ফুটবল স্মারকের সন্ধানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার ফুটপাতের হকারদের মুখে ইদানীং অদ্ভুত সব বোল শোনা যাচ্ছে। ব্রাজিল-১২০, কাকা-১২০, আর্জেন্টিনা-১২০, মেসি-১২০...। পথে হাঁটতে হাঁটতে যদি কখনো এমন ডাক শুনতে পান, মোটেই চমকাবেন না কিন্তু। কেননা, এ হলো ফুটবলভক্তদের কাবু করতে জার্সি বিক্রেতাদের ডাক। সামনেই ফুটবল বিশ্বকাপ, আর তারই প্রস্তুতিতে এ দেশের ফুটবলভক্তদের কাছে বিক্রি করা হচ্ছে প্রিয় দলগুলোর জার্সি। জার্সিতে লেখা আছে আর্জেন্টিনা, ব্রাজিল আর সে দেশের ফুটবলতারকা মেসি, কাকাদের নাম।প্রিয় দল আর প্রিয় তারকার নামখচিত এসব জার্সি পরে রাস্তায় হাঁটার ভাবই অন্য রকম। তার ওপর জার্সি পরলে প্রিয় দলের খেলা দেখার আনন্দেও যোগ হয় বাড়তি পরত। সেই কথাটাই বললেন ব্রাজিলের জার্সি কিনতে আসা আল আমিন, ‘আমি করি ব্রাজিল, আমার ভাই করে আর্জেন্টিনা। সে এখান থেকেই আগেভাগে আর্জেন্টিনার গেঞ্জি নিয়ে গেছে। তাকে বলেছিলাম সেই সাথে আমার জন্যও ব্রাজিলের একটা গেঞ্জি নিতে, নেয় নাই। সেই জন্য আমি নিজেই আসছি ব্রাজিলের গেঞ্জি কিনতে। ব্রাজিলের গেঞ্জি পরে প্রত্যেক বিশ্বকাপে আমি ব্রাজিলের খেলা দেখি, এবারও দেখব।’ ইতিমধ্যেই বঙ্গবন্ধু এভিনিউ আর স্টেডিয়াম মার্কেট এলাকার ফুটপাতের কাপড়ের দোকানে ১০০ থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে বিভিন্ন দেশের জার্সি। অবশ্য আর্জেন্টিনা আর ব্রাজিলের জার্সিই চোখে পড়ে বেশি। খুব সস্তা হলেও বিশ্বকাপ ফুটবলের সবচেয়ে সহজলভ্য যে স্মারক, সেই ফিকশ্চারও পাওয়া যাচ্ছে পথেঘাটে, কখনো এক টাকা দুই টাকা, কখনো একদম ফাউ।মেসি, কাকা, রোনালদো, দ্রগবা, রুনিদের পোস্টার পাওয়া যাচ্ছে নগরের বিভিন্ন স্টেশনারির দোকান, পত্রিকার দোকান আর স্কুল-কলেজের সামনের ফুটপাতে। সস্তায় পেয়ে ছেলেপেলেরা কিনছেও সেসব দু হাত ভরে। কিন্তু সবার কি আর ওটুকুতেই আশ মেটে? আর সেই তৃষ্ণার কথা ভেবেই নগরের বড় বড় ক্রীড়াপণ্যের দোকান এনেছে বিশ্বকাপের দুর্দান্ত সব স্মারক। সেগুলো সংগ্রহ করতে এসব দোকানে হরদম ঢুঁ মারছেন ফুটবলভক্তরা। গুলশানের দোকানগুলোয় ঘুরতে ঘুরতে এ রকমই এক ফুটবলভক্তের সঙ্গে দেখা হয়ে গেল। তাঁর নাম সাজ্জাদুল ইমরাদ। গুলশান-১-এর ডিসিসি মার্কেটের স্পোর্টস গ্যালাক্সিতে বিশ্বকাপের অফিশিয়াল বল কিনতে এসেছিলেন তিনি। বললেন, ‘প্রত্যেকবার বিশ্বকাপের অফিশিয়াল বলটা সংগ্রহ করি। এটা আমার হবি। গতবার ঢাকায় ফুরিয়ে গেছিল বলে সিঙ্গাপুর থেকে আনিয়েছিলাম। এবার অবশ্য অনেক দোকানেই পাওয়া যাচ্ছে। দেখি, বেছে কোনটা থেকে কেনা যায়।’ দোকানে খোঁজখবর করে জানা গেল, এ অফিশিয়াল বলের দাম পড়ছে প্রায় ১৫ হাজার টাকা। অবশ্য এর একটা হুবহু রেপ্লিকাও পাওয়া যাচ্ছে, যার দাম পড়ে দুই হাজার টাকা।এ মার্কেটেরই আরেকটি দোকান ইউনিভার্সাল স্পোর্টসের শোকেসে উঠেছে ব্রোঞ্জ দিয়ে বানানো বিশ্বকাপের রেপ্লিকা। দাম পড়ছে ছয় হাজার টাকা।বিশ্বকাপ ফুটবলের স্মারক নিয়ে এবার বেশ বড়সড় আয়োজন করেছে গুলশান-২ ডিসিসি মার্কেটের স্পোর্টস ওয়ার্ল্ড। বিশ্বকাপের আসল জার্সি থেকে শুরু করে অফিশিয়াল বল, এমনকি মেসি, রোনালদো যে জুতা পায়ে দিয়ে খেলবেন, সেই অ্যাডিডাস এফ ফিফটি আই পর্যন্ত মিলছে এখানে। অবশ্য জুতার দাম শুনে একটু পিলে চমকালেও চমকাতে পারে। একজোড়া এফ ফিফটি আই জুতার দাম পড়ে প্রায় ২৭ হাজার টাকা। এর বাইরেও পাওয়া যাচ্ছে বিশ্বকাপ ফুটবলের জন্য অ্যাডিডাসের বানানো প্রায় সব দলের আসল জার্সি। এক একটা জার্সির দাম পড়বে সাড়ে পাঁচ হাজার টাকা। এ ছাড়া বিশ্বকাপের লোগোযুক্ত চাবির রিং, মগ কিংবা এবারের বিশ্বকাপের মাস্কট ‘জাকুমি’র পুতুলও পাওয়া যাচ্ছে এখানে। পাওয়া যাচ্ছে বিভিন্ন দলের স্কার্ফ, রিস্টব্যান্ড আর ব্যাগ। আসলে ফুটপাত হোক কিংবা বনেদি দোকান, ফুটবলের যে কত ভক্ত রয়েছে এ শহরে, সেটা টের পাওয়া যাচ্ছে দোকানে দোকানে খানিক পরপর জার্সি, পতাকা আর বল কিনতে আসা মানুষের হন্তদন্ত চেহারা দেখে! ধনী হোক কিংবা দরিদ্র, চার বছর পর আবার হাতের নাগালে পাওয়া ফুটবল বিশ্বকাপের ছোঁয়া পেতে পকেট উজাড় করতেও দ্বিধা করছে না তারা!