ফুঁসছে ভারত, পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণধর্ষণের শিকার মেডিকেল-শিক্ষার্থীর মৃত্যুতে ভারতজুড়ে বিক্ষোভ চলছে। আজ রোববার রাজধানী নয়াদিল্লির যন্তরমন্তরে জড়ো হওয়া বিক্ষোভকারীরা পুলিশের অবরোধ ভাঙার চেষ্টা করে। এতে পুলিশ বাধা দিলে ব্যাপক সংঘর্ষ শুরু হয়।‘টাইমস অব ইন্ডিয়া’ জানায়, গণবিক্ষোভের আশঙ্কায় পুলিশ রাজধানীসহ সারা দেশে নিরাপত্তা জোরদার করেছে। এ ছাড়া রাজধানীর বিভিন্ন প্রতিবাদস্থলে কাঁটাতারের বেড়া দিয়ে অবরোধের সৃষ্টি করা হয়েছে। বিক্ষোভ সমাবেশে যোগ দেওয়া বেশির ভাগই ছাত্র-ছাত্রী। তারা যৌন নিপীড়নবিরোধী কঠোর আইন প্রণয়নের পক্ষে স্লোগান দেয়। ইন্ডিয়া গেট ও রাইসিনা হিলের সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ। সেখানে প্রবেশের সব সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। এ ছাড়া নয়াদিল্লির ১০টি মেট্রোস্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে।ইন্ডিয়া গেটে প্রতিবাদ সমাবেশে যোগ দিতে যাওয়া প্রবীণ পাণ্ডে নামের জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাতে চাই; আমরা এ প্রতিবাদকে এগিয়ে নিতে চাই; তাহলে পুলিশ কেন আমাদের বাধা দিচ্ছে?’ তিনি আরও বলেন, ‘পুলিশি ব্যারিকেড দিয়ে কিংবা মেট্রোস্টেশন বন্ধ করে আমাদের ক্ষোভ প্রশমন করতে পারবে না। আমরা প্রতিবাদ চালিয়ে যাব।’দীপালি শর্মা নামের আরেক শিক্ষার্থী বলেন, ‘আমরা গণধর্ষণের ঘটনায় দ্রুত বিচার চাই। এ বিষয়ে আমরা কঠোর আইন চাই। আমরা এ আন্দোলন চালিয়ে যাব।’১৬ ডিসেম্বর রাতে দিল্লিতে ২৩ বছর বয়সী ওই মেডিকেল-ছাত্রী গণধর্ষণের শিকার হন। এরপর তাঁকে ও তাঁর ছেলেবন্ধুকে বেদম মারধর করে দুর্বৃত্তরা। বন্ধুটিকে রড দিয়ে বেধড়ক পেটানো হয় এবং চলন্ত বাস থেকে তাঁদের ফেলে দেওয়া হয়। এরপর ওই ছাত্রীকে নয়াদিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি করা হয়। ওই হাসপাতালে ১০ দিন চিকিৎসার পর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে ২৭ ডিসেম্বর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে পাঠানো হয়। সেখানে গতকাল শনিবার স্থানীয় সময় ভোর চারটা ৪৫ মিনিটে মারা যান তিনি। আজ রোববার ভোরে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে।