ফুটবল মাঠে থাকুক
নতুন বছরের শুরুতে বরাবরই দেশের ফুটবলে ইতিবাচক একটা পরিবর্তনের স্বপ্ন দেখি। এটা সবাই দেখে। সবাই সম্ভবত একটা কথাই বলবে, ফুটবল ভালোভাবে মাঠে থাকুক। নিয়মিত আয়োজনগুলোতে বিরতি না পড়ুক। এখন যেসব সমস্যা আছে সেগুলোর সমাধান সবাই চাইবেন। আমিও সবার দলেই। আমার চাওয়া ব্যতিক্রম নয়। একটা বিশেষ প্রত্যাশা আছে আমার। এখন আমরা আন্তর্জাতিক ম্যাচ খুবই কম খেলি। নতুন বছরে বেশি বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলতে চাইব। বাফুফে আয়োজন করতে পারে। আবার আমরাও বাইরে গিয়ে খেলতে পারি। সোজা কথা, আন্তর্জাতিক ম্যাচ খেলার বিকল্প নেই। আমরা যাতে শক্তিশালী একটা জাতীয় দল হয়ে উঠতে পারি, সেটিও বড় চাওয়া। আমরা খেলোয়াড়েরা চাইব, মাঠে ভালো পারফর্ম করতে। আমাদের ওপরও অনেক কিছু নির্ভর করছে। ভালো খেলার জন্য প্রয়োজনীয় অনুষঙ্গ আমরা পাব, এটাই প্রত্যাশা। দীর্ঘমেয়াদি ও ফলপ্রসূ পরিকল্পনা নিলে ফুটবল এগিয়ে যাবে, বিশ্বাস আমার আছে। ফুটবল সারা দেশে নিয়মিত হোক, এটা সময়েরই দাবি। বছরের শেষে হিসাব মেলাতে বসে যাতে আমরা খুশিই থাকতে পারি, সেই প্রত্যাশা রইল।লেখক: জাতীয় ফুটবল দলের অধিনায়ক