জাতীয় সংসদ ভবনের খেজুরবাগান এলাকার পাশে রোকেয়া সরণির ফুটপাত দিয়ে হাঁটছিলেন আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহেদী হাসান ও সিয়াম আহসান। খামারবাড়ি মোড় থেকে বিজয় সরণি মোড়ের দিকে যেতে যেতে মুঠোফোনে কথা বলছিলেন সিয়াম। তাঁর পেছনে ছিলেন বন্ধু মেহেদী। হঠাৎ চিৎকার করে সিয়ামকে তিনি থামতে বললেন। সিয়াম মুঠোফোনে কথা বলতে ব্যস্ত থাকায় শেষমেশ তাঁকে পেছন থেকে দৌড়ে এসে টেনে থামালেন মেহেদী। সিয়ামের সামনে ছিল একটি আয়তাকার ঢাকনাবিহীন ম্যানহোল। তিনি মুঠোফোন নিয়ে ব্যস্ত থাকায় সেই ম্যানহোলে পড়ে যাওয়ার আশঙ্কা ছিল। খামারবাড়ি মোড় থেকে বিজয় সরণি মোড় পর্যন্ত খেজুরবাগানের পাশের ব্যস্ত ফুটপাতে তিন-তিনটি ম্যানহোলের ঢাকনা নেই। অন্য ম্যানহোলগুলোর ঢাকনাও ঝুঁকিতে আছে। ইট-সিমেন্ট-রড দিয়ে তৈরি এসব আয়তাকার ঢাকনা ভেঙে যাচ্ছে। সামান্য আঘাতেই ভেঙে যেতে পারে এগুলো। অন্ধকারের সময় যে কেউ পড়ে যেতে পারে ম্যানহোলে।এদিকে ঢাকনাবিহীন ম্যানহোলগুলোতে কোনো ধরনের সতর্ক-চিহ্নও দেওয়া হয়নি। তবে একটি ম্যানহোলে গাছের ডাল দিয়ে রাখা হয়েছে। কিন্তু এটি দেখে আঁচ করা যায় না, ম্যানহোল খোলা কি না। পথচারী আনোয়ার হোসেন ক্ষোভের সুরে বলেন, ‘ফুটপাতটির ম্যানহোলে ঢাকনা না থাকায় ভয়ে এখন আর এদিক দিয়ে হাঁটি না। রাস্তার অন্যদিকের ফুটপাত দিয়ে চলাচল করি।’খেজুরবাগানের পাশের ফুটপাতের বেহাল ম্যানহোলের বিষয়ে জানতে চাইলে ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) অঞ্চল-৬-এর নির্বাহী প্রকৌশলী মেসবাহুল করিম বলেন, ‘ম্যানহোলের ঢাকনা না থাকার বিষয়টি আমরা জানি। ওখানকার ম্যানহোলগুলোর ঢাকনা অন্য জায়গায় তৈরি করে রেখেছি। দ্রুতই সেগুলো যথাস্থানে নিয়ে বসানো হবে।’ রোকেয়া সরণির ফুটপাতের (খামারবাড়ি মোড় থেকে বিজয় সরণি মোড় পর্যন্ত) বিষয়ে অভিযোগ নম্বর: ৯১১৮৬৬০ (নির্বাহী প্রকৌশলী, অঞ্চল-৬, ডিসিসি)।