ফুটবলারদের মৌসুমি ‘ফিফটি’
এক মৌসুমেই ক্রিস্টিয়ানো রোনালদো আর লিওনেল মেসির গোলের ‘ফিফটি’। এই দুই তারকার অর্জনে এক মৌসুমে গোলের ‘ফিফটি’ করাটাকে যতটা সহজ মনে হচ্ছে, আসলে তা নয়। লিখেছেন রাজীব হাসানক্যাপ পরে তো ফুটবলাররা খেলেন না। হাতে তাঁদের ব্যাট থাকার প্রশ্নও ওঠে না। আর তাই ‘ফিফটি’ হলে ক্যাপ খুলে কিংবা ব্যাটটা উঁচিয়ে দর্শকের অভিবাদনের জবাব দেওয়ার যে ক্রিকেটীয় কেতা; সে রকম কিছু লিওনেল মেসি কিংবা ক্রিস্টিয়ানো রোনালদো করেননি। করার সুযোগও ছিল না। মেসি তাঁর মতোই বালকসুলভ হাসি দিয়ে উদ্যাপন করেছেন ‘ফিফটি’। রোনালদোর উদ্যাপনেও যেমন মিশে ছিল দাম্ভিকতা, একটু ভাব নেওয়া।কিন্তু এ সময়ের এই দুই তারকার ফিফটির প্রসঙ্গ আসছে কেন? সাত খণ্ড রামায়ণ পড়ার পরও সীতার মাতৃত্ব-সংক্রান্ত এমন প্রশ্ন যদি আপনার মনে আসে, বলতেই হচ্ছে, আপনি লোকটা বড্ড বেরসিক। অন্তত ফুটবল-রসের ‘ও’ নেগেটিভ ঘাটতি তো আছেই। মেসি-রোনালদো দুজনই যে এবার পাঞ্জা লড়াই করে গেলেন গোলের ময়দানে, সে খবর বুঝি কিছুই রাখেন না!প্রথমে গোলের ফিফটি করেছেন মেসিই, ২৩ এপ্রিল ওসাসুনার বিপক্ষে ম্যাচে। রোনালদো তখনো মাদ্রিদ-বার্সেলোনা হাঁটাপথের দূরত্বে। শেষ চার ম্যাচে ১১ গোল করে শুধু ফিফটিই পূর্ণ করলেন না, একটা সময় রোনালদো মেসিকে ছাড়িয়েও গেলেন। যদিও মৌসুম শেষে গোলসংখ্যায় সমতা। এবং এই দুজনের সৌজন্যে ফুটবলপ্রেমীরা অভূতপূর্ব এক ইতিহাসের সাক্ষী হলো। এই প্রথম ইউরোপের শীর্ষ পর্যায়ের ক্লাব ফুটবলে দুই খেলোয়াড় একই মৌসুমে করলেন গোলের ফিফটি, সেটিও একই লিগে।কত বিরাট এই অর্জন, সেটি বুঝতে হলে পাশের ছকটায় চোখ বোলান। ইউরোপের ক্লাব ফুটবলে (শক্তির বিচারে পিছিয়ে থাকা স্কটিশ, হাঙ্গেরিয়ান আর পর্তুগিজ লিগ ধরেও) এর আগে মাত্র দশজন খেলোয়াড় মোট ১২ বার এক মৌসুমে করতে পেরেছিলেন পঞ্চাশ কিংবা তারও বেশি গোল। যে দুই খেলোয়াড় দুই মৌসুমে এমন গোলের বন্যা ছুটিয়েছিলেন, তাঁদের একজন জার্মান কিংবদন্তি জার্ড মুলার। মুলার যতটা পরিচিত, অন্য কীর্তিমান ততটাই অচেনা। তিনি ব্রাজিলিয়ান মারিও জার্দেল। প্রথমবার ১৯৯৯-২০০০ মৌসুমে এফসি পোর্তোর হয়ে করেছিলেন ৫৪ গোল (লিগে ৩৮, কাপে ৬, ইউরোপে ১০)। এক মৌসুম বিরতি দিয়ে এবার স্পোর্টিং ক্লাব ডি পর্তুগালের হয়ে করলেন ৫৫ গোল। এর মধ্যে ৪২টি গোলই করেছেন পর্তুগিজ লিগে। মজার ব্যাপার হলো, নিয়মিতই ক্লাব ফুটবলে এমন গোলের বন্যা ছুটিয়ে দিলেও ব্রাজিল দলের হয়ে খেলতে পেরেছেন মাত্র ৭ ম্যাচ!