ফুটপাতে হাঁটা যায় না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘হকারেরা ফুটপাতে দোকান দিয়েছে বলে হাঁটার অবস্থা নেই। বাধ্য হয়ে মানুষ রাস্তা ধরে হাঁটে। কিন্তু রাস্তায়ও চলার জো নেই। রাস্তার অর্ধেকজুড়ে গাড়ি পার্কিং। বড় রাস্তা হয়ে গেছে সরু। মানুষ, গাড়ি কিছুই চলতে পারছে না।’ ঢাকা কলেজের উল্টোদিকের মিরপুর রোডে চলতে গিয়ে তৈরি পোশাক ব্যবসায়ী হুমায়ুন কবির প্রথম আলোকে এসব কথা বলেন। এই অবস্থা শুধু মিরপুর রোডের নয়। ফার্মগেট, নীলক্ষেত, মিরপুর ১ নম্বর, মিরপুর ১০ নম্বর, জিপিওর আশপাশ, বঙ্গবন্ধু এভিনিউ, গুলিস্তান ও মতিঝিলসহ রাজধানীর অধিকাংশ এলাকায় ফুটপাত ও মূল সড়কের একই অবস্থা। এসব এলাকার বিপণিবিতানে কিংবা বড় বড় ভবনে ভূ-গর্ভস্থ পার্কিংয়ের ব্যবস্থা না থাকায় সড়কগুলোয় মানুষ আর যানবাহনে জট লেগে থাকে।মিরপুর রোডে নেছার ভবন শপিং সেন্টারের সামনের ফুটপাতে দোকান খুলে বসেছেন আখতারুজ্জামান বাহার। তাঁর মতো শত শত হকার পুলিশকে ‘ম্যানেজ’ করে ফুটপাতে ব্যবসা করছেন। এতে পথচারীদের দুর্ভোগ হচ্ছে এ কথা অবশ্য স্বীকার করলেন আখতারুজ্জামান। প্রবাসী প্রকৌশলী দেলোয়ার হোসেন স্ত্রী ও সন্তান নিয়ে ধানমন্ডি হকার্স মার্কেটে এসেছিলেন। এই বিপণিবিতানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা না থাকায় দেলোয়ারের গাড়িচালক সাইফুল ইসলাম গাড়িটি বিপণিবিতানের সামনের রাস্তায় দাঁড় করিয়ে রাখেন। নিরাপত্তাকর্মীদের চাঁদা দিলেই গাড়ি রাখতে আর সমস্যা হয় না। এই গাড়িচালকও স্বীকার করেন যে এভাবে গাড়ি রাখার কারণে যানজট হয়। ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (ট্রাফিক) সফিকুর রহমান প্রথম আলোকে বলেন, সিটি করপোরেশন উদ্যোগ নিলে ফুটপাতে ব্যবসা এবং রাস্তায় পার্কিং বন্ধ করা সম্ভব।