ফুটপাত দখলের জন্য উচ্চবিত্ত-শিক্ষিতদের দুষলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফুটপাত দখলের জন্য উচ্চবিত্ত, শিক্ষিত ও সচেতন মানুষের কঠোর সমালোচনা করেছেন। এসব দখল বন্ধে সঠিকভাবে তদারক না করায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষেরও (রাজউক) সমালোচনা করেন তিনি। জাতীয় সংসদে আজ বুধবার প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর-পর্বে সরকারদলীয় সাংসদ সামশুল হক চৌধুরীর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, ‘রাজধানীতে সুউচ্চ ভবন তৈরি হচ্ছে। অথচ এসব ভবনে ঢোকার জন্য পর্যাপ্ত সড়ক আছে কি না তা লক্ষ করা হয় না। আগে একটি প্লটে একটি পরিবার থাকত, এখন সেখানে ৩০-৪০ বা আরও বেশি পরিবার থাকে। ফলে প্রতিটি পরিবারকে সব ধরনের প্রয়োজনীয় সহায়তা দেওয়া সম্ভব হয় না।’ তিনি বলেন, ‘গুলশান, বনানী, বারিধারাসহ বিভিন্ন অভিজাত এলাকায় দেখা যায়, প্রতিটি বাড়িতে ঢোকার বা তাদের পার্কিংয়ে যাওয়ার জন্য ফুটপাত দখল করে রাস্তা বানানো হয়েছে। তিনি বলেন, এসব এলাকায় সমাজের উচ্চবিত্ত, শিক্ষিত ও সচেতন মানুষ বাস করে। এরা দখল করছে। এ ক্ষেত্রে রাজউকেরও ব্যর্থতা আছে। তারা এ বিষয়গুলো যথাযথভাবে তদারক করছে না।’ পর্যাপ্ত ব্যবস্থা না থাকা সত্ত্বেও ভবন নির্মাণের ক্ষেত্রে অনুমতি দেওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করেন। নোয়াখালী-১ আসনে বিএনপির সাংসদ এ এম মাহবুব উদ্দিন খোকনের প্রশ্নের উত্তরে সংসদ নেতা বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত বন্ধুত্বপূর্ণ। সীমান্ত হত্যা বন্ধে ইতিমধ্যে বিজিবি ও বিএসএফের মধ্যে সীমান্ত সম্মেলনে, স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্রসচিব পর্যায়ের সম্মেলনে এ ধরনের হত্যার জন্য বাংলাদেশের পক্ষ থেকে জোর প্রতিবাদ জানানো হয়েছে। এসব সম্মেলনে ভারতের কাছ থেকে সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা বন্ধের প্রতিশ্রুতি পাওয়া গেছে। চারদলীয় জোট সরকারের সময়ে ২০০৬ সালে সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে ৯৫ জন, তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ২০০৭ সালে ৮৭ জন, বর্তমান সরকারের সময়ে ২০১১ সালে ৪৮ জন এবং ২০১২ সালের বুধবার পর্যন্ত ৩১ জন নিহত হয়েছে বলে প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে উল্লেখ করেন। তিনি বলেন, ‘সীমান্ত হত্যা যেন শূন্যে নামিয়ে আনা যায়, সে জন্য প্রচেষ্টা অব্যাহত আছে।’জাতীয় পার্টির হাফিজউদ্দিন আহমেদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সীমান্তে অহেতুক মানুষ হত্যা বন্ধে সীমান্তের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বাংলাদেশ-ভারত যৌথ টহল শুরু হয়েছে। এ ছাড়া এ দেশের মানুষকে সচেতন করতেও বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। রাতের বেলায় সীমান্তের দেড় শ গজের মধ্যে যেন না যায়, সে জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের দিয়ে সচেতনতামূলক কাজ চালানো হচ্ছে। তিনি বলেন, ‘সীমান্তে হত্যার পেছনে অনেক ঘটনা আছে। এগুলো বললে তা আমাদের ঘাড়েই এসে পড়বে।’আবদুল মতিন খসরুর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘ভারতের সীমান্তে বিভিন্ন ধরনের মাদকের কারখানা আছে। এ ব্যাপারে ভারত সরকারকে বলা হয়েছে। তারা কিছু কারখানা ধ্বংস করেছে। কিন্তু এগুলো একদিকে করা হলে অন্যদিকে আবার তৈরি হয়।’ তিনি সাংসদদের বলেন, ‘আপনাদের যাঁদের কাছে এ ধরনের কারখানার তালিকা আছে, তা সরকারকে দিন। সরকার ভারতকে দেবে ব্যবস্থা নেওয়ার জন্য।’