দেশের অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের দুই পাশের ফুটপাত দখল করে রেখেছে বিভিন্ন কোম্পানির বাস, বাসের কাউন্টার, ফলের দোকান, হাত গণনাকারী জ্যোতিষী, কলম, খাতা, ব্রাশ ও ভিসিডির দোকান, এমনকি যৌন রোগের ওষুধ বিক্রয়কারী হকার। এ ছাড়া ফটকের সামনে বাহাদুর শাহ পরিবহনের ছোট ছোট গাড়ি লোক তোলার জন্য সব সময় দাঁড়িয়ে থাকে। ফলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং এর আশপাশের কয়েকটি স্কুলের শিক্ষার্থী, অভিভাবকদেরও প্রচণ্ড ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করে যাতায়াত করতে হয়। এ ক্ষেত্রে সবচেয়ে বেশি সমস্যা হয় মেয়েদের।ফুটপাত ছেড়ে রাস্তা দিয়ে চলার ফলে অনেক সময় ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনের দুই পাশের ফুটপাত দখলমুক্ত করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।মো. নাহিদ হাসানজগন্নাথ বিশ্ববিদ্যালয়, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ তৃতীয় বর্ষ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফুটপাতে অবৈধ দখলদার প্রসঙ্গে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সালাহউদ্দিন খান জানান, ফুটপাতে অবৈধ দখলদার উচ্ছেদে নিয়মিত অভিযান পরিচালনা করা হয়। তবে হকার আর ভাসমান দোকানগুলো উচ্ছেদের পর পরই আবার বসে যায়। সার্বক্ষণিক নজর দেওয়ার জন্য পুলিশের পর্যাপ্ত জনবল নেই। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিরাপত্তাকর্মীরা এ ক্ষেত্রে ব্যবস্থা নিতে পারে বলে তিনি পরামর্শ দেন।