিকান পার্টি বাদ সাধে। পরে, ওবামার ডেমোক্রেটিক পার্টি রিপাবলিকান পার্টির সঙ্গে সমঝোতায় আসতে বাধ্য হয়। চুক্তি হয়, ২০১২ সালের ৩১ ডিসেম্বরে কর ছাড়ের নিয়ম তুলে দেওয়া হবে। এরপর গত দুই বছর এ নিয়ে দুই দলের মধ্যে ক্রমাগত বিতর্ক চলে আসছিল।