ফুটবল ঘিরে স্বপ্ন
পাড়াগাঁয়ের প্রাথমিক বিদ্যালয়। সামনে ছোট একটি মাঠ। কয়েকজন মেয়ে ওই মাঠে ফুটবল খেলার বিভিন্ন কৌশল শিখছে। স্বেচ্ছাশ্রমে তাদের ফুটবল প্রশিক্ষণ দিচ্ছেন স্থানীয় দুই যুবক। মৌলভীবাজারের জুড়ী উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়নের ভবানীপুর নিবন্ধিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীদের ফুটবল অনুশীলন চলছে। উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীদের অংশগ্রহণে সম্প্রতি বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ইউনিয়নভিত্তিক প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। ২৬ জুন জায়ফরনগর ইউনিয়নের চূড়ান্ত প্রতিযোগিতায় ভবানীপুর প্রাথমিক বিদ্যালয় দল ২-০ গোলে হাসনাবাদ প্রাথমিক বিদ্যালয় দলকে পরাজিত করে জয়ী হয়। এতে তারা উৎসাহিত হয়ে ফুটবল প্রশিক্ষণনিচ্ছে।সম্প্রতি সরেজমিনে গিয়ে দেখা গেল, ভবানীপুর প্রাথমিক বিদ্যালয়ের একচিলতে মাঠে প্রশিক্ষণ চলছে। প্রশিক্ষণার্থীর সংখ্যা ১৭। তারা হলো: পঞ্চম শ্রেণীর নাজিয়া আক্তার, লোপা আক্তার, এমি আক্তার, মিতা বেগম, ইমি আক্তার, শামীমা আক্তার, সুজি আক্তার, খাদিজা আক্তার, আকলিমা বেগম, মৌসুমী আক্তার; চতুর্থ শ্রেণীর আকলিমা বেগম, সাবিনা ইয়াসমিন, রুনা বেগম, কলি বেগম, রুমি বেগম, নাছরিন বেগম এবং তৃতীয় শ্রেণীর রুমি আক্তার। তাদের প্রত্যেকের বয়স নয় থেকে ১০ বছরের মধ্যে।প্রশিক্ষক আবদুল আহাদ ও মিনহাজ চৌধুরীর বাড়ি ভবানীপুর গ্রামেই। ভালো ফুটবল খেলোয়াড় হিসেবে এলাকায় তাঁদের পরিচিতি আছে। টুর্নামেন্টের শুরু থেকেই তাঁরা স্বেচ্ছাশ্রমে মেয়েদের দলকে প্রশিক্ষণ দিয়ে আসছেন।তাঁদের ভাষ্যমতে, ফুটবলে মেয়েদের প্রচণ্ড আগ্রহ আছে। প্রতিদিন বিদ্যালয়ে গিয়ে পাঠদান শুরুর আগে ঘণ্টা দেড়েক তাঁরা প্রশিক্ষণ দেন।গোলরক্ষক এমি আত্মবিশ্বাসের সঙ্গে বলে, ‘স্যাররা বল আটকানির অনেক টেকনিক শিখাইছেন।’ডিফেন্ডার রুমি বলে, ‘আমরাও ছেলেরার মতো অখন ফুটবল খেলতাম পারি!’ স্ট্রাইকার লোপা বলে, ‘আরও ভালা খেলতাম চাই। নিয়মিত প্রশিক্ষণ চাই।’বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরবিন্দ শীল জানান, ভবনের সামনের ফাঁকা অংশটুকুই ছেলেমেয়েরা মাঠ হিসেবে ব্যবহার করে। মেয়েদের দলের সাফল্যে তাঁরা মুগ্ধ।বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. তারা মিয়া বলেন, ‘মেয়েরা ফুটবল খেলবে, তা-ও গ্রামে—আমাদের সময়ে তো এমনটি চিন্তা করাই যেত না। এখন পৃথিবী অনেক এগিয়ে গেছে। ভবানীপুর গ্রামের মেয়েরাও লেখাপড়া আর খেলাধুলায় এগোচ্ছে। এটি অবশ্যই ভালো দিক।’