ফুটবলারদের বাড়ি-যন্ত্রণা
ফুটবলার, বিশেষ করে ইংলিশ ফুটবলারদের আয়েশি জীবনযাপনের কথা কে না জানে? ব্যাপারটা এমন—দুই পায়ে টাকা আসে, উড়ে যায় দুই হাতে! এর ভালো প্রমাণ তাঁদের বিলাসবহুল বাসভবন। তবে সেই বাড়ি, অধিকাংশ সময়ে তাদের মাথায় ‘বাড়ি’ মেরে বসে! কীভাবে? অমিতব্যয়ী ইংলিশ ফুটবলাররা অধিকাংশ সময়ই বাড়ি কেনেন ঝোঁকের মাথায়। তাঁদের স্ত্রী ও বান্ধবীরাও প্রত্যেকে একেকজন বড় তারকা। তাই খেয়ালখুশির মাত্রা হয় দ্বিগুণ। আর লোকে যখন শোনে, অমুক ফুটবলার এবং তাঁর তমুক তারকা স্ত্রী বাড়ি কিনতে এসেছেন, তখন তাঁরা দাম হাঁকিয়ে বসেন আকাশছোঁয়া। অধিকাংশ সময়ই স্বাভাবিকের চেয়ে বেশি টাকা দিয়ে তা কিনেও নেন বেচারা ফুটবলাররা। কিন্তু তাঁরা যখন বাড়ির বিক্রেতা তখন ঘটে উল্টোটা। পানির দরে বিকোয় বাড়ি!কিছুদিন আগে বাড়ি নিয়ে তেমনি এক ঝামেলায় পড়েন অ্যাশলি কোল। অনেক শখ করে শ্যাকলফোর্ডের সারেতে একটি বাড়ি কিনেছিলেন অ্যাশলি ও স্ত্রী শেরিল। ১৯ শতকের হার্টমোর হাউস নামের সেই বাড়িটি তাঁরা কিনেছিলেন ৩ দশমিক ৫ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে। শুধু তা-ই নয়, বাড়িটিকে ঘষামাজা করে আরও ঝা-চকচকে করতেও তাঁরা ঢেলেছিলেন বিস্তর টাকা-পয়সা। অ্যাশলি-শেরিলের ছাড়াছাড়ির গুঞ্জন উঠতেই বাড়ি বিক্রির সিদ্ধান্ত নেন তাঁরা। কিন্তু বাড়ি কিনতে এসে কেউই সেটির ছাদের দামটি পর্যন্ত বলছেন না! বাড়ি নিয়ে বেকায়দায় শুধু কোলই পড়েননি। সেই তালিকায় আছেন চেলসি স্ট্রাইকার দিদিয়ের দ্রগবাও। অক্সশটে ক্রাউন এস্টেট নামের একটি বাড়ি কিনেছিলেন। কিন্তু কদিন বাদেই দ্রগবা দেখলেন বাড়িটিতে অবস্থানের কারণে তাঁর গোপনীয়তা বলে কিছু থাকছে না। আর তাই বাড়ি বিক্রির সিদ্ধান্ত। এবং যথারীতি পানির দরে বিকিয়ে দেওয়া!এভারটনের ফিল নেভিলকেও পোহাতে হয়েছিল তেমনি এক লোকসানের ধাক্কা। সেই বাড়িটির ছাদ ছিল পুরোটাই সোনায় মোড়ানো। আর সাজসজ্জার পেছনেও বিপুল অর্থ ঢেলেছিলেন স্ত্রী জুলির পছন্দমতো। কিন্তু হায়, বিক্রির সময় যেখানে ৪ মিলিয়ন পাউন্ড হাঁকিয়েছিলেন, সেখানে জুটেছিল মাত্র দেড় মিলিয়ন পাউন্ড!তবে, বাড়ি নিয়ে শান্তিতেই আছেন ওয়েইন ও কলিন রুনি। রুনি দম্পতি তাঁদের বাড়ি সাজিয়েছেন রোমান ধাচের স্নানঘর, সুইমিং পুল, দেয়ালজোড়া টেলিভিশন দিয়ে। এ ছাড়া হাজার পাউন্ড দামি সাদা রঙের চামড়ার সোফা, বিলাসবহুল ট্রফি রুম, ডিসপ্লে কেবিনেট তো আছেই। আছে বিশাল বাগান। ৫০ হাজার পাউন্ড খরচা করে বসিয়েছেন গ্রিক ভাস্কর্য। সেই সুখের আলয় বিকোনোর মতো সিদ্ধান্তে এখনো যেতে হয়নি তাঁদের।ফুটবলারদের বিলাসবহুল অন্দরমহলের খবর বলে শেষ করা কঠিন। স্টিভেন জেরার্ডের কথাই ধরুন। কী নেই তাঁর বাড়িটিতে! বাড়তি ৩ লাখ ৫০ হাজার পাউন্ড খরচ করে বিশাল এক বাগান তৈরি করেছেন তিনি।আরেক তারকা থিয়েরি অঁরিরও একটি বাড়ি আছে লন্ডনে। ২০০২ সালে ৫ দশমিক ৯ মিলিয়ন পাউন্ডে কিনেছিলেন তা। কিন্তু বার্সেলোনা ছাড়ার পর সেই বাড়িটিতে আর অঁরির পদধূলি পড়ে না বললেই চলে। তাই অনেকেই সেই বাড়িটি কেনার আশায় বসে আছেন। কিন্তু বাড়ির ‘বাড়ি’ খাওয়ার ভয়েই কিনা, অঁরি বাড়িবিক্রেতার তালিকায় নাম লেখাচ্ছেন না। তবে চমক দেখিয়েছেন ফিল নেভিলের ভাই গ্যারি। ম্যানচেস্টার ইউনাইটেডের এই অধিনায়ক পুরো কার্বনমুক্ত একটি বাড়ি বানানোর অনুমতি পেয়েছেন। চারটি শয়নকক্ষবিশিষ্ট এবং ফুলাকৃতির সেই বাড়ি নাকি আবার পানিতে ডুবলেও কিছু হবে না! তবেই বুঝুন টাকার শ্রাদ্ধ কাকে বলে!তবে, সেই বাড়িটি যদি কখনো বিক্রি করতে হয়? উত্তর নিশ্চয়ই জানা আছে আপনার। বড়ই আফসোস! দ্য টেলিগ্রাফ অবলম্বনে মাহফুজ রহমান