ফুটবল মাঠে দাঙ্গার ঘটনায় ২১ জনের মৃত্যুদণ্ড
মিসরের একটি আদালত ফুটবল মাঠে দাঙ্গার ঘটনায় ২১ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন। আজ শনিবার কায়রোর একটি আদালতে বিচারক ওই রায় ঘোষণা করলে নিহতদের স্বজনেরা সন্তোষ প্রকাশ করেন। মৃত্যুদণ্ডাদেশ পাওয়া ওই ২১ জন প্রেসিডেন্ট মুরসির সমর্থক বলে জানা গেছে।বিবিসি জানায়, গত বছরের ফেব্রুয়ারিতে পোর্ট সৈয়দ মাঠে দুই দল ফুটবল সমর্থকদের ওই দাঙ্গায় ৭৪ জন নিহত হন। ওই ঘটনায় ফুটবল লিগটি স্থগিত করা হয়। স্থানীয় আল-মাসরি ক্লাবের সমর্থকেরা খেলা শুরুর মিনিট খানেক পরই মাঠে ঢুকে পড়ে এবং কায়রো থেকে খেলতে আসা আল-আহলি ক্লাবের সমর্থকদের ওপর পাথর ও আতশবাজি ছুড়ে হামলা শুরু করে। এ সময় হুড়োহুড়িতে পড়ে ও শ্বাসরোধ হয়ে ৭৪ জন নিহত হন। পরে সংঘর্ষ পুরো কায়রোতে ছড়িয়ে পড়লে অন্তত ১৬ জন নিহত হন।আদালতের রায়ের পর পোর্ট সৈয়দে নতুন করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আসামিপক্ষের লোকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আটজন নিহত হয়েছেন। এর মধ্যে দুজন পুলিশের সদস্যও রয়েছেন।