ফুটপাত মুক্ত করার নির্দেশ
রাজধানীর মত্স্য ভবন থেকে সেগুনবাগিচা এলাকায় চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী ফলের দোকান, ফেরিওয়ালা, বিক্রির জন্য প্রদর্শিত পণ্য, দোকান ও প্রতিষ্ঠান ২৪ ঘণ্টার মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।জয়েন্ট ট্রাফিক কমিশনার, ডেপুটি কমিশনার (দক্ষিণ), ডেপুটি ট্রাফিক কমিশনার (দক্ষিণ), দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক এবং রমনা ও শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতি এ নির্দেশ দেওয়া হয়েছে।আজ বুধবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি রেজাউল হক সমন্বয়ে গঠিত হাইকোর্টে এক অবকাশকালীন বেঞ্চ এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে এ আদেশ দেন। পাশাপাশি রুলও জারি করেন।একই সঙ্গে সেখানে চলাচলে প্রতিবন্ধতা সৃষ্টিকারী প্রতিষ্ঠান, স্থাপনা ও দোকান অপসারণের নির্দেশ কেন দেওয়া হবে না—তা রুলে জানতে চাওয়া হয়েছে। বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।চলাচলে প্রতিবন্ধকতা এড়াতে জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিসের পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ রিট আবেদনটি করেন এবং শুনানি করেন।প্রাথমিক শুনানি নিয়ে আদালত রুল জারির পাশাপাশি এ আদেশ দেন।পরে মনজিল মোরসেদ প্রথম আলো ডটকমকে বলেন, চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী রাস্তা ও ফুটপাতে থাকা দোকান ও প্রতিষ্ঠান মুক্ত করার জন্য রিটটি করা হয়। আদালতের আদেশের বিষয়টি জানিয়ে মনজিল মোরসেদ আরও বলেন, ফুটপাত ও রাস্তা মুক্ত রাখার বিষয়টি দেখতে একটি মনিটরিং টিম গঠন করেত পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি দুই সপ্তাহের মধ্যে আদালতে দাখিল করতে বলেন।