ফুটবলার গোবিন্দ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘অবতার’ শিরোনামে নতুন একটি ছবিতে ফুটবলার চরিত্রে অভিনয় করছেন বলিউডের অভিনেতা ও রাজনীতিবিদ গোবিন্দ। থ্রিলারধর্মী ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন তাঁর বন্ধু পেহলাজ নিহালনি। গত চার বছরে কিছুটা হলেও যেন ঝিমিয়ে পড়েছিলেন গোবিন্দ। তবে অবতার ছবির মাধ্যমে আবারও পুরোনো অবস্থানে ফিরে যাবেন তিনি—এমনটাই প্রত্যাশা করছেন ছবির পরিচালক।এ মুহূর্তে ছবিটির শুটিং চলছে মুম্বাইয়ে। ‘ছবিতে ফুটবলার চরিত্রে অভিনয় করছেন গোবিন্দ। আর এ জন্য তাঁর মুটিয়ে যাওয়া শরীরকে অনেকটাই ফিট করতে হয়েছে। গোবিন্দর এ নতুন রূপ তাঁর ভক্তরা বেশ পছন্দই করবেন।’ ঘনিষ্ঠ একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে এমনটাই জানিয়েছে টিএনএন। ছবিটি সম্পর্কে গোবিন্দ কোনো মন্তব্য করতে রাজি না হলেও, বলিউডের প্রযোজক ও পরিচালক পেহলাজ নিহালনি জানিয়েছেন, ‘গোবিন্দ ও আমি একে অপরের জন্য বেশ লাকি বলা যায়। এর আগে “আঁখে” এবং “শোলা অউর শবনম”-এর মতো ব্যবসাসফল ছবি উপহার দিয়েছি আমরা। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, বর্তমান সময়ে আমরা কেউই বলিউডে খুব একটা ভালো অবস্থানে নেই। তবে যেহেতু আবারও আমরা একসঙ্গে কাজ শুরু করেছি, তাই আমি বলতে পারি, “অবতার” ছবির মাধ্যমে আবারও দর্শকের অঢেল ভালোবাসা পাব আমরা।’