উত্তরা মডেল টাউনের পথচারীরা স্বস্তিতে নেই। কারণ, বেশির ভাগ পায়ে চলা পথেই রয়েছে হকার। কোথাও আবার রয়েছে নির্মাণসামগ্রী। এ জন্য পথচারীদের সড়কের ওপর দিয়ে যানবাহনের সঙ্গে পাল্লা দিয়ে চলতে হচ্ছে।ঘুরে দেখা গেছে, উত্তরার রাজলক্ষ্মী কমপ্লেক্স, এইচএম প্লাজা, আমির কমপ্লেক্স, হাউস বিল্ডিং, আজমপুর ফুটওভারব্রিজের পাশের ফুটপাতের বেশির ভাগ জায়গা হকারদের দখলে। ফুটপাতে রিকশাভ্যানের মধ্যে পণ্যের পসরা সাজিয়ে বসেছেন হকাররা। রিকশাভ্যানগুলো এমন ভাবে রাখা, এতে পথচারীরা হাঁটা তো দূরের কথা, ফুটপাত দিয়ে সড়কের এক পাশ থেকে আরেক পাশে যেতে পারেন না। এসব এলাকার মহল্লার সড়কের ফুটপাতেরও একই চেহারা। কোথাও কোথাও আবার সড়কও দখল হয়েছে। এ ছাড়া বেশির ভাগ রেস্তোরাঁর নিজস্ব গাড়ি রাখার জায়গা না থাকায় সেখানে আসা ক্রেতারা ফুটপাতের ওপর গাড়ি রাখছেন।ফুটপাত ও সড়কের ওপরের টংদোকান আর হকারদের ভিড়ে চলতে নাকাল হচ্ছেন পথচারীরা। এ প্রসঙ্গে উত্তরার মাইলস্টোন কলেজের শিক্ষার্থী মহুয়া বলেন, ‘যখন আমরা সবাই মিলে চলাচল করি, তখন ফুটপাত দিয়েই যাই, কিন্তু একা থাকলে রাস্তা দিয়ে হেঁটে যাই, ফুটপাতে যাই না।’উত্তরার মাসকট প্লাজার কাছের সোনারগাঁ জনপথ সড়কের উভয় পাশে ফলের পসরা সাজিয়ে বসেছেন হকাররা। অনেকেই ফুটপাতের জায়গা সামান্য ছেড়ে দিয়ে এর দুই পাশে নিজেদের মতো করে তক্তা পেতে বসেছেন। উত্তরার ৭ নম্বর সেক্টরের প্রবীণ বাসিন্দা আনিসুর রহমান বলেন, ‘উত্তরা হচ্ছে মডেল টাউন। এখন এর যে অবস্থা, তাতে উত্তরা এখন অনিয়ম আর বিশৃঙ্খলার মডেল।’উত্তরার ফুটপাতগুলো পথচারীবান্ধব করা হচ্ছে না কেন, জানতে চাইলে ডিসিসির অঞ্চল ১০-এর নির্বাহী কর্মকর্তা এম এ ছালাম বলেন, ‘ফুটপাত থেকে হকারসহ বিভিন্ন স্থাপনা উচ্ছেদে প্রায়ই অভিযান চালানো হচ্ছে। এ বিষয়টিতে আমরা আরও জোর দেব।’