ফুকেটের কাছে বাংলাদেশি জাহাজ ডুবে নিখোঁজ ১১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরে আসার পথে থাইল্যান্ডের ফুকেটের কাছে আন্দামান সাগরে বাংলাদেশি জাহাজ ‘এমভি হোপ’ কাত হয়ে আংশিক ডুবে গেছে। জাহাজের ছয়জন নাবিককে উদ্ধার করা গেলেও সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ১১ জন নিখোঁজ রয়েছেন।জাহাজমালিকের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার ভোরে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় থাইল্যান্ডের ফুকেটের কাছাকাছি সাগরে জাহাজটি কাত হয়ে যায়। এ সময় ক্যাপ্টেন জাহাজটি বিপজ্জনক মনে করে পরিত্যক্ত ঘোষণা করলে নাবিকেরা সাগরে ঝাঁপ দেন।নাবিকদের মধ্যে পাঁচজন লাইফবোটে উঠে সাগরে নেমে পড়েন। পরে কাছাকাছি থাকা এমবি বাক্সমুন নামের একটি কনটেইনারবাহী জাহাজে উঠে প্রাণে রক্ষা পান তাঁরা। একজন নাবিককে সাগর থেকে থাইল্যান্ডের নৌবাহিনীর একটি হেলিকপ্টার জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। উদ্ধার হওয়া ছয়জন নাবিক হলেন জাহাজের চতুর্থ প্রকৌশলী মো. আবদুল হাকিম, ডেক ক্যাডেট মোখলেসুর রহমান ও আবু বকর সিদ্দিক এবং মো. রুবেল, আলী হোসেন ও সাইফুল ইসলাম।জাহাজটির মালিকপক্ষের তথ্য অনুযায়ী, নিখোঁজ ১১ নাবিক হলেন জাহাজের ক্যাপ্টেন রাজীব চন্দ্র কর্মকার, প্রধান কর্মকর্তা মো. মাহবুব মোর্শেদ, দ্বিতীয় কর্মকর্তা মোবারক হোসেন, ডেক ক্যাডেট ফাইজুর, প্রধান প্রকৌশলী কাজী সাইফুদ্দিন, দ্বিতীয় প্রকৌশলী মো. নেজাম উদ্দিন, ইঞ্জিন ক্যাডেট মুশফিকুর রহমান, ইলেকট্রিশিয়ান ছাদিম আলী, কেবি নাসির উদ্দিন, আলী হোসেন ও প্রধান কুক নাসির উদ্দিন।জাহাজটির মালিকপক্ষের স্বার্থ রক্ষাকারী প্রতিষ্ঠান (পিঅ্যান্ডআই ক্লাবের প্রতিনিধি) ইন্টারপোর্ট মেরিটাইম লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্যাপ্টেন মহিউদ্দিন আবদুল কাদের প্রথম আলো ডটকমকে বলেন, আজ বেলা তিনটার পর জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সন্ধ্যায় উদ্ধারকাজ স্থগিত করা হয়। আগামীকাল শুক্রবার সকালে নিখোঁজ নাবিকদের সন্ধানে আবার উদ্ধার কার্যক্রম শুরু হবে।বন্দর সূত্রে জানা গেছে, এমভি হোপ জাহাজটি মালয়েশিয়ার লুমুট বন্দর থেকে ছয় হাজার ৫৪৫ টন সিরামিক তৈরির কাঁচামাল ‘বল ক্লে’ নিয়ে চট্টগ্রাম বন্দরের দিকে আসছিল। এটি আগামী সোমবার বন্দরের বহির্নোঙরে আসার সময়সূচি ঘোষণা করেছিল জাহাজের স্থানীয় প্রতিনিধি আরগু শিপিং লাইন। ছোট আকারের এই জাহাজটির মালিক বাংলাদেশি প্রতিষ্ঠান ট্রেডব্রিজ শিপিং লাইন লিমিটেড। জাহাজটির দৈর্ঘ্য ৯৮ দশমিক ১৭ মিটার। পণ্য বোঝাইয়ের পর জাহাজটির পানির অংশে গভীরতা ছিল ৭ দশমিক ২ মিটার।জাহাজটি দুর্ঘটনার কারণ হিসেবে প্রাথমিকভাবে জানা গেছে, প্রচণ্ড ঢেউয়ের মুখে পড়ে জাহাজে বোঝাই করা কাদামাটির মতো পণ্য ‘বল ক্লে’ একদিকে সরে আসে। এতে জাহাজ ভারসাম্যহীন হয়ে পড়ে কাত হয়ে যায়।জাহাজটির নিবন্ধন প্রদানকারী প্রতিষ্ঠান নৌবাণিজ্য অধিদপ্তরের মুখ্য কর্মকর্তা ক্যাপ্টেন শফিকুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, ‘খারাপ আবহাওয়ার কারণে এমন দুর্ঘটনা ঘটেছে। নিখোঁজ নাবিকদের সন্ধানে থাইল্যান্ডের নৌবাহিনীর একটি দল উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে।’