ফুটবলার তৈরির কারখানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুধু মেসি নয়, ফিফা ব্যালন ডি’অরে জয় হলো ‘লা ম্যাসিয়া’রও। বার্সেলোনার ফুটবলার তৈরির এই খামারবাড়ি নিয়ে লিখেছেন রাজীব হাসানঠিক সাতটার মধ্যে ঘুম থেকে ওঠা। প্রাতঃরাশ সারতে সময় মিলবে বড়জোর মিনিট বিশেক। সাড়ে সাতটার মধ্যে নাশতার টেবিলে হাজির হওয়া চাই। সকালের নাশতাটা যে সবাইকে খেতে হয় একসঙ্গে। আটটার সময় মিনিবাসে করে স্কুলে। স্কুল থেকে ফিরে ঠিক দুইটার সময় আবার একসঙ্গে খাবার। দুপুরে হালকা ঘুম কিংবা হোমওয়ার্ক। চারটা থেকে ছয়টা নিবিড় অনুশীলন। সাড়ে ছয়টায় জিম। নয়টায় আবার একসঙ্গে খাবার টেবিলে...ঘড়ির কাঁটার সঙ্গে এভাবে বেঁধে দেওয়া তাদের জীবনের একেকটা দিন। না, কোনো সামরিক একাডেমির দৈনন্দিন সূচি নয়। তবে ফুটবল একাডেমিতেও কিন্তু তৈরি হয় যুদ্ধক্ষেত্রের সাহসী, চৌকষ সব যোদ্ধা। যারা যুদ্ধ করে খেলার মাঠে। কিংবা বলা ভালো তৈরি হয় একেকজন শিল্পী, ভাস্কর। মাঠে যারা পসরা সাজায় ফুটবল-শিল্পের। লা ম্যাসিয়া, বার্সেলোনার খামারবাড়ি। অপরূপ ফুটবলের খামার!অভিধানে নয়, স্বপ্নদ্রষ্টার সত্যিকারের মানে জানতে হলে ইয়োহান ক্রুইফের সঙ্গে যোগাযোগ করুন। আজ থেকে তিন দশক আগে ডাচ কিংবদন্তি যে স্বপ্নের গাছটি বুনেছিলেন, সেটিই এখন ফুলে-ফলে টইটম্বুর। লিওনেল মেসি, জাভি, ইনিয়েস্তা, সেস ফ্যাব্রিগাস, জেরার্ড পিকেদের মতো আজকের তারকা ফুটবলারদের যে বানিয়েছে এই খামার। যে খামার থেকে উঠে এসেছেন এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে সফল কোচদের একজন পেপ গার্দিওলা। যে খামার এবারের ফিফা বর্ষসেরার পুরস্কার দিয়ে ঢুকে গেছে ইতিহাসে। এই প্রথম বর্ষসেরার তিনজনের সংক্ষিপ্ত তালিকায় যে উঠে এলেন একই যুবপ্রকল্প থেকে উঠে আসা তিন ফুটবলার।এর আগে ব্যালন ডি’অরে একই ক্লাবের তিন ফুটবলারের সংক্ষিপ্ত তালিকায় ঠাঁই করে নেওয়ার দুটো নজির আছে। দুটোই এসি মিলানের। ১৯৮৮ সালে ছিলেন মার্কো ফন বাস্তেন, রুদ খুলিত ও ফ্রাঙ্ক রাইকার্ড। পরের বছরও ফন বাস্তেন বর্ষসেরা হন, তৃতীয় হন রাইকার্ড, খুলিতের বদলে দ্বিতীয় ফ্রাঙ্কো বারেসি। ফন বাস্তেন, রুদ খুলিত ও ফ্রাঙ্ক রাইকার্ড তিনজনই হল্যান্ডের। এঁদের মধ্যে ফন বাস্তেন আর রাইকার্ড উঠে এসেছিলেন আয়াক্সের বিখ্যাত যুবপ্রকল্প থেকে। যে প্রকল্প ফুটবল বিশ্বকে উপহার দিয়েছে ইয়োহান ক্রুইফ, ইয়োহান নিসকেন্স, এডগার ডাভিডস, ক্লারেন্স সিডর্ফ, প্যাট্রিক ক্লাইভার্ট, ডেনিস বার্গক্যাম্পের মতো ফুটবলার। বর্তমান তারকাদের মধ্যে ওয়েসলি স্নাইডার, রাফায়েল ফন ডার ভার্ট, এডউইন ফন ডার সারও যে একাডেমির পরিচর্যায় বেড়ে উঠে পা রেখেছেন বিশ্ব-আঙিনায়। এই আয়াক্স যুব একাডেমির অনুকরণে গড়ে তোলা বার্সেলোনার খামারবাড়ি যেন সাফল্যে, সম্ভাবনায় ছাপিয়ে যাচ্ছে পূর্বসুরিকেও!১৯৭৮ সালে বার্সেলোনার হয়ে ফুটবলার ক্যারিয়ারের ইতি এক রকম টেনে দেন ক্রুইফ। সেই সময়ই আয়াক্সের মতো একটা একাডেমি বার্সেলোনাতেও করার প্রস্তাব দেন তখনকার প্রেসিডেন্ট হোসেপ নুনেজের কাছে। প্রস্তাব মনে ধরে নুনেজের। যাত্রা শুরু হয় লা ম্যাসিয়ার। স্বাভাবিকভাবেই যুবপ্রকল্পের মূল দর্শন হয়ে যায় ক্রুইফের টোটাল ফুটবল। এর সঙ্গে মেশে স্পেনের চিরায়ত টিকি-টাকা (ওয়ান-টাচ ফুটবল)। প্রচ্ছন্নভাবে মেশে কাতালোনিয়ার স্বাধীন চেতনাবোধও। আজকের বার্সেলোনা খেলছে সেই ফুটবলই। যুব প্রকল্পের প্রথম ‘গ্র্যাজুয়েট’দের একজন যে ছিলেন আজকের কোচ গার্দিওলা।গার্দিওলার সঙ্গে যুবপ্রকল্প থেকে বেরিয়েছেন গিলের্মো আমর, ক্লাবের স্পোর্টিং ও যুব পরিচালক এখন তিনি। আর ছিলেন গোলরক্ষক কার্লেস বুসকেটস। পরে বুসকেটসের ছেলেও এই একাডেমিতে ফুটবল শিখেছেন। বার্সেলোনা আর স্পেনের মাঝমাঠের অন্যতম ভরসাও হয়ে উঠেছেন মাত্র ২২ বছর বয়সে—সার্জিও বুসকেটস।বার্সেলোনার যুবপ্রকল্পের সোনালি প্রজন্মটাই খেলছে এখন। গার্দিওলা নিজেই বলেছেন, ‘আমরা এমন একটা প্রজন্ম পেয়েছি, যে রকম আরেকটি প্রজন্ম তৈরি করা খুবই কঠিন।’ ১৯৯১ সালে মাত্র ১১ বছর বয়সে যুবপ্রকল্পে যোগ দিয়েছিলেন জাভি। ১৯৯৮ সালে সিনিয়র দলে অভিষেকের পর সেই জাভিই ভেঙে দিয়েছেন বার্সেলোনার পক্ষে সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচে খেলার রেকর্ড। গার্দিওলার ভবিষ্যদ্বাণী ধরে নিলে, বার্সেলোনার জার্সি গায়ে জাভির ম্যাচ খেলার সংখ্যা হবে ৭০০!ইনিয়েস্তা যোগ দিয়েছিলেন ১৯৯৬ সালে, ১২ বছর বয়সে। জটিল হরমোনজনিত সমস্যায় আক্রান্ত ১৩ বছর বয়সী মেসিকে বার্সেলোনায় নিয়ে আসার গল্পটা তো এখন প্রায় সবারই মুখস্থ। যুবপ্রকল্পের ছাত্র ছিলেন অধিনায়ক কার্লোস পুয়োল। বার্সেলোনার হয়ে ছয় টুর্নামেন্টের প্রতিটিতেই গোল করার রেকর্ড গড়া পেদ্রো, গোলরক্ষক ভিক্টর ভালদেজ, উঠতি তারকা বোজান কিরকিচও। কে জানে, এই দশকটাকে এঁরা বার্সেলোনার দশক করে রাখবেন কি না!২০০৯ সালে চ্যাম্পিয়নস লিগজয়ী বার্সেলোনার প্রথম একাদশের সাতজনই ছিলেন লা ম্যাসিয়ার। ২০১০ বিশ্বকাপজয়ী স্পেন দলের ২৩ জনের নয়জন, এর মধ্যে প্রথম একাদশেই ছিলেন ছয়জন: পিকে, পুয়োল, ইনিয়েস্তা, জাভি, বুসকেটস ও পেদ্রো। দুর্বার গতিতে বিশ্বকে পদানত করে এগিয়ে চলা স্পেন দলটায় তাই বার্সার ছায়া প্রকট।মানুষ সাদা চোখে শুধু সাফল্যটাই দেখে। এর পেছনের শ্রম, আত্মনিয়োগ, জিগীষা, দৃঢ় প্রতিজ্ঞা থেকে যায় অজানা। আজকের জাভি-ইনিয়েস্তা-মেসিদের গড়ে তুলেছেন যাঁরা, তাঁদের কথাই বা কজনে জানে।প্রচারের আলো নয়, বিশ্বের নানা প্রান্ত থেকে একেকটি কাঁচা হিরের টুকরো খুঁজে আনতে শ্রম দিয়ে যান ৪০ জন স্কাউট। ১৫ জনের দায়িত্ব শুধু কাতালোনিয়াতেই, নিজের রাজ্য থেকেই খুদে ফুটবলার খুঁজে আনতে সবচেয়ে বেশি আগ্রহ বার্সার। বাকি ১৫ জন স্কাউট কাজ করেন স্পেনের বাকি অঞ্চলগুলোতে। ১০ জন ঘোরেন ব্রাজিল-আর্জেন্টিনা কিংবা আফ্রিকায়।প্রতিবছর প্রাথমিকভাবে বাছাই করে আনা এক হাজার খুদে ফুটবলার থেকে মাত্র ২০০ জনকে ভর্তি করে নেওয়া হয় লা ম্যাসিয়ায়। আবাসিক ছাত্রের সংখ্যা ৭০ জনের মতো। তবে যুব একাডেমিতে যোগ দেওয়া মানেই কিন্তু আগামীর জাভি-ইনিয়েস্তা হওয়ার নিশ্চয়তা নয়। এখন পর্যন্ত লা ম্যাসিয়ার মাত্র ১০ থেকে ১৫ শতাংশ ফুটবলার সুযোগ পেয়েছে বার্সেলোনার মূল দলে। বাকি ৩০-৪০ শতাংশ অন্য কোনো ক্লাবের হয়ে পেশাদার ফুটবল ক্যারিয়ার শুরু করেছে। মানে কিনা, ৬০ শতাংশই শেষ পর্যন্ত আসলে পেশাদার ফুটবলার হয়ে উঠতে পারে না। গত ৩০ বছরে এই একাডেমি থেকে বের হয়ে আসা পেশাদার ফুটবলারের সংখ্যা তাই ৫০০-র এদিক-ওদিক।আগামীর মেসি হওয়ার নিশ্চয়তা না দিতে পারলেও যুব একাডেমি এই নিশ্চয়তা অন্তত দিতে চায়, এই শিশু-কিশোররা যেন ভালো মানুষ হয়ে উঠতে পারে। লা ম্যাসিয়ার পরিচালক কার্লেস ফলগুয়েরা তাই বলছেন, ‘এই একাডেমির ছাত্রটি অবশ্যই সেরা হয়ে উঠবে, তা সে ফুটবলার হিসেবেই হোক, কিংবা মানুষ হিসেবে।’ লা ম্যাসিয়া তাই যতটা না ফুটবলার, তার চেয়েও বেশি যেন মানুষ গড়ার কারখানা। ন্যু ক্যাম্প বানানোর সময় এই খামারবাড়ি ব্যবহূত হয়েছিল ওয়ার্কশপ হিসেবে। স্থপতি-প্রকৌশলী-শ্রমিকেরা দিনভর হাতুড়ি-ছেনি-বাটালি দিয়ে গড়ে তুলেছেন দৃষ্টিনন্দন স্টেডিয়ামটি। এখনো অদৃশ্য হাতুড়ি-ছেনি-বাটালি দিয়ে গড়ে তোলা হচ্ছে আগামীর মেসিদের। নতুন জায়গায় চলে যাচ্ছে বলে ২০১২ সাল থেকে বন্ধ হয়ে যাবে লা ম্যাসিয়া। কিন্তু পড়ে থাকবে অজস্র স্মৃতি। আজ থেকে ৪০ কিংবা ৫০ বছর পর সর্বকালের সেরা ফুটবলারদের একজন হয়ে ওঠা মেসি হয়তো অলস কোনো বিকেলে বেড়াতে আসবেন। অলক্ষ্যে একটা দীর্ঘশ্বাস হয়তো পড়বে তাঁর। মেসির মনে পড়ে যাবে, ওই অযত্নে বেড়ে ওঠা ঘাসের মাঠটাতেই একদিন প্রথম পা পড়েছিল তাঁর!