ফুটপাতে মোটরসাইকেল চলছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক আটকে আছে যানজটে। বাস, ট্রাক, প্রাইভেট কার ও সিএনজিচালিত অটোরিকশাসহ সব যান থেমে আছে। কিন্তু এর মধ্যেই ছুটছে মোটরসাইকেল। রাজপথে নয়, পথচারীর ভিড় ঠেলে, কখনো বা মানুষকে ধাক্কা দিয়ে মোটরসাইকেল চলছে ফুটপাতের ওপর দিয়ে।ফার্মগেট, কারওয়ান বাজার, বাংলামোটর, খামারবাড়ি, আগারগাঁওসহ রাজধানীর প্রায় প্রতিটি সড়কেই এ দৃশ্য নিত্যদিনের। পথচারীদের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে ফুটপাতে মোটরসাইকেল চলাচলে হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকলেও তা মানা হচ্ছে না। ফুটপাতের ওপর দিয়ে মোটরসাইকেল চালানোর ফলে প্রতিনিয়ত ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। এ নিয়ে মোটরসাইকেলের আরোহীদের সঙ্গে পথচারীদের বাগিবতণ্ডার দৃশ্যও প্রায়ই চোখে পড়ে।হাইকোর্ট গত ৫ মার্চ এক আদেশে ফুটপাতগুলোতে মোটরসাইকেল চলাচল করতে না দিতে মহানগর পুলিশকে নির্দেশ দেন। রাজধানীর পথে রিকশা চলাচল কেন বন্ধ করা হয়েছে মর্মে আইনজীবী আইনুন্নাহার সিদ্দিকার রিটের পরিপ্রেক্ষিতে অন্যান্য আদেশের সঙ্গে এ আদেশ দেওয়া হয়। কিন্তু আদেশের তিন মাসের বেশি সময় অতিবাহিত হলেও হাইকোর্টের এ আদেশ এখনো বাস্তবায়িত হয়নি।এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর ট্রাফিক বিভাগের (দক্ষিণ) উপকমিশনার আলমগীর কবির প্রথম আলোকে বলেন, ‘হাইকোর্টের নির্দেশের অনুসরণে আমাদের বিশেষ নজর রয়েছে। আইন ভঙ্গ করে ফুটপাতে মোটরসাইকেল চালানোর অভিযোগে মামলা ও জরিমানা করা হয়। আমাদের নজরে এলে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়।’ফার্মগেট থেকে কারওয়ান বাজারের দিকে যাওয়ার পথে কাজী নজরুল ইসলাম এভিনিউতে ফুটপাতের ওপর দিয়ে প্রায় সব সময় সারিবদ্ধভাবে চলছে মোটরসাইকেল। ফুটপাতের ওপর দিয়ে বেআইনিভাবে চলাচল প্রসঙ্গে জানতে চাইলে মো. সেলিম নামের মোটরসাইকেলের এক চালক বলেন, ‘হাইকোর্টের আদেশ জানি না। যানজটে রাস্তা আটকে আছে। দ্রুত গন্তব্যে পৌঁছানো প্রয়োজন। তাই যানজট এড়িয়ে ফুটপাত দিয়ে যাওয়ার চেষ্টা করছি।’ফুটপাতের ওপর মানুষের ভিড়ে ফাঁকফোকর দিয়ে মোটরসাইকেল চালাচ্ছিলেন গাজীপুরের শরীফ হোসেন। কিন্তু মানুষের ভিড় বেড়ে যাওয়ায় তাঁকে থেমে পড়তে হয়। জানতে চাইলে তিনি বলেন, ‘পথচারীদের চলাচলের জায়গা অনেক আছে। যানজটের কারণে ফুটপাত দিয়ে যাচ্ছি। এতে কারও অসুবিধা হচ্ছে না।’সরেজমিনে রাজধানীর আগারগাঁও, চন্দ্রিমা উদ্যানসংলগ্ন এলাকা, ফার্মগেট, শাহবাগ, মগবাজারসহ কয়েকটি এলাকায় ফুটপাতে বাধাহীনভাবেই মোটরসাইকেল চলাচলের দৃশ্য চোখে পড়ে। এর ফলে পথচারীদের নির্বিঘ্নে চলাচল ছাড়াও ব্যবসা-বাণিজ্যে ক্ষতি হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। ফুটপাতে যত্রতত্র গাড়ি রাখা, দোকানপাট বসানোসহ অন্যান্য কারণে পথচারীদের অসুবিধা হলেও বেশি সমস্যা হয় ফুটপাতে মোটরসাইকেল চলাচলে।ফুটপাতের ওপর দিয়ে হেঁটে শাহবাগ থেকে বাংলামোটরে যাচ্ছিলেন মনির হোসেন। কিন্তু একটু পর পর পেছন থেকে মোটরসাইকেল হর্ন বাজাচ্ছে পথ দেওয়ার জন্য। ক্ষুব্ধ মনির হোসেন বলেন, ‘পথচারীদের জন্য ফুটপাতে হাঁটার পথ নেই। রাস্তায় গাড়ি চলে আর ফুটপাতে চলে মোটরসাইকেল। পথচারীরা কই যাবে? হাইকোর্টের আদেশ কেউ মানছে কি না, তা দেখারও কেউ নেই।’ একই সময় আরও কয়েকজন পথচারী ফুটপাত নির্বিঘ্ন করার দাবিতে বিক্ষুব্ধ হয়ে ওঠেন।পথচারীদের জন্য ফুটপাত সংরক্ষণ ও হাইকোর্টের আদেশের পর ফুটপাতে মোটরসাইকেল চলাচলের বিষয়টি পর্যবেক্ষণ করে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) বলেছে, আদেশের পর ফুটপাতে মোটরসাইকেল চলাচল কিছুটা কমলেও এখন আবার বেড়েছে। শাহবাগ, এলিফ্যান্ট রোড, হাতিরপুল, বাংলামোটর, ফার্মগেট, ধানমন্ডি, গুলশান, আগারগাঁও, মতিঝিলসহ বিভিন্ন এলাকায় অবাধেই মোটরসাইকেল চলছে ফুটপাতে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না।পবার সম্পাদক সৈয়দ মাহবুবুল আলম বলেন, ‘হাইকোর্টের আদেশের পরও ফুটপাতে মোটরসাইকেল চলাচল বন্ধ হয়নি। আদালতের নির্দেশ কার্যকর করতে এবং ফুটপাতে পথচারীদের চলাচল নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে পরিকল্পিত ও সমন্বিত উদ্যোগ নিতে হবে।’হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, ফুটপাতে মোটরসাইকেল চলাচল বন্ধ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট দপ্তরের মাঠপর্যায়ে তদারকি নেই। উল্টো ফুটপাত দিয়ে মাঝেমধ্যে পুলিশের মোটরসাইকেলও চলাচল করতে দেখা যায়। গত রোববার দুপুরে ফার্মগেটের কাছে ফুটপাত দিয়ে অন্যান্য মোটরসাইকেলের সারিতে পর পর পুলিশের তিনটি মোটরসাইকেলও চলতে দেখা যায়।ফার্মগেট ট্রাফিক নিয়ন্ত্রণ কক্ষের উপপরিদর্শক (এসআই) কাজী সাহান হক প্রথম আলোকে বলেন, ‘হাইকোর্টের আদেশ পরিচালনে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি। মে ও জুন মাসের প্রথম সপ্তাহে ফার্মগেট ও পার্শ্ববর্তী এলাকায় আইন ভঙ্গ করে মোটরসাইকেল চালানোর অপরাধে শতাধিক মামলা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়। সচেতনতামূলক প্রচারণা চালানো হয়। এ বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো জরুরি।’তবে আদালতের আদেশের পরও রাজধানীতে ফুটপাতে পথচারীদের চলাচল নির্বিঘ্ন হয়নি বলে দাবি করেন হাইকোর্টে রিট আবেদনকারী আইনজীবী আইনুন্নাহার সিদ্দিকা। তিনি বলেন, ‘ফুটপাতে মোটরসাইকেল চলাচল বন্ধে হাইকোর্টের আদেশ বাস্তবায়নে কোনো বাধা দেখি না। পুলিশ কঠোর হলেই এ আদেশ যথাযথভাবে বাস্তবায়িত হতে পারে।’