ফুটবলকে বিদায় জানালেন লেম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় দল থেকে বিদায় নেওয়া হয়েছিল আগেই, বাকি ছিল ক্লাব পর্যায়। সেখান থেকেও বিদায় নিলেন জার্মান গোলরক্ষক জেনস লেম্যান। গতকাল শনিবার তাঁর ক্লাব স্টুটগার্টের হয়ে হফেনহেইমের বিপক্ষে মাঠে নেমে তুলে রেখেছেন তাঁর গ্লাভসজোড়া। সেই সঙ্গে সমাপ্তি ঘটেছে ফুটবলের সঙ্গে তাঁর ২২ বছরের এক আবেগী সম্পর্কের। তবে মাঠের ফুটবলের সঙ্গে সম্পর্কের ইতি ঘটালেও একেবারেই ফুটবল ছেড়ে যাচ্ছেন না লেম্যান। আগামী মাসে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় বিশ্বকাপ ফুটবলে লেম্যানকে দেখা যাবে মাইক্রোফোন হাতে ধারাভাষ্যকারের ভূমিকায়। ১৯৮৮ সালে শাল্কের হয়ে ফুটবল ক্যারিয়ার শুরু করেছিলেন লেম্যান। ২২ বছরে জার্মান বুন্দেসলিগায় এ পর্যন্ত ম্যাচ খেলেছেন ৩৯৪টি। জার্মান জাতীয় দলে সুযোগ পান ১৯৯৮ সালে। তবে এই প্রজন্মের অন্যতম দুর্ভাগা ফুটবলার ছিলেন তিনি। গোলরক্ষক হিসেবে সব ধরনের যোগ্যতা থাকা সত্ত্বেও অলিভার কানের ছায়ার তলেই কাটিয়ে দিতে হয়েছে এই গোলরক্ষককে। জাতীয় দলে সুযোগ পেয়েও ম্যাচ খেলার তেমন একটা সুযোগ হয়নি তাঁর। কেবল ২০০৬-এর বিশ্বকাপে অলিভার কানকে পেছনে ফেলে লেম্যানকে ম্যাচ খেলার সুযোগ করে দেন জার্মান কোচ ইয়ুর্গেন ক্লিন্সম্যান। তবে ২০০৬ সাল থেকে নিয়মিতই জার্মান দলেও গোলবার আগলেছেন তিনি। ২০০৮ সালে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার আগ পর্যন্ত জার্মানির হয়ে ৬১টি আন্তর্জাতিক ম্যাচে অংশ নিয়েছেন লেম্যান। বিদায় নেওয়ার পেছনে যুক্তি হিসেবে বয়সকেই তুলে ধরেছেন লেম্যান। ৪০ বছর বয়স হয়ে গিয়েছে, শরীরটাও আর আগের মতো পোষ মানানো যাচ্ছে না। ফুটবলকে বিদায় জানানোর মুহূর্তে ২২ বছরের স্মৃতির ঝাঁপি খুলে বসেছিলেন তিনি। ২২ বছরের চিরচেনা ভুবন ছেড়ে যেতে কিছুটা আবেগাপ্লুতও বটে। বিদায় বেলায় স্কাই টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাত্কারে লেম্যান বলেন, ‘এই মুহূর্তে অজস্র স্মৃতি মনে পড়ছে। কেমন অনুভব করছি, তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। মাঠের ফুটবলকে প্রতিনিয়ত মিস করব আমি।’