ফুটবল নিয়ে মামলা
বিশ্বকাপ ফুটবল নিয়ে বিশ্ব মেতে আছে। এই ফুটবল খেলাকে কেন্দ্র করেও বিশ্বের অনেক দেশের আদালতে হয়েছে মামলা। এতে উদ্ভব হয়েছে সাংবিধানিক প্রশ্ন, মৌলিক অধিকার, চুক্তি আইন থেকে শুরু করে মামলা ব্যবস্থাপনার বিষয়। ১.১৯৫৭ সালে যুক্তরাষ্ট্রের কোর্ট অব আপিলে ন্যাশনাল ফুটবল লিগের বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হয়। আপিলটি করেন রেভোভিচ নামের একজন ফুটবল খেলোয়াড়। রেভোভিচের অভিযোগ, ন্যাশনাল ফুটবল লিগ ষড়যন্ত্রমূলকভাবে একচেটিয়া এবং স্বেচ্ছাচারী হয়ে খেলা পরিচালনা করছে। তাঁর অভিযোগ, এ ধরনের খেলার ধরন এবং লিগের ফুটবল খেলা পরিচালনা যুক্তরাষ্ট্রের একচেটিয়া ব্যবসা করার অধিকারবিরোধী আইনের (অ্যান্টিট্রাস্ট ল) পরিপন্থী। রেভোভিচ তাঁর ফুটবল ক্যারিয়ার শুরু করেন ১৯৩৮ সালে। তিনি ন্যাশনাল লিগ ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হন। তিনি লিগে লাইয়নসের টিমদের পক্ষে প্রথমে, পরে নেভির হয়ে খেলেন এবং পরবর্তী সময়ে লাইয়নসে ফিরে আসেন। ১৯৪৬ সালে তাঁর বাবার অসুস্থতার কারণে তাঁকে লস অ্যাঞ্জেলেসে বদলি করার জন্য আবেদন করেন। কিন্তু লাইয়ন এ প্রস্তাব প্রত্যাখ্যান করে। রেভোভিচ তাঁর চুক্তিভঙ্গ করে ১৯৪৮ সালে প্যাসিফিক কোস্টাল লিগের হয়ে খেলেন এবং সেখানে কোচ হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন। কিন্তু ন্যাশনাল লিগ তাঁকে কালো তালিকাভুক্ত হিসেবে আখ্যায়িত করে এবং কোনো সহযোগী ক্লাব তাঁকে নিলে সেই ক্লাবের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানায়। এখন প্যাসিফিক কোস্টাল লিগের সদস্য সানফ্রান্সিসকো ক্লিপারস তাঁকে কোনো পদে নিয়োগ দিতে নিষেধ করে। রেভোভিচের বিরুদ্ধে মামলা হয় নিম্ন আদালতে। সেখানে টুলসুন বনাম নিউইয়র্ক মামলার নজির এনে রেভোভিচকে দায়ী সাব্যস্ত করা হয়। তিনি আপিলে যান এবং দাবি উত্থাপন করেন যে ফুটবল লিগের এই সিদ্ধান্তের কারণে তাঁর ৩৫ হাজার ডলার ক্ষতি হয়েছে। আপিলের বিচারকেরা রায় দিলেন দ্বিধাবিভক্ত। জ্যেষ্ঠ বিচারক ক্লার্ক ন্যাশনাল ফুটবল লিগের বিরুদ্ধে আইন ভঙ্গের টুলসুন মামলায় নজির এনে ব্যাখ্যা দেন, কোনো অ্যান্টিট্রাস্ট মামলায় ব্যক্তি মামলা রুজু করতে পারে না। উল্লেখ্য, টুলসুন মামলায় বাস্কেটবল খেলা নিয়ে অ্যান্টিট্রাস্ট বিষয়টি উত্থাপিত হয়।২.যুক্তরাষ্ট্রের কলরাডো বিশ্ববিদ্যালয়ে একটি ফুটবল ম্যাচের কর্মকর্তা কর্তৃক শারীরিক ও যৌন নির্যাতনের শিকার হয়েছিলেন দুজন ছাত্রী। দুই ছাত্রী মামলা ঠুকে দিলেন আদালতে। আদালত কর্তৃপক্ষের বিরুদ্ধে সংক্ষিপ্ত বিচারে (পূর্ণাঙ্গ বিচার ছাড়া যে সিদ্ধান্ত) দোষারোপ করলেন। এ রায়ের চ্যালেঞ্জ হয় উচ্চ আদালত। উচ্চ আদালত বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে এ সংক্ষিপ্ত বিচার না করে পূর্ণাঙ্গ সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে বিচারের নির্দেশ দেন। এ রায় আসে ২০০৭ সালে। আদালত পর্যবেক্ষণে বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কলেজ ফুটবল খেলার আয়োজনে উপযুক্ত পরিবেশ তৈরিতে বাধ্য, দ্বিতীয়ত এ অপ্রীতিকর ঘটনা ঘটেছে কর্তৃপক্ষের উপযুক্ত তত্ত্বাবধানের অভাবেই। তাই বিচারের ক্ষেত্রে উপযুক্ত তথ্যপ্রমাণ ও সাক্ষীর ভিত্তিতেই বিচার হতে পারে।৩.ফুটবল খেলার আগে ধর্মীয় প্রার্থনাসংগীত গাওয়া কতটা বৈধ—এ বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। ঘটনাটি ঘটে যুক্তরাষ্ট্রের টেক্সাসের সান্তে ফি নামের একটি স্কুলের এক বিতর্কিত সিদ্ধান্তকে কেন্দ্র করে। স্কুলটি সিদ্ধান্ত নেয়, কোনো ফুটবল ম্যাচ শুরুর আগে ধর্মীয় প্রার্থনাসংগীতে অংশ নিতে হবে শিক্ষার্থীদের। কিন্তু স্কুল কর্তৃপক্ষের এ সিদ্ধান্তে ক্ষুব্ধ হন শিক্ষার্থীদের অভিভাবক। দুজন অভিভাবক এ সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা ঠুকে দিলেন। মামলায় বলা হয়, স্কুল কর্তৃপক্ষের এ সিদ্ধান্ত সাংবিধানিক মত প্রকাশের অধিকারকে খর্ব করবে। সুপ্রিম কোর্ট এ আদেশের বৈধতা চ্যালেঞ্জের ওপর রুল জারি করেন ২০০০ সালের ১৯ জুন। আদালত তাঁর আদেশে বলেন, স্কুল কর্তৃপক্ষের এ সিদ্ধান্ত সংবিধানের প্রথম সংশোধনী (এস্টাবলিশমেন্ট ক্লজ) লঙ্ঘন করে। কোনো ফুটবল খেলার আগে এ ধরনের প্রার্থনা ধর্মীয় চেতনাকে প্রতিষ্ঠিত করতে সহায়তা করবে, ব্যক্তিস্বাধীনতাকে খর্ব করবে।৪.জিম্বাবুয়ের সুপ্রিম কোর্টে গড়ায় সেখানকার পাঁচটি ফুটবল ক্লাবের মধ্যে অভ্যন্তরীণ বিবাদ। এর শুরু হয় ক্যাপস ইউনাইটেড ফুটবল ক্লাবের দায়ের করা একটি অভিযোগের ভিত্তিতে। ১৯৭৩ সালে ক্যাপস হোল্ডিং লিমিটেড ক্যাপস ইউনাইটেড ফুটবল ক্লাব গঠন করে। দীর্ঘদিন পর ১৯৯১ সালে ক্যাপস হোল্ডিংস লিমিটেড কোম্পানি ফুটবল ক্লাবটির সঙ্গে চুক্তিভঙ্গ করে অন্য দুটি কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হয়। এর সঙ্গে যুক্ত হয় জিম্বাবুয়ে ফুটবল অ্যাসোসিয়েশনসহ আরও দুটি ফুটবল দল। কোম্পানিটি আদালতে মামলা ঠুকে দেয় ফুটবল লিগটি চুক্তিভঙ্গ করেছে এবং কোম্পানির সুনাম, খ্যাতি ও কাঠামো নষ্ট করেছে। মামলা দায়েরের প্রায় সাড়ে ছয় সপ্তাহ পর মামলাটি দ্রুত শুনানির জন্য আপিল আদালতে আবেদন করা হয়। আদালত তাঁর সিদ্ধান্তে জানান, এখানে এ বিষয়টিতে দ্রুততার কোনো বিষয় উদ্ভব হয়নি এবং ভালোভাবে পর্যবেক্ষণ না করে কোনো পক্ষের ওপর অবিচার করা যাবে না। আদালত বলেন, এটি যেনতেন বিষয় নয়, এখানে অনেক জটিল বিষয় এবং প্রশ্ন জড়িত, তাড়াহুড়া করে সিদ্ধান্ত নিলে অন্য পক্ষ ক্ষতিগ্রস্ত হতে পরে। পরে দ্রুত শুনানির জন্য আপিলটি খারিজ করে দেন আদালত। ই-মেইল: [email protected]