ফুটবলার হওয়ার গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যে দেশে এখনো খেলাধুলায় মেয়েদের অংশগ্রহণ কম, সেখানে মেয়েরা ফুটবল খেলছেন! কেন বেছে নিলেন ফুটবল? পরিবার, সমাজ কি সর্মথন করেছিল? প্রথমবারের মতো হওয়া ওয়ালটন মহানগর মহিলা ফুটবল লিগের সেরা খেলোয়াড়দের ফুটবলার হওয়ার গল্প থেকে বেরিয়ে এল উত্তরগুলো। সাক্ষাৎকার নিয়েছেন তৌহিদা শিরোপাসর্বোচ্চ গোলদাতা সাবিনা ‘ছেলেবেলা থেকেই খেলার প্রতি ছিল বিশেষ ঝোঁক। পারিবারিকভাবেই প্রত্যেকে বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত। তাই পুরোপুরি পরিবারের সমর্থন পেয়েছি। কোনো রকম বাধাবিপত্তি আসেনি।’ বলছিল শেখ জামালের স্ট্রাইকার সাবিনা খাতুন। এই টুর্নামেন্টে সাবিনা সবচেয়ে বেশি—২৫টি গোল দিয়েছে। সাতক্ষীরায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে দশম শ্রেণীতে পড়ে সাবিনা। ‘ফুটবলার হওয়াই জীবনের স্বপ্ন ছিল। ‘সাতক্ষীরায় জেলার মেয়েদের যে বিশেষ দল আছে সেখানে নিয়মিত প্রশিক্ষণ নিয়েছি। তাদের মাধ্যমেই ঢাকায় আসা। কোনো চড়াই-উতরাই পার না হয়ে এত দূর আসতে পেরেছি। আর আমার ক্লাব বিজয়ী হয়েছে—এ আনন্দ তো ভাষায় প্রকাশ করা যাবে না।’সাবিনার ইচ্ছা, মেয়েরা যেন ঢাকায় এসে খেলতে পারে সেই সুযোগ-সুবিধা তৈরি করে দেওয়া। প্রতিবছর এ ধরনের টুর্নামেন্ট আয়োজন করলে মেয়েরা উৎসাহী হবে। তাদের আগ্রহ বাড়বে। একজন খেলোয়াড় হিসেবে দেশকে সবচেয়ে ভালো কিছু উপহার দিতে চায় সাবিনা। অধিনায়ক তৃষ্ণা চাকমা‘আমার শুরুটা হয়েছিল মাধ্যমিক পর্যায়ে থাকতেই। সে সময় স্কুলে হ্যান্ডবল, ভলিবল খেলতাম। খাগড়াছড়িতে জেলা পর্যায়ে খেলা শুরু করলাম। এরপর ঢাকায় এলাম খেলতে। তখনো ফুটবল খেলব—এসব ভাবিনি।’ বলছিলেন শেখ জামালের অধিনায়ক তৃষ্ণা চাকমা, ‘সেবার আনসার থেকে আমার ডাক আসে। আমার কোচকে তারা প্রস্তাব দেয়। চাকরিও পাব, আবার খেলাধুলাও করা হবে। সুযোগটা হাতছাড়া করলাম না। যোগ দিলাম আনসারে। এখানে এসে প্রথম ফুটবল খেলি আমি। সেই থেকে শুরু।‘আমরা চার বোন এক ভাই। সবাই কমবেশি খেলাধুলা করে। মা-বাবাও খুব উৎসাহ দেন। বাবা ব্যবসায়ী আর মা গৃহিণী। তবে আমার আজকের এ অবস্থানে আসার পেছনে বড় মামার অনুপ্রেরণা সবচেয়ে বেশি ছিল। আমি আসলে তেমন কোনো বাধাবিপত্তি পাইনি। আর এখন তো চাকরি করি। সেখান থেকে খেলি। পরিবারকে আর্থিকভাবে সাহায্য করতে পারি। এটা অনেক আনন্দের আমার জন্য। আমার স্বপ্ন ভালো ফুটবলার হওয়ার। তবে ফুটবলজগতে মেয়েদের আরও অংশগ্রহণ বাড়াতে হবে। আমাদের ক্লাব যেভাবে সাহায্য-সহযোগিতা করেছে, অন্য সবাই যদি এভাবে এগিয়ে আসে তাহলে অনেক মেয়ে আগ্রহী হবে। দেশের আনাচে-কানাচে প্রতিভাবান খেলোয়াড় আছে। পৃষ্ঠপোষকতা পেলে তারা তাদের যোগ্যতা প্রমাণের সুযোগ পাবে। এই লিগ না হলে আমাকে তো কেউ চিনত না। সাধারণ মেয়ে হয়ে জীবন কাটাতে হতো। নিজের আলাদা একটা পরিচিতি হয়েছে। ফুটবল খেলতে পেরে সত্যিই এখন গর্ব বোধ করি।’ লিগসেরা সুইনু প্রু‘কীভাবে ফুটবলে পা দিতে হয় তাও জানতাম না। সেই আমি এখন নিয়মিত ফুটবল খেলি—ভাবলেই অবাক লাগে। স্কুলে ছোট থেকেই খেলতাম। ১০০ মিটার, ২০০ মিটার দৌড়ে আমাকে কেউ হারাতে পারত না। ‘সব সময় চ্যাম্পিয়ন হয়েছি। মা সব সময় আমাকে অনুপ্রেরণা দিতেন। কত যে স্বপ্ন ছিল তাঁর আমাকে নিয়ে! এখন আমি ফুটবল খেলোয়াড় হয়েছি। মা বেঁচে থাকলে অনেক খুশি হতেন।’ বলছিলেন সুইনু প্রু। রাঙামাটিতে বেড়ে ওঠা সুইনুরা তিন বোন এক ভাই। বাবা কৃষিকাজ করেন। বড় বোনের লেখাপড়া শেষে বিয়ে হয়েছে। ছোট বোন মাইনুও মোহামেডানে তাঁর সঙ্গে ফুটবল খেলেন। পাশাপাশি দুই বোনই আনসারে কর্মরত। সুইনু বলেন, ‘এখনো ভালো কিছু করার চেষ্টা করছি। আদর্শ খেলোয়াড় হতে চাই। অবাস্তবতার পরিপ্রেক্ষিতে স্বপ্ন দেখলে তা ভঙ্গ হয়। ছেলেদের মতো মেয়েরা ফুটবলে সমান সুযোগ-সুবিধা পায় না। পেশা হিসেবে নিতে চাইলে সেসব থাকা দরকার। বড় ক্লাবগুলোকে এগিয়ে আসতে হবে। প্রতি মৌসুমে টুর্নামেন্ট আয়োজন করতে হবে। তাহলে মেয়েরা এগিয়ে আসবে।’মাহফুজা আক্তার চেয়ারম্যান, মহিলা উইংশেখ জামালদেশের প্রথম মহিলা ফুটবল লিগে অংশ নেওয়াটাই একটা বড় বিষয় ছিল। সেখানে আমরাই বিজয়ী। ইতিহাসের অংশ হতে পেরে অন্য রকম লাগছে। ওদের যথাযথ প্রশিক্ষণ দিয়েছি। খেলোয়াড়রাও তাঁদের সর্বোচ্চটুকু দিয়েছেন। এ ধরনের লিগের আয়োজন প্রতিবছর করতে চাই। এতে করে মেয়েরা উৎসাহী হবেন। নতুন খেলোয়াড় তৈরি হবে। আমরা সব ধরনের সুযোগ-সুবিধা দিতে চাই, যাতে তাঁরা আত্মতৃপ্তি পান। তা না হলে পেশাদার খেলোয়াড়সুলভ মনোভাব গড়ে উঠবে না।কামরুন নাহার ডানাজাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ ও সংগঠকযেকোনো কিছুর শুরুটাই কঠিন। তাও যদি আমাদের দেশের মতো সামাজিক অবস্থায় মেয়েরা ফুটবল খেলে! ২০০৩ সালে প্রথম আমরা মেয়েদের ফুটবল খেলার উদ্যোগ নেই। ২০০৪ সালে একটি টুর্নামেন্ট আয়োজন করা হয়। তখন তো মৌলবাদীরা মিটিং-মিছিল করেছিল। তারা চেয়েছিল মেয়েরা যেন ফুটবল খেলতে না পারে। সে সময় বাংলাদেশ মহিলা পরিষদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট, কর্মজীবী নারীসহ নানা সংগঠন এবং বিশিষ্ট ব্যক্তিরা পাশে ছিলেন। সবার প্রচেষ্টায় বড় বড় বাধা পেরিয়ে এসেছি। এখন জাতীয়-আন্তর্জাতিক সব পর্যায়ে আমাদের মেয়েরা খেলছে। এই ধারা অব্যাহত রাখতে হবে।কাজী সালাউদ্দিনসভাপতি, বাংলাদেশ ফুটবল ফেডারেশনসারা বছর নানা টুর্নামেন্ট আয়োজন করা হবে। এবার হলো মহিলা ফুটবল লিগ। সামনে হবে করপোরেট ফুটবল লিগ। এই ধারা অব্যাহত থাকবে। বছরজুড়ে তাঁদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। কোনো কিছুর শুরুতে এর পক্ষে-বিপক্ষে নানা মত থাকে। সেসব অতিক্রম করে সামনে এগিয়ে যেতে হয়। সব ক্লাব এই লিগের আগে তেমন কোনো আগ্রহ দেখায়নি। তারা বুঝতে পারছিল না, এটি সফল হবে কি না। যেহেতু শেষ পর্যন্ত এটি সফলভাবে শেষ হয়েছে, এখন অনেকে উৎসাহী হবে। আর মেয়েরা কেউ কেউ পেশা হিসেবে বেছে নিচ্ছে ফুটবল খেলাকে। এটি দেশের জন্য ইতিবাচক দিক।