ফুটপাতের বিড়ম্বনা...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাস্তায় প্রচণ্ড জ্যাম। তাই বাস থেকে নেমে ভিআইপি রাস্তার ফুটপাত ধরে হাঁটছিলেন কাজল। হঠাৎ পেছন থেকে হর্ন। কিন্তু সেদিকে খেয়াল নেই কাজলের। কারণ, ফুটপাতে তো আর গাড়ি আসে না। অগত্যা মোটরসাইকেলের ধাক্কায় হুঁশ হয় তাঁর। ফুটপাতের পাশে পড়ে যান তিনি। পেছন ফিরে দেখেন সেখানে ট্রাফিক পুলিশও আছে। কাজল মোটরসাইকেল আরোহীর সামনে যেতেই তিনি উচ্চস্বরে বলেন, ‘ওই মিয়া, রাস্তা দেইখ্যা চলতে পারেন না...বাঙালি রাস্তায় চলতেও শিখে নাই।’ এই বলে মোটরসাইকেল আরোহী ট্রাফিক পুলিশের সামনে দিয়ে গালাগাল করতে করতে চলে যান। কাজল কোমরে প্রচণ্ড ব্যথা পাওয়া সত্ত্বেও তাঁকে গালাগাল হজম করতে হয়। একটু সামনে গিয়ে কর্তব্যরত ট্রাফিক পুলিশকে কাজল বলেন, ‘ভাইজান, দেখলেন তো সবই। কিন্তু কিছুই তো করলেন না।’ উত্তরে ট্রাফিক পুলিশটি বলেন, ‘এই পাবলিক গোরে আর কী কমু কন, নিজেরাও যদি একটু সচেতন হইয়া না চলে, মামলা-জরিমানা করে কি আর সচেতন করা যায়? এখন পারি লাঠিপেটা করতে, তাইলে তো আপনারা পাবলিকই বলবেন, কত খারাপ পুলিশ। পাবলিক গোরে হুদাহুদি লাঠিপেটা করতাছে। কিন্তু আপনা গো দোষটা তো দেখবেন না।’পাশের উৎসুক জনতা দুর্ঘটনা দেখে কিছুই না বলে শুধু দর্শকের ভূমিকা পালন করে যে যার কাজে চলে যায়। তীব্র যন্ত্রণা নিয়ে শেষমেশ কাজল গন্তব্যের দিকে হাঁটতে থাকেন।বর্তমানে ঢাকা শহরের ব্যস্ততম সড়কগুলোয় এ রকম দুর্ঘটনা ঘটছে হরহামেশাই। কিন্তু এর কোনো প্রতিকার নেই। মোটরসাইকেল চালকেরা রাস্তায় যানজট দেখলেই ফুটপাতকে তাঁদের রাস্তা বানিয়ে ফেলেন। যদি ট্রাফিক পুলিশ বিষয়টির দিকে একটু দৃষ্টি দেয় এবং এই মোটরবাইক আরোহীদের ফুটপাতে ওঠার সঙ্গে সঙ্গে তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করে, তাহলে এ থেকে রেহাই পেতেন ফুটপাত দিয়ে হাঁটা পথচারীরা।তাই সংশ্লিষ্ট ডিএমপির প্রতি আমার আবেদন, বিষয়টি আপনারা একটু গুরুত্বের সঙ্গে নেবেন। কারণ, আমরা তো সচেতন কিন্তু নিজের ক্ষেত্রে নই, অন্যের ক্ষেত্রে। নিজের ক্ষেত্রে তো আমরা আমাদের বিবেক বিসর্জন দিই। তাই আপনাদেরই যথাযথ আইন প্রয়োগের মাধ্যমে এর প্রতিকার করতে হবে।