সেদিক দিয়েও মুলারের ছবিটা একেবারেই আলাদা। জার্মানি দলের সর্বোচ্চ গোলদাতা মুলার বায়ার্নের হয়ে টানা দুই মৌসুমে (১৯৭১-৭২ ও ১৯৭২-৭৩) যথাক্রমে ৫০ ও ৫৪ গোল করেন। মুলারের দুর্দান্ত ফর্ম আসলে ১৯৭০ সাল থেকেই চলে আসছিল। ওই বছর ইউরোপের বর্ষসেরা ফুটবলার হয়েছিলেন, ’৭০ বিশ্বকাপে ১০ গোলও করেছিলেন। মুলারের মৌসুমে ‘ফিফটি’ করার কৃতিত্বটাও অনেক আগের। আসলে সাম্প্রতিক সময়ে, ১৯৯৯-২০০০ মৌসুম থেকে জার্দেল, মেসি, রোনালদো ছাড়া মৌসুমে গোলের ফিফটি করেছেন আর একজনই—হেনরিক লারসন। ২০০০-০১ মৌসুমে স্কটিশ ক্লাব সেল্টিকের হয়ে ৫৩ গোল করেন এই সুইড স্ট্রাইকার। সেল্টিকের হয়েই ক্যারিয়ারের সবচেয়ে সুবর্ণ সময় কাটিয়েছেন। সাত মৌসুমে করেছিলেন ২৪১ গোল। এই সাফল্যই বার্সেলোনার দুয়ার খুলে দিয়েছিল তাঁর সামনে। যদিও বার্সার হয়ে দুই মৌসুমে ছিলেন চরম ফ্লপ।জার্দেল-রোনালদো-মেসিদের জন্য মৌসুমে গোলের ফিফটি করা একই সঙ্গে সহজ এবং কঠিন। এখন ক্লাব ফুটবল অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে, এসেছে আরও বেশি পেশাদারি। এ কারণেই স্প্যানিশ লিগে রোনালদোর ৪০ গোলের রেকর্ডটাকে অনেক বড় করে দেখা হচ্ছে। আবার তাঁদের জন্য কাজটা সহজও, কারণ এখন ক্লাব ফুটবলে আগের চেয়ে ম্যাচের সংখ্যা বেশি। ১৯৫৫ সালের আগে তো ইউরোপীয় কোনো টুর্নামেন্টই হতো না। এ কারণেই ডিক্সি ডিনের মৌসুমে ৬৩ গোলের রেকর্ডটা আজও আলোচিত। ১৯২৭-২৮ মৌসুমে এভারটনের হয়ে ডিন লিগেই করেছিলেন ৬০ গোল, বাকি তিনটি কাপে। মজার তথ্য হলো, মৌসুমে সবচেয়ে বেশি গোলের রেকর্ডটা কিন্তু তার পরও ধরে রাখতে পারেননি ডিন। ১৮ বছর পর ৬৬ গোল করে সেটি ভেঙে দেন হাঙ্গেরির ফেরেঙ্ক... না, পুসকাস নন, ডিয়াক—ফেরেঙ্ক ডিয়াক। তাঁর ৬৬ গোলের প্রতিটি এসেছিল লিগে। ১৯৪৫-৪৬, ১৯৪৬-১৯৪৭ এবং ১৯৪৮-১৯৪৯ মৌসুমে ইউরোপের সর্বোচ্চ গোলদাতাও হয়েছিলেন। সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন ১৯৪৭ সালে হাঙ্গেরির জেতা বলকান কাপ টুর্নামেন্টেও।তালিকায় নাম নেই, তার পরও লুইস সুয়ারেজকে দিয়ে লেখাটা শেষ হওয়া উচিত। উরুগুয়ের এই স্ট্রাইকার ২০১০ সালটি স্মরণীয় করে রেখেছেন। স্মরণীয় হয়ে থাকবে তাঁর বিশ্বকাপটিও। না, তিনটি গোল করার জন্য নয়; সুয়ারেজ এর চেয়েও বেশি স্মরণীয় হয়ে থাকবেন হাত দিয়ে গোল ঠেকানোর জন্য! ২০০৯-১০ মৌসুমটাও দারুণ কেটেছে গত মৌসুমে লিভারপুলে নাম লেখানো এই স্ট্রাইকারের। আয়াক্সের হয়ে ৪৮ ম্যাচে করেছিলেন ৪৯ গোল। ইস্, একটুর জন্য ফিফটিটা হলো না!