ফুকুশিমার তেজস্ক্রিয়তা নিয়ে মিথ্যা বলতে শ্রমিকদের নির্দেশ!
ফুকুশিমা পারমাণবিক চুল্লির মাত্রাতিরিক্ত বিকিরণের সম্ভাবনা নিয়ে জনগণ ও প্রচারমাধ্যমকে মিথ্যা তথ্য দিতে শ্রমিকদের নির্দেশ দিয়েছে চুল্লিটির সংস্কারকাজে নিয়োজিত একটি ঠিকাদারিপ্রতিষ্ঠান। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে আজ শনিবার বলা হয়, বিল্ড-আপ নামের প্রতিষ্ঠানটির একজন কর্মকর্তা গত ডিসেম্বর মাসে ১০ জন শ্রমিকের একটি দলকে বিকিরণ মাপার যন্ত্র ডোসিমিটারগুলোকে সিসার বাক্সের ভেতর লুকিয়ে রাখতে আদেশ দেন। জাপানের আসাহি শিম্বান শীর্ষক সংবাদপত্র ও অন্য কয়েকটি প্রচারমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, সে সময় শ্রমিকেরা একটি উচ্চ বিকিরণ-সংবলিত এলাকায় কাজ করছিলেন। প্রতিবেদনে বলা হয়, উচ্চ বিকিরণের খবরটি প্রকাশিত হলে নির্মাণ প্রতিষ্ঠানটি যে কার্যাদেশ পেয়েছিল, তা বাতিল হওয়ার সম্ভাবনা ছিল। তাই শ্রমিকদের সত্য কথা বলতে নিষেধ করা হয়।২০১১ সালের ১১ মার্চে ৯ মাত্রার ভূমিকম্প ও সুনামির পর ফুকুশিমা দাইচি পারমাণবিক চুল্লিটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় এবং আশপাশের এলাকায় তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়ে। বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হয় প্রায় ১০ হাজার মানুষ।সংবাদপত্র আসাহি চুল্লিটির প্রধান পরিচালনা-প্রতিষ্ঠান টোকিও ইলেকট্রিক পাওয়ারকে (টেপকো) কঠোরভাবে নিরাপত্তা নিশ্চিত করতে আহ্বান জানায়। জাপানের প্রভাবশালী দৈনিকটি চুল্লিটি কাজের জন্য কতটুকু উপযোগী আছে, তা খুব ভালোভাবে খতিয়ে দেখতে সরকারকে আহ্বান জানিয়েছে। চুল্লিটিতে জনসাধারণের প্রবেশাধিকার নেই। সাংবাদিকেরা কদাচিত যেতে পারেন, তবে টেপকোর অনুমতি সাপেক্ষে তার কর্মকর্তাদের সঙ্গে নিয়ে।বিল্ড-আপের কয়েকজন শ্রমিক আসাহিকে বলেছেন, গত ডিসেম্বর মাসে অপর একজন কর্মকর্তা একটি প্রাতিষ্ঠানিক সভায় তাঁদের একই নির্দেশ দেন। শ্রমিকেরা সংবাদপত্রটিকে জানিয়েছেন, তাঁরা সভার কথাবার্তা রেকর্ড করে রেখেছিলেন। রেকর্ডে শোনা যায়, ওই কর্মকর্তা শ্রমিকদের বলছেন, ‘যদি আমরা ডোসিমিটারগুলোকে সিসার বাক্সে ঢুকিয়ে না রাখি তবে দেখা যাবে, কাজের এলাকায় তেজস্ক্রিয়তার মাত্রা অনেক বেশি। এ তথ্য জানাজানি হলে আমাদের কাজের নির্দেশও বাতিল হয়ে যাবে।’ তবে এরপর কয়েকজন শ্রমিক ডোসিমিটার লুকাতে অস্বীকার করেন এবং কাজ ছেড়ে চলে যান।বার্তা সংস্থা কিয়োডো নিউজে বলা হয়, ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত কাজ করার জন্য শ্রমিকদের নিয়োগ দেওয়া হয়েছিল। তাঁদের দায়িত্ব ছিল পানির পাইপগুলোকে বিদ্যুত্ অপরিবাহী পদার্থে ঢেকে দেওয়া। কয়েকটি সংবাদপত্র ও জিজি প্রেসের প্রতিবেদনে বলা হয়, স্বাস্থ্য, শ্রম ও কল্যাণবিষয়ক মন্ত্রণালয় অভিযোগ তদন্ত করতে শুরু করেছে। তবে স্বাস্থ্য মন্ত্রণালয় ও বিল্ড-আপের কর্মকর্তাদের যোগাযোগ করেও পাওয়া যায়নি।