ফুটপাতে মোটরসাইকেল নয়, হাইকোর্টের নির্দেশ
রাজধানীবাসীর স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে ফুটপাতে মোটরসাইকেল চলাচল করতে না দিতে ঢাকা মহানগর পুলিশকে (ডিএমপি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। নগরবাসীর স্বাভাবিক চলাচল নিশ্চিতে কয়েক দফা নির্দেশনাও দেওয়া হয়েছে।বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান ও বিচারপতি মো. হাবিবুল গণির সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ পৃথক রিট আবেদনের শুনানির পর গতকাল সোমবার অন্তর্বর্তীকালীন নির্দেশনার পাশাপাশি রুল জারি করেন।রুলে ফুটপাত দিয়ে অবাধে চলাচলের জন্য বাধা দূর করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। একই সঙ্গে ঢাকা শহরে যান্ত্রিক পরিবহনের জন্য রাস্তা ও নগরবাসীর হাঁটার পথের আয়তন, ফুটওভারব্রিজের সংখ্যা, জেব্রাক্রসিংয়ের সংখ্যা তালিকা আকারে ১০ এপ্রিল আদালতে দাখিল করতে সিটি করপোরেশনের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে।নির্দেশনায় গত এক বছরে বিভিন্ন রাস্তায় রিকশা চলাচল বন্ধে কোনো বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে কি না, দেওয়া হয়ে থাকলে তা ১০ এপ্রিলের মধ্যে ডিএমপিকে দাখিল করতে বলা হয়েছে। রাজধানীতে বাস-মিনিবাসসহ নিবন্ধিত যানের সংখ্যা এবং কোন সড়কে কত বাস-মিনিবাস চলে তার তালিকা একই সময়ের মধ্যে দাখিল করতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে (বিআরটিএ) নির্দেশ দেওয়া হয়েছে।এ ছাড়া ফুটওভারব্রিজে দুই পাশের বিলবোর্ড ও হোর্ডিংগুলো আদেশ পাওয়ার ৩০ দিনের মধ্যে অপসারণ করতে ঢাকা সিটি করপোরেশন ও ডিএমপির প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। ১৫ দিনের মধ্যে পথচারীদের স্বাধীনভাবে চলাচল নিশ্চিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয়সংলগ্ন কদম ফোয়ারা, মাজার গেটের সামনে, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন ও মৎস্য ভবন পয়েন্টের রাস্তায় জেব্রাক্রসিং চিহ্ন এবং পর্যাপ্ত ট্রাফিক পুলিশ মোতায়েন করতে বলা হয়েছে।রাজধানীর বিভিন্ন পয়েন্টে অযান্ত্রিক যান (রিকশা, বাইসাইকেল) চলাচলে বিধিনিষেধ আরোপের বিরুদ্ধে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী আইনুন্নাহার সিদ্দিকা এবং কে এম জাবির গত বছর পৃথক রিট করেন। আদালতে রিটকারীদের পক্ষে আইনজীবী এ বি এম ওয়ালিউর রহমান খান ও হাসনাত কাইয়ুম শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার। আদালতের আহ্বানে সাড়া দিয়ে বুয়েটের অধ্যাপক সারওয়াত জাহান ও আইনজীবী কামরুল হক সিদ্দিকী মতামত তুলে ধরেন।রাজধানীতে রিকশা চলাচলে অযৌক্তিক বিধিনিষেধ আরোপ করা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে রুলে। নগরবাসীর জন্য রাস্তা ও ফুটপাতে চলাচলে সমান সুবিধা নিশ্চিতের নির্দেশ কেন দেওয়া হবে না, তা-ও রুলে জানতে চাওয়া হয়।রাজধানীবাসীর হাঁটা ও অযান্ত্রিক যানবাহনের জন্য প্রকল্প গ্রহণ ও তা বাস্তবায়ন এবং চলাচলের জন্য পর্যাপ্ত পথের ব্যবস্থা, হাঁটার পথ ও অযান্ত্রিক যানের জন্য আলাদা লেনের ব্যবস্থা করতে নির্দেশ কেন দেওয়া হবে না—এ মর্মে কারণ দর্শাতে বলা হয়। একই সঙ্গে রাজধানীতে গণপরিবহন নিয়ন্ত্রণ ও সমন্বয়ের জন্য মহানগর পরিবহন (ট্রান্সপোর্ট) কর্তৃপক্ষ গঠন এবং গণপরিবহনের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে কেন নির্দেশ দেওয়া হবে না—রুলে তা-ও জানতে চাওয়া হয়েছে।স্বরাষ্ট্রসচিব, যোগাযোগসচিব, বিআরটিএর চেয়ারম্যান, পুলিশের মহাপরিদর্শক, ডিসিসি উত্তর ও দক্ষিণের প্রশাসকসহ বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।আইনুন্নাহার সিদ্দিকা প্রথম আলোকে বলেন, আদালত ফুটপাতে মোটরসাইকেল যাতে চলাচল না করতে পারে, সে জন্য ব্যবস্থা নিতে ডিএমপিকে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে আদালত রুল বিচারাধীন থাকা অবস্থায় অন্তর্বর্তীকালীন কয়েক দফা নির্দেশনা দিয়েছেন।