ফুকুশিমায় তৃতীয় চুল্লিতে সর্বোচ্চ তেজস্ক্রিয়তা, ৪ নম্বরে আগুন জ্বলছে
জাপানে ক্ষতিগ্রস্ত ফুকুশিমা দিয়াচি পারমাণবিক বিদ্যুেকন্দ্রের তিন নম্বর চুল্লি এলাকায় আজ বুধবার সর্বোচ্চ মাত্রার তেজস্ক্রিয়তা নির্গমন রেকর্ড করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স বিদ্যুেকন্দ্রটির পরিচালনা সংস্থা টেপকোর বরাত দিয়ে এ কথা জানিয়েছে। কেন্দ্রটির পরিচালকেরা বলছেন, তবে এখন তেজস্ক্রিয়তার মাত্রা কম থাকায় কর্মীদের সেখানে ঢোকার অনুমতি দেওয়া হয়েছে। এর আগে আজ তেজস্ক্রিয়তা বেড়ে গেলে কর্মীদের বিদ্যুেকন্দ্র থেকে সাময়িকভাবে সরিয়ে নেওয়া হয়। পরিচালকেরা বলছেন, গ্রিনিচ মান সময় আড়াইটা পর্যন্ত সেখানে ১৮০ জন কর্মী ছিলেন।চার নম্বর চুল্লিতে এখনো আগুন জ্বলছে। গতকাল ওই চুল্লিতে আগুন ধরে যায়। তিন নম্বর চুল্লি থেকে সাদা ধোঁয়া বের হতে দেখা গেছে। কর্মকর্তারা বলছেন, সম্ভবত এটা পারমাণবিক জ্বালানি রড ঠান্ডা করতে যে পানি ঢালা হয়েছে তা বাষ্প হয়ে ধোঁয়ার আকারে বের হচ্ছে।জাপানের এনএইচকে টেলিভিশন জানিয়েছে, কর্তৃপক্ষ চার নম্বর চুল্লির আগুন নেভাতে সেখানে অগ্নিনির্বাপক গাড়ি ঢোকার জন্য বুলডোজার দিয়ে জরুরি পথ তৈরির পরিকল্পনা করছে। পাশাপাশি তিন নম্বর চুল্লির জ্বালানি রড ঠান্ডা করতে পানি ঢালতে একটি হেলিকপ্টার প্রস্তুত করা হচ্ছে। বিস্ফোরণে তিন নম্বর চুল্লির ছাদ ক্ষতিগ্রস্ত হয়।অস্ট্রেলিয়া তাদের জরুরি নয় এমন নাগরিকদের টোকিও ও দুর্যোগপূর্ণ এলাকা থেকে সরিয়ে নেওয়ার কথা ভাবছে। তুরস্ক তাদের নাগরিকদের জাপান ভ্রমণের ব্যাপারে সতর্ক করে দিয়েছে। আর ফ্রান্স টোকিওতে বসবাসরত ফরাসিদের জাপান ত্যাগ করা কিংবা দেশের দক্ষিণাঞ্চলে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে। ফ্রান্সের দুটি বিমান তাদের ফিরিয়ে আনতে টোকিওর পথে রওনা দিয়েছে।জাপানের কিয়োদো সংবাদ সংস্থা জানিয়েছে, টোকিওর উত্তরে ইবারাকি এলাকায় তেজস্ক্রিয়তার মাত্রা স্বাভাবিকের তুলনায় ৩০০ গুণ বৃদ্ধি পেয়েছে। তবে তা স্বাস্থ্য ঝুঁকি থেকে অনেক নিচে রয়েছে।কিয়োদো আরও জানায়, এক নম্বর চুল্লির জ্বালানি রডের ৭০ শতাংশ ক্ষতি হয়েছে। আর দুই নম্বর চুল্লির জ্বালানি রডের ৩৩ শতাংশ ক্ষতি হয়েছে।কর্তৃপক্ষ বলছে, এখনো কয়েক হাজার মানুষ নিখোঁজ। উত্তর-পূর্বাঞ্চলের অনেক অংশে খাদ্য ও পানির সংকট দেখা দিয়েছে। সেখানে প্রচণ্ড ঠান্ডার মধ্যেও প্রায় আট লাখ ৫০ হাজার বাড়িতে বিদ্যুত্ নেই।এখন অনেকে টোকিও ত্যাগ করছে। অনেকে আবার খাদ্য মজুদ করছে। আশঙ্কা করা হচ্ছে, মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যাবে। উপকূলীয় শহরগুলোতে উদ্ধারকর্মীরা এখনো অনুসন্ধান চালাচ্ছেন।