ফুটপাত ঘিরে চাঁদাবাজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা কলেজের উল্টোদিকে ফুটপাতে টি-শার্ট বিক্রি করে সাইদুর রহমান। রোজা শুরুর পর থেকে প্রতিদিন ৫০০ টাকা করে চাঁদা দিতে হয়েছে তাঁর মতো অন্য সবাইকে। কয়েকজন তরুণ পুলিশের নাম করে এই চাঁদা আদায় করে। এ অভিযোগ নিউমার্কেট এলাকার ক্ষুদ্র ব্যবসায়ীদের।শুধু নিউমার্কেট নয়, পুরো রাজধানীর চিত্রই এ রকম। ঈদ সামনে রেখে চাঁদাবাজেরা আরও বেপরোয়া হয়ে উঠেছে।নগরের ভাসমান ব্যবসায়ী (হকার) ও তাদের সংগঠনগুলো, পুলিশ, স্থানীয় রাজনৈতিক নেতা—সবাই বলছে, ফুটপাতে চাঁদাবাজি হচ্ছে। তবে এ জন্য তারা একে অন্যকে দায়ী করছে। হকার নেতারা বলছেন, লাইনম্যানের (টাকা তোলার দায়িত্বে নিয়োজিত তরুণ) মাধ্যমে পুলিশ চাঁদাবাজি করছে। পুলিশ বলছে, রাজনৈতিক ছত্রচ্ছায়ায় চাঁদাবাজি হচ্ছে। রাজনৈতিক নেতারা নিজেদের আড়াল করে আঙুল তুলছেন পুলিশের দিকে।জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজীর আহমেদ প্রথম আলোকে বলেন, কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ দেওয়া হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। তা ছাড়া হকাররা রাস্তায় বসলে সেখানে একটা স্বার্থান্বেষী মহলের সৃষ্টি হয়। সেখানে যে শুধু পুলিশ জড়িত থাকে তা নয়, অন্যান্য চক্রও জড়িয়ে যায়। এখানে দুর্নীতির একটা ক্ষেত্র তৈরি হয়। তাই পুলিশ কখনোই চায় না অননুমোদিত স্থানে হকাররা বসুক। কিন্তু এর সঙ্গে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও মানবিক বাস্তবতার বিষয়গুলো এমনভাবে জড়িয়ে রয়েছে যে এসব হকার নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়া পুলিশের একার পক্ষে সম্ভব নয়।আওয়ামী লীগের কিছু স্থানীয় নেতার বিরুদ্ধেও চাঁদাবাজির অভিযোগ রয়েছে। এ ব্যাপারে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী প্রথম আলোকে বলেন, আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ সত্য নয়। আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের অনেক সদস্য হকার। তারা তাদের মতো ব্যবসা করছে। কেউ চাঁদাবাজি করছে না।তবে ঢাকা কলেজ ছাত্রলীগের নাম প্রকাশে অনিচ্ছুক একজন যুগ্ম আহ্বায়ক বলেন, তাঁদের সিদ্ধান্তের বাইরে কিছু ছেলে অনেক সময় দোকানগুলো থেকে দলের নাম ভাঙিয়ে টাকা নেয়। জিনিসপত্রও নিয়ে আসে। তবে বিভিন্ন জাতীয় ও দলীয় দিবসের কর্মসূচি উপলক্ষে তাঁরা ব্যবসায়ীদের কাছে গিয়ে টাকা চান বলে স্বীকার করেন তিনি। বলেন, ‘যারা দিতে চায় না, আমরা তাদের জোর করি না।’গত বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন পুলিশের বড়কর্তাদের নিয়ে রাজধানীর অন্যতম ঈদবাজার গাউছিয়া, ইস্টার্ন মল্লিকাসহ কয়েকটি বিপণিবিতান ঘুরে দেখেন। তখন গাউছিয়ায় কিছু হকার হাসিমুখে গণমাধ্যমের সামনে মন্ত্রীকে বলেন, তাদের কোনো চাঁদা দিতে হচ্ছে না। অথচ ওই দিনও দোকানপ্রতি ন্যূনতম ৫০০ টাকা করে চাঁদা তোলা হয়েছে বলে ব্যবসায়ীরা জানান।রাজধানীর বিভিন্ন বাজারে সরেজমিন অনুসন্ধানে জানা গেছে, ফুটপাতের ব্যবসায়ীরা বিনা বাক্য ব্যয়েই চাঁদা দিচ্ছেন। হকার নেতাদের অভিযোগ, চাঁদা তোলা হচ্ছে মূলত পুলিশের নামে। বারবার অভিযোগ করা সত্ত্বেও গোটা রোজার মাসে একজন চাঁদাবাজকেও গ্রেপ্তার করেনি পুলিশ।হকারদের ১০টি সংগঠনের জোট বাংলাদেশ হকার্স ঐক্য ফেডারেশনের কার্যকরী সভাপতি কামাল সিদ্দিকী প্রথম আলোকে বলেন, ফুটপাত থেকে চাঁদা আদায় হয় পুলিশের নামে। পুলিশের নিয়োগ করা লাইনম্যানরাই চাঁদা তোলে। পুলিশই ফুটপাতে হকার বসায়, তারাই টাকা তোলে। ফুটপাতে হকার বসানোর ক্ষমতা কোনো হকার সংগঠনের নেই। ঈদবাজারে হকার বেশি, টাকা দেওয়ার চাপও বেশি। লাইনম্যানরা বাড়তি টাকার লোভে মৌসুমি হকারদের রাস্তায় বসার ব্যবস্থা করে দেয়।কামাল সিদ্দিকীর দাবি, চাঁদার কারণে ফুটপাতে জিনিসপত্রের দাম সাত থেকে ১০ ভাগ বেড়ে যায়। তিনি বলেন, রাজধানীর আটটি জায়গায় সরকারই হকার বসানোর সিদ্ধান্ত নিয়েছিল। বৈধ স্থানগুলোতেও হকারদের চাঁদা দিতে হয়। চাঁদা না দিলে পুলিশ চৌকি বসাতে দেয় না, ছাউনি খুলে নিয়ে যায়।বাংলাদেশ হকার্স লীগের সভাপতি এম এ কাশেম বলেন, পুলিশকে চাঁদা না দিয়ে ফুটপাতে কোনো হকারই ব্যবসা করতে পারে না। অথচ স্বরাষ্ট্রমন্ত্রী বলে গেলেন কোনো চাঁদাবাজি নেই। আওয়ামী নামধারী সন্ত্রাসীরাও হকারদের কাছ থেকে কোথাও নিয়মিতভাবে, কোথাও বিভিন্ন কর্মসূচির নাম ভাঙিয়ে চাঁদা নেয়।এলিফ্যান্ট রোডের জুতার ব্যবসায়ী ইসরাফিল বলেন, ঈদের আগে ফুটপাতে এক চৌকির জন্য প্রতিদিন ন্যূনতম ৫০০ টাকা দিতে হচ্ছে। এ জন্য অতিরিক্ত চৌকিও বসানো হয়েছে।আরেক ব্যবসায়ী মো. হুসেন বলেন, ব্যবসায়ীরা টাকা না দিলে পুলিশ নানা রকম ঝামেলা করবে। একটা সময় ব্যবসা বন্ধ হয়ে যাবে। এই ভয়েই তাঁরা টাকা দেন।তবে পুলিশ বলছে, এসব মিথ্যা অভিযোগ। আবার স্থানীয় রাজনীতিবিদেরা বলছেন, পুলিশের অভিযোগ মিথ্যা।পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল হক বলেন, তাঁর থানার মধ্যে অনেক জায়গায় হকাররা বসে। এসব জায়গার মালিক হলো ঢাকা সিটি করপোরেশন। এখানে হকাররা বসে, তারা বিদ্যুৎ ব্যবহার করে—এসব বিষয়ে পুলিশের কোনো সংশ্লিষ্টতা নেই। সেখানে কিছু রাজনৈতিক লোকজন আছে। তাদের ছত্রচ্ছায়ায় এসব হতে পারে। এমনিতেই ফুটপাতে নিয়মিত কিছু হকার বসা সরকারও সমর্থন করে। আর ঈদের সময় ফুটপাতে হকারদের ভিড় বেশি হয়। কিন্তু এখানে পুলিশের কোনো সংশ্লিষ্টতা নেই।এসব বিষয়ে জানতে চাইলে পুলিশের রমনা বিভাগের উপকমিশনার কৃষ্ণপদ রায় প্রথম আলোকে বলেন, ‘এসব এলাকায় অনেক দিন থেকেই হকার আছে। তবে পুলিশের বিরুদ্ধে আমার কাছে কেউ চাঁদাবাজির অভিযোগ করেনি। আমি বলব, যদি কেউ পুলিশের পরিচয় দিয়ে টাকা আনতে যায় তবে ব্যবসায়ীরা যেন সরাসরি আমার কাছে আসেন। আর তাদের সঙ্গে সম্পর্ক না রাখার জন্যও বলব।’নিউমার্কেট থানার ওসি মুস্তাফিজুর রহমান বলেন, গোটা রোজার মাসে এ পর্যন্ত কেউ চাঁদাবাজির অভিযোগ নিয়ে থানায় আসেননি। বিপণিবিতান এলাকাগুলোতে পুলিশ কাজ করছে। রোজা শুরুর আগেই ব্যবসায়ী নেতাদের সঙ্গে পুলিশ কথা বলেছে। পুলিশের বিরুদ্ধে চাঁদা তোলার অভিযোগ অস্বীকার করেন তিনি।এ ব্যাপারে পুলিশের উপকমিশনার ইমতিয়াজ বলেন, মিরপুরে কোনো মার্কেটে চাঁদাবাজি নেই। তবে কেউ সন্ত্রাসীদের সঙ্গে খাতির ধরে রাখার জন্য বাসায় গিয়ে চাঁদা দিলে এখানে পুলিশের করার কিছু থাকে না।সরেজমিন ঘুরে এই প্রতিবেদন তৈরি করেছেন কামরুল হাসান, নজরুল ইসলাম, গোলাম মোর্তুজা ও কাজী আনিছ