কাজল ও শিমুল দুই বন্ধু সন্ধ্যায় রূপসী বাংলা হোটেল-সংলগ্ন ফুটপাত দিয়ে হাঁটছে। পাশের রাস্তায় তীব্র যানজটে যানবাহনগুলো স্থবির হয়ে আছে। হঠাৎ করে ‘পিপ পিপ’ আওয়াজ। পিলে চমকে ওঠে দুই বন্ধুর। পেছন ফিরে দেখে দু-তিনটি সারিবদ্ধ মোটরসাইকেল রাস্তা ছেড়ে ফুটপাতে উঠে পড়েছে। এ অবস্থায় হাঁটতে গিয়ে একটু সামনেই হঠাৎ ধাক্কা লাগল আড়াআড়ি থাকা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে। দিশাহীন হয়ে দাঁড়িয়ে পড়ে তারা। ছোটখাটো এক মানবজটলা লেগে গেল।নিত্যনৈমিত্তিক এ ঘটনার অবতারণা মোটরসাইকেলের উৎপাত নিয়ে। রূপসী বাংলার মতো গুরুত্বপূর্ণ জায়গায় যদি এ রকম অবস্থা হয়, তবে পুরো ঢাকার পরিস্থিতি সহজেই অনুমেয়। আজকাল ফুটপাতে নির্বিঘ্নে হাঁটাও দায়। কারণ, রাজপথের জ্যাম ফুটপাতেও সংক্রমিত হয়েছে। জনগণের এখন নির্বিঘ্নে হাঁটারও উপায় নেই। সময়ে সময়ে তো মোটরসাইকেল চলতে দিতে দু-এক মিনিট ঠায় দাঁড়িয়ে থাকতে হয়। বাইকগুলোর নিঃশ্বাস-দূরত্বে চলার সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে। শিশু ও বয়স্ক মানুষের জন্য ঝুঁকি আরও বেশি। বাইক-আরোহীদের যেন একটু দেরি সয় না। তাঁরা নিয়মনীতির তোয়াক্কা না করে মোটরযান আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন। অথচ, তাঁদের বিরুদ্ধে কার্যকর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে না, সবাই ব্যাপারটি নীরবে মেনেই নিয়েছে। একে তো বিভিন্ন ভোগান্তিতে নাগরিক জীবন দুর্বিষহ, তার ওপর আবার এই নতুন উৎপাত। এতে মুক্ত চলাফেরায় বিব্রতকর অবস্থার সৃষ্টি হয়, যা থেকে পরিত্রাণ মেলে বাইক আরোহীরা একটু সচেতন হলেই। এ মানসিকতার আশু পরিবর্তন হবে কি? কে আই তাজ