ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আরেক চুল্লিতে বিস্ফোরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানে ভূমিকম্প ও সুনামিতে ক্ষতিগ্রস্ত ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আরেকটি চুল্লিতে আজ সোমবার বিস্ফোরণ হয়েছে। বিবিসি অনলাইন সে দেশের পারমাণবিক নিরাপত্তা সংস্থার বরাত দিয়ে জানিয়েছে, বিদ্যুৎকেন্দ্রেটির তিন নম্বর চুল্লিতে হাইড্রোজেন গ্যাস বেড়ে যাওয়ায় এ বিস্ফোরণ হয়ে থাকতে পারে।জাপানের টিভি ফুটেজে দেখা গেছে, ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের তিন নম্বর চুল্লি থেকে ধোঁয়ার কুণ্ডলী বের হচ্ছে। গত শনিবার ওই বিদ্যুৎকেন্দ্রের এক নম্বর চুল্লিতে বিস্ফোরণ ঘটেছিল।জাপানের বার্তা সংস্থা কিয়োডো বিদ্যুৎকেন্দ্রেটির পরিচালনা সংস্থা টোকিও ইলেকট্রনিক পাওয়ার কোম্পানির (টেপকো) উদ্ধৃতি দিয়ে জানায়, বিস্ফোরণে কয়েকজন শ্রমিক আহত হয়েছে। বার্তা সংস্থা জিজি জানিয়েছে, বিস্ফোরণের পর ছয় সেনাসহ সাতজন নিখোঁজ রয়েছেন। তেজস্ক্রিয়তা থেকে রক্ষা করতে বিদ্যুৎকেন্দ্রেটির আশপাশের ২০ কিলোমিটার এলাকা থেকে ৮০ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।কিয়োডো আরও জানায়, মিয়াগি জেলার উপকূল থেকে আজ দুই হাজার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এদিকে দেশটির এনএইচকে টেলিভিশন একজন পুলিশ কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ভূমিকম্প ও সুনামিতে ১০ হাজারের বেশি মানুষ নিহত হয়ে থাকতে পারে। এদিকে ফুকুশিমা এলাকাসহ প্রশান্ত মহাসাগরীয় উপকূলে নতুন করে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। কিয়োডো কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, নতুন এ সুনামি তিন মিটার (১০ ফুট) উচ্চতার হতে পারে। বিবিসি অনলাইনের খবরে বলা হয়েছে, এটি অল্প সময়ের মধ্যে উপকূলে আঘাত হানতে পারে।