ফুটবল-উৎসব মিলনমেলাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদিবাসীদের ফুটবল উৎসব আর মুসলমানদের ঈদের আনন্দ মিলেমিশে একাকার হয়েছিল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের সর্জন মাঠে। সাত বছর ধরে এমনটাই হয়ে আসছে। ঈদের পরের দুদিন চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী জেলার এবং ঢাকায় কর্মরত সাঁওতাল আদিবাসীদের সমন্বয়ে গঠিত ১৬টি ফুটবল দল নিয়ে অনুষ্ঠিত হয় আদিবাসী ফুটবল টুর্নামেন্ট। সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত একনাগাড়ে চলে আটটি দলের খেলা। নক-আউট পদ্ধতিতে অনুষ্ঠিত দুদিনের প্রতিযোগিতায় বাছাই করা হয় সেমিফাইনালের চারটি দল, যাদের নিয়ে চূড়ান্ত খেলা হবে ঈদুল আজহার পরদিন। এই ফুটবল টুর্নামেন্টকে ঘিরে গোবরাতলা ইউনিয়ন ও আশপাশের গ্রামে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। অসাম্প্রদায়িক মিলনমেলার রূপ নেওয়া এই ফুটবল উৎসব উপভোগ করে এলাকার জনসাধারণ।উত্তরাঞ্চলের বরেন্দ্র ভূমির আদিবাসীদের ফুটবলপ্রীতি প্রবল। এ প্রতিযোগিতা তাদের কাছে অন্যান্য উৎসবের মতোই। গ্রামের দল গঠনে আদিবাসী পরিবারগুলো নগদ অর্থ ও ধান-চাল চাঁদা হিসেবে দিয়ে থাকে। পুরুষদের পাশাপাশি নারী ও শিশুরাও মাঠে গিয়ে প্রতিযোগিতাকে প্রাণবন্ত করে তোলে। ভটভটি-নসিমন ভাড়া করে দূর-দূরান্ত থেকে ছুটে আসে দর্শকেরা। নিজেদের দলের জয়ে গ্রামে ফিরে গিয়ে তারা মাদল-বাঁশি বাজিয়ে একটা উৎসবের আবহ তৈরি করে। এ সময় বাড়ি বাড়ি হাড়িয়া (স্থানীয়ভাবে তৈরি মদ) তৈরির ধুম পড়ে। আনন্দের রেশ থাকে কয়েক দিন। আর হেরে গেলেও হাড়িয়া পান করে দুঃখ ভোলার চেষ্টা করে তারা।এবার আদিবাসী ফুটবল টুর্নামেন্টে অংশ নিয়েছে দক্ষিণ শহর যুব সংঘ, টাকাহারা ফুটবল দল, ঢাকার জিকিউ কোম্পানিতে কর্মরত সাঁওতাল আদিবাসীদের সমন্বয়ে গঠিত শাপলা ক্লাব, নারায়ণগঞ্জের এক মশার কয়েল কোম্পানিতে কর্মরত সাঁওতাল যুবকদের নিয়ে গঠিত বাইদাপাড়া ফুটবল দল, বেনীপুর শাপলা আদিবাসী যুব সংঘ, দমদমা শিবমন্দির দল, রাঙামাটিয়া মেঘনা যুব সংঘ, মহনাল নিউ স্টার ক্লাব, নাধাই আদিবাসী লাহান্তি আখড়া, চম্পাতলা কেডিপি যুব সংঘ, দেলবাড়ী ষোলো ভাই যুব সংঘ, কচুয়া কাজীপাড়া যুব সংঘ, হরিপুর যুব সংঘ, বাসুগ্রাম যুব সংঘ, কাশিয়াডাঙ্গা যুব সংঘ ও গণশাপাড়া আদিবাসী ফুটবল দল।প্রথম ও দ্বিতীয় রাউন্ডের খেলা শেষে সেমিফাইনালে উঠেছে শাপলা, রাঙামাটিয়া, কাজীপাড়া ও চম্পাতলা দল। এই ফুটবল উৎসবের দুটি সেমিফাইনাল ও ফাইনাল হবে আগামী ঈদুল আজহার পরদিন। বিভিন্ন সাইজের টেলিভিশন দিয়ে ওই দিন পুরস্কৃত করা হবে চ্যাম্পিয়নসহ সেমিফাইনালে ওঠা দলগুলোকে। স্থানীয় আদিবাসী নেতা কর্নেলিউস মুর্মুর সহায়তায় প্রতিবছর এই ফুটবল উৎসবের আয়োজন করেন গোবরাতলা ইউপির চেয়ারম্যান আসজাদুর রহমান।ম্যাচের নির্মল আনন্দ ছাড়াও প্রতিযোগিতায় দর্শকদের মাঠে টানে আদিবাসী মিলন সরেনের বাংলা ও সাঁওতালি ভাষার মিশেলের খেলার ধারাবিররণীও। ম্যাচ চলাকালীন ধারাভাষ্যে বলা হচ্ছিল, ‘এখন চম্পাতলার হাতরে বল। গোল খেন গুট গাট দা। না! বাং হুইলা।’ অর্থাৎ বল এখন চম্পাতলার খেলোয়াড়দের দখলে। তারা গোলপোস্টের দিকে নিয়ে যাচ্ছে বল, কিন্তু না, গোল হলো না। খেলোয়াড়েরা লক্ষ্যভ্রষ্ট শট মারলে ধারাভাষ্যকার বলেন, ‘এওরি সেওরি শট।’ আর একেবারেই বাজে খেললে বলেন, ‘লড়ংফচং হুইলা’ অর্থাৎ এর থেকে আর বাজে খেলাই হয় না।প্রতিযোগিতার শুরু সম্পর্কে উদ্যোক্তা গোবরাতলা ইউপি চেয়ারম্যান আসজাদুর রহমান বলেন, ‘আমার ইউনিয়নে আদিবাসীদের বেশ কয়েকটি গ্রাম রয়েছে। একদিন আদিবাসীদের গ্রামে গিয়ে দেখি, ধান কেটে নেওয়ার পর অমসৃণ জমিতে তারা ফুটবল খেলছে। তাদের ফুটবলপ্রীতি আমাকে মুগ্ধ করে। আগেই শুনেছিলাম, বরেন্দ্র অঞ্চলের বিভিন্ন স্থানে আদিবাসীদের ফুটবল প্রতিযোগিতা হয়। ঈদের পরদিন আমাদের এখানেও ফুটবল প্রতিযোগিতার আয়োজন করি।’ আর এতে সাড়া মেলে স্থানীয় গণমানুষের। এখন এ প্রতিযোগিতা এমনই উৎসবের রূপ নিয়েছে যে খেলা দেখার জন্য এলাকার জামাইরা ঈদের আগে কিংবা পরে এসে দুদিন ধরে অবস্থান করেন শ্বশুরবাড়িতে। এবারও ব্যতিক্রম হয়নি। প্রায় ৪০ জন জামাই এসেছেন এবার। আদিবাসী ও হিন্দু মেয়েরাও এ সময় স্বামীদের নিয়ে চলে আসেন বাবার বাড়ি। চেয়ারম্যান বললেন, ‘বিষয়টি আমি খুব উপভোগ করি। সাম্প্র্রদায়িক সম্প্রীতির এক মিলনমেলায় পরিণত হয়েছে এ প্রতিযোগিতা।’ সম্প্রীতির মিলনমেলা হয়েই যেন থাকে দুই ঈদের নিয়মিত এই আয়োজন।  আনোয়ার হোসেন দিলুচাঁপাইনবাবগঞ্জ