ফুটবলে কথার লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোজা, চোখা, বাঁকা, তির্যক কত রকমই না কথা। কিন্তু তা যখন কথার বিপরীতে, তখনই সেটা কথার লড়াই। ফুটবলের আকর্ষণীয় সে রকম কিছু লড়াই তুলে ধরা হলোইতো বনাম মিলাগত বিশ্বকাপের আগের কথা। রজার মিলা পুরোনো কথার সিন্দুকের ডালাটি হুট করেই মেলে ধরলেন। যে সিন্দুক থেকে বেরোল একের পর এক কথার ভিমরুল। সোজা গিয়ে হুল ফোটাল স্যামুয়েল ইতোর শরীরে। পরিস্থিতি এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছিল, বিশ্বকাপের দল থেকেই নাম প্রত্যাহার করে নেওয়ার কথা ভেবেছিলেন ইতো। ১৯৯০ ইতালি বিশ্বকাপের নায়ক মিলা কী এমন বলেছিলেন? বলেছিলেন, ক্লাব ফুটবলের সফলতম তারকাদের একজন ইতো জাতীয় দলের হয়ে তো কিছুই জিততে পারল না। বেহক কথা নয়। তবে এর মধ্যে সূক্ষ্ম খোঁচা ছিল—ইতো জাতীয় দলের হয়ে সেভাবে নিজেকে উজাড় করে দেন না। এমন মন্তব্যও করেছিলেন, ইতো জাতীয় দলের জন্য আশীর্বাদ নয়; উৎপাত! মোক্ষম পাল্টা জবাব দিয়েছিলেন ইতো। সেই সঙ্গে মনে করিয়ে দিয়েছিলেন, মিলা যে দলটার অংশ ছিলেন, আর তিনি নিজে যে দল পেয়েছেন, সেই দুই দলের মধ্যে আকাশ-পাতাল ফারাক, ‘তিনি নিজে কী জিতেছেন? ভেবে অবাক হই, এরা কি সত্যিই আমার নিজের দেশের মানুষ? আমার আপনজন? এই দলটা কি বিশ্বকাপে যাওয়ার যোগ্য?’জিদান বনাম মাতেরাজ্জি২০০৬ বিশ্বকাপ, জিনেদিন জিদান আর মার্কো মাতেরাজ্জি...ব্যস্, এইটুকুই। আর কিচ্ছু বলার দরকার নেই। আপনার মনের পর্দায় এমনিতেই সচল হয়ে যাবে প্রজেক্টর। তাতে ভেসে আসবে সেই ‘ঐতিহাসিক’ ঢুস। যে ঢুসের ধাক্কায় মাতেরাