রমজান মাসের প্রথম দিন থেকেই তোরণ বানিয়ে ফুটপাতের ওপরে ইফতারির নানা পদ নিয়ে বসেছিলেন দিদার হোসেন। ধানমন্ডির সাতমসজিদ রোডে কেয়ারি প্লাজার সামনে থাকা তাঁর সেই দোকানে রমজানের তৃতীয় দিনে হানা দেয় পুলিশ সদস্যরা। তোরণ ভেঙে দেওয়া হয়। দিদার যাতে আবার দোকান না বসায় সেই কথাও বলে যায় পুলিশ। কিন্তু তিনি আবার সেখানেই ইফতারির দোকান দিয়ে বসেছেন। এতে ফুটপাতের বদলে পথচারীদের রাস্তায় নেমে হাঁটতে হচ্ছে।নগরের সড়ক, অলিতে-গলিতে ও ফুটপাতে এভাবেই ইফতারির দোকান বসেছে। বসেছে অস্থায়ী দোকান, আবার বড়সড় রেস্তোরাঁগুলোর সামনের ফুটপাতে অস্থায়ী তোরণ সাজিয়ে বেচাবিক্রি করছে নানা পদ। এতে শুধু পথচারীই নন, বিড়ম্বনায় পড়েছেন যান চালকেরাও। কারণ জানালেন প্রাইভেটকারচালক আহসান উল্লাহ। তাঁর ভাষ্য, ‘সড়কে দাঁড়িয়ে ক্রেতারা ইফতারি কিনতে এত ব্যস্ত থাকে যে জোরে হর্ন বাজালেও তারা শোনে না, কোনো কোনো সময় গাড়ি থেকে নেমে তাদের সরিয়ে দিতে হয়, আর এতে যানজট বেড়ে যায়।’জিগাতলার বিভিন্ন সড়কেও দেখা গেল অস্থায়ী ইফতারির দোকান। জাপান ফ্রেন্ডশিপ হাসপাতালের সামনে দিয়ে একটু এগিয়ে গেলে এ রকম অনেক দোকানই চোখে পড়ে। এমন একটি দোকানের মালিক আরিফুজ্জামান বলেন, ‘আমরা তো আমাদের দোকানের সামনেই এসব বিক্রি করছি।’ দোকান তো ফুটপাতের ওপরে, জানতে চাইলে তিনি বলেন, ‘সবাই তো বিক্রি করতাছে তাদের কাছে গিয়েও জিজ্ঞেস করেন।’নিউমার্কেটের আশপাশের ফুটপাতেও বসেছে অনেক অস্থায়ী দোকান, আর তাতে যানজট লেগেই আছে। সোবহানবাগের দিকে মিরপুর সড়কে ‘সায়হাম ইফতার সামগ্রী’ নামের দোকানটি ফুটপাতের ওপরে না হলেও তা ফুটপাত ঘেঁষেই। যে কারণে ক্রেতাদের ফুটপাতের ওপর দাঁড়িয়ে ইফতারি কিনতে হয়। অনেককেই দেখা গেল ঝুঁকি নিয়ে সড়কের ওপর দিয়ে হেঁটে যাচ্ছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এই দোকানের একজন কর্মী বলেন, ‘দোকানের মালিক তো আর এমনিই এখানে দোকান বসায়নি, ট্যাক্স দিয়েই বসাইছে।’ কাকে ট্যাক্স দেয়? এমন প্রশ্নে তিনি কোনো উত্তর দিতে রাজি হননি।মিরপুরের শেওড়াপাড়ার অরবিট গলির মুখে বসেছে কয়েকটি ইফতারির দোকান। গলিতে দোকান বসার কারণে কোনো গাড়ি সহজে ঢুকতে কিংবা বেরোতে পারছে না। দুটি গাড়ি পাশাপাশি যাওয়ার সময় পথচারীদের চলাচলের জায়গাও থাকে না। জনজটে পড়ে এক পথচারীর প্রশ্ন, ‘গলির মুখের এসব দোকান কি কখনোই তোলা হবে না?’পুরান ঢাকা ঘুরে দেখা গেল, অলিগলি থেকে শুরু করে সব রাস্তায় দুপুর থেকে বসে যায় ইফতারির দোকান। চকবাজারের ঐতিহ্যবাহী ইফতারির দোকান বসে রাস্তার ওপর। এই রাস্তায় এখন যানবাহন ও পথচারী চলাচল বন্ধ প্রায়। তাই অন্যান্য রাস্তায় বেড়েছে যানজট। ফুটপাত ও দোকান থেকে রাস্তা উচ্ছেদের দাবি করলেন যানজটে পড়া ভুক্তভোগীরা।