ফুটপাত দখলমুক্ত করতে রাজধানীজুড়ে অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর সড়ক, অলিগলি ও ফুটপাত দখলমুক্ত করতে আজ রোববারও দিনভর অভিযান চালিয়েছে পুলিশ। রাজধানীর গুলশান, মিরপুর, গুলিস্তান, পুরান ঢাকাসহ বিভিন্ন এলাকায় থানা পুলিশ এ অভিযান চালায়। এর মধ্যে পুরান ঢাকায় সৈয়দ নজরুল ইসলাম সরণির রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করতে গিয়ে পুলিশ ও ব্যবসায়ীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। তবে অনেক এলাকায় এখনো অভিযান চলেনি বলে এলাকাবাসী অভিযোগ করেছে।মহানগর পুলিশের অতিরক্ত উপকমিশনার (জনসংযোগ) ওয়ালিদ হোসেন প্রথম আলোকে বলেন, রাজধানীজুড়ে এ অভিযান চালানো হয়েছে। কোথাও বড় ধরনের কোনো সমস্যা হয়নি।রাজধানীর সড়ক, অলিগলি ও ফুটপাত দখলমুক্ত করতে গতকাল শনিবার মহানগর পুলিশ সদর দপ্তর থেকে সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) নির্দেশ পাঠানো হয়। মহানগর পুলিশ কমিশনার এ কে এম শহীদুল হক স্বাক্ষরিত এই নির্দেশে মানুষের চলাচলে প্রতিবন্ধকতা দূর করার জন্য শনিবারের মধ্যে সব রাস্তা ও ফুটপাত থেকে অবৈধ নির্মাণসামগ্রী সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়। এ ছাড়া যেসব স্থানে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে হকাররা মালামাল বিক্রয় করে, সেখান থেকে হকারদের পুরোপুরি উচ্ছেদের নির্দেশ দেওয়া হয়। ঢাকা মহানগর পুলিশের ১৯৭৬-এর ৭২-ক ধারা মোতাবেক এই ব্যবস্থা নেওয়া হচ্ছে।তবে রাজধানীর অনেক এলাকাতেই এ নির্দেশনা মানা হয়নি বলে জানা গেছে। রাজধানীর কাজীপাড়া বাসস্ট্যান্ডের উত্তর দিকের ফুটপাতের ওপর সাইনবোর্ড লাগিয়ে একটি দলের কার্যালয় বানানো হয়েছে। সেখানে কোনো অভিযান চলেনি বলে এলাকাবাসী দাবি করেছে। তবে কাফরুল থানার ওসি দেলোয়ার আহমদ প্রথম আলোকে বলেন, ওই এলাকায় অভিযান চলেছে।পুরান ঢাকার সৈয়দ নজরুল ইসলাম সরণির লুত্ফর রহমান লেনে আজ বিকেল পৌনে তিনটার দিকে মামুন আয়রনের শ্রমিকেরা রাস্তা দখল করে মালামাল ট্রাকে উঠাতে থাকেন। এ সময় পুলিশ মালামাল সরানোর জন্য ব্যবসায়ীদের নির্দেশ দিলেও শ্রমিকেরা তা মানেননি। এ সময় পুলিশ দুজন শ্রমিককে গাড়িতে তুলে থানায় নেওয়ার চেষ্টা করে। পরে দোকানের মালিক মামুন এগিয়ে এলে তাঁর সঙ্গে পুলিশের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে উভয়ে উত্তেজিত হয়ে উঠলে হাতাহাতির ঘটনা ঘটে। পুলিশের ঘুষিতে ব্যবসায়ী মামুনের নাক দিয়ে রক্ত ঝরতে থাকে। এ খবর ছড়িয়ে পড়লে আশপাশের ব্যবসায়ীরা তাঁদের দোকানপাট বন্ধ করে রাস্তায় নেমে বিক্ষোভ করতে থাকেন। পরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা বংশাল চৌরাস্তায় তিনটি গাড়ি ভাংচুর করেন। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও র‌্যাব উপস্থিত হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।বংশাল থানার উপপরিদর্শক (এসআই) গৌতম রায় প্রথম আলোকে বলেন, দুই দিন ধরে তাঁরা রাস্তা ও ফুটপাত থেকে যানবাহন ও ব্যবসায়ীদের মালামাল উচ্ছেদের কাজ করছেন। আজও তাঁরা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে উচ্ছেদ করতে যান। তখন শ্রমিকদের সঙ্গে পুলিশের কথাকাটাকাটি হয়। পরে হাতাহাতিতে দোকানমালিক মামুন আহত হন। এ সময় প্রায় এক ঘণ্টা আশপাশের দোকানপাট বন্ধ ছিল। এ ঘটনায় পুলিশ কয়েকজন শ্রমিককে ধরে থানায় নিয়ে যায়। পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়।