ফুটবল মাঠের শিল্পী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৯ সালের আজীবন সম্মাননা প্রাপক হিসেবে নামটা ঘোষিত হওয়ার পর তিনি এগিয়ে গেলেন মঞ্চের দিকে। চলৎশক্তিহীন। তাঁকে ঠেলে নিয়ে যেতে হলো হুইলচেয়ারে বসিয়ে। গোটা হল উঠে দাঁড়িয়ে শ্রদ্ধাবনত।করতালির বৃষ্টিটা কমে এলে কবির আহমেদের দিকে এগিয়ে গেলেন অনুষ্ঠান উপস্থাপক হাবিবুল বাশার। সবচেয়ে বড় গৌরবের পুরস্কার প্রাপকের প্রতিক্রিয়া জানতে সবার মন আইঢাই করে। হাবিবুল বাশারের কোনো ভুল ছিল না। কিন্তু মাইক্রোফোন হাতে তাঁকে আগেই থেমে যেতে হলো। কৌশলে থামিয়ে দিলেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান। না হলে আবেগের একটা উথাল-পাতাল ঢেউ উঠতে পারত। কবির আহমেদ যে কথাও বলতে পারেন না। ২০০২ সালে ব্রেন স্ট্রোক করার পর থেকেই এই ফুটবলারের জীবন আটকে গেছে হুইলচেয়ারে। স্নায়ু অসাড়, নির্বাক। উপস্থাপক মাইক্রোফোন নিয়ে এলেন না। তবে আবেগ ঠিকই এল। ট্রফি হাতে তুলে দেওয়া হলো কোনো রকমে, ধরিয়ে দেওয়া হলো দেড় লাখ টাকার ডামি চেকটা। কবির আহমেদের দুচোখ বেয়ে নামছে শ্রাবণধারা। কত কথা জমে আছে মনের মধ্যে! কিন্তু সেগুলো দলা পাকিয়ে পড়ে থাকল গলদেশেই, বেরোতে পারল না। একটা বোবা কান্নার দমক সবার মধ্যে। গ্রামীণফোন-প্রথম আলো ক্রীড়া পুরস্কারের অন্যতম নির্বাচক, ঢাকার মাঠে তাঁর অনুজ সতীর্থ গোলাম সারোয়ার টিপু কাছে গিয়ে হাত নেড়ে পিছিয়ে এলেন। দুচোখে জল টলটল। প্রবীণ ক্রীড়া সাংবাদিক বন্ধু মোহাম্মদ কামরুজ্জামানকে দেখে তাঁর চোখ চকচক করে উঠল। দুটো হাত বাড়িয়ে দিলেন। আসলে বাড়িয়ে দেওয়ার ব্যর্থ চেষ্টা করলেন। আরেক অনুজ ফুটবলার মোহাম্মদ কায়কোবাদ এসে চোখের জল সামলে সরে গেলেন। একমাত্র সন্তান সাব্বির আহমেদ আবার হুইলচেয়ারটা ঠেলে নিয়ে গেলেন তাঁর বাবাকে, পাশে মা সুফিয়া কবির। যতক্ষণ না ওটা দরজা পেরোলো, হলভর্তি মানুষের চোখ আটকে থাকল সেদিকে।মাঠে যখন খেলতেন সব দর্শকের চোখ এভাবেই আটকে থাকত কবির আহমেদের দিকে। ঝালকাঠির পালট গ্রামে ১৯৩৫ সালে জন্ম। ১৮ বছর বয়সে বিজি প্রেস দলের হয়ে ঢাকার ফুটবলে পা রাখা। সেই থেকেই এ ভূখণ্ডের ফুটবলপিপাসু মনগুলো হলো ওলট-পালট। পুরোনো দিনের সেই ছকে খেলতেন রাইট ইনসাইড ফরোয়ার্ড হিসেবে। ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবে খেলতে খেলতে তৎকালীন পাকিস্তান দলে অভিষেক ১৯৫৫ সালে, খেলেছেন ১৯৬০ পর্যন্ত, এর মধ্যে তিন বছরই ছিলেন সহ-অধিনায়ক। খেলেছেন ১৯৫৮ টোকিও এশিয়ান গেমসে, ১৯৫৯ সালে এশিয়ান কাপ ফুটবলে। ১৯৫৬ সালে মোহামেডান স্পোর্টিং ক্লাবে যোগ দেওয়ার পরই কবির আহমেদের ফুটবল ছড়ায় মধ্যগগনের সূর্যতাপ। ওখানেই সতীর্থ মারী ও আশরাফের সঙ্গে বিখ্যাত ‘ত্রয়ী’ গড়ে তোলা। লেফট ইনসাইড ফরোয়ার্ড চিহ্লা মং চৌধুরী, সেন্টার ফরোয়ার্ড মোহাম্মদ আশরাফ আর রাইট ইনসাইড ফরোয়ার্ড কবির আহমেদের এই চিরস্মরণীয় ত্রহ্যস্পর্শ এ দেশের ফুটবলের ভূগোলটাই পাল্টে দিয়েছিল। গোলাম সারোয়ার টিপু এখনো এই ত্রয়ীর খেলার স্মৃতিতে ডুব দিয়ে যেন শালুক তুলে আনতে পারেন, ‘বাঁদিকে মারীদা ছিলেন বাঁ পায়ের শিল্পী ফুটবলার, মাঝখানে আশরাফ ভাই শ্বাসরুদ্ধকর ফিনিশার, আর ডান দিকে কবির ভাই বল পায়ে শিল্ড করে রাখা এক জাদুকর। কী অদ্ভুত বোঝাপড়া ছিল তাঁদের মধ্যে! মারীদা মাথা নোয়ালেই আশরাফ ভাই বুঝে ফেলতেন বল আসছে। কবির ভাই চকিতে ঘুরলেই আশরাফ ভাই বুঝে ফেলতেন সামনে এগোতে হবে।’ গোলাম সারোয়ার টিপু মনে করেন থেমে থাকা বলে কবির আহমেদের চেয়ে ভালো কোনো খেলোয়াড় এই উপমহাদেশ এখনো দেখেনি। মাঠের বাঁদিকের দুজনই এখন অতীত। বর্তমান হয়ে আছেন শুধু কবির আহমেদ, যিনি ইংলিশ গ্রেট স্ট্যানলি ম্যাথুজের ভক্ত, খেলতেও চাইতেন তাঁর মতোই। কোনো ডিফেন্ডার তাঁর পা থেকে একবারের জন্যও বল কেড়ে নিতে পারলে নির্ঘাত ক্যালেন্ডারের পাতায় দাগ দিয়ে রাখতেন। তখন তো আর ফুটবলে ফার্গুসন-ওয়েঙ্গারদের আগমন ঘটেনি, সিনিয়র খেলোয়াড়দের উপদেশ-পরামর্শই ছিল আসল। কবির আহমেদের স্নেহময় হাতটা সব সময়ই বড়ানো থাকত ছোটদের দিকে। দারুণ রসিক এবং কৌতুকপ্রিয় মানুষটি ড্রেসিংরুম কিংবা খেলার মাঠে সতীর্থদের অবারিত আনন্দে ভরিয়ে দিতেন। কিন্তু গ্রামীণফোন-প্রথম আলো পুরস্কার নেওয়ার সময় সেই তিনিই কথা বলতে পারলেন না। নির্বাক তাকিয়ে থাকলেন সোনালি ট্রফিটার দিকে। সোনালি ট্রফি, নাকি সোনালি অতীত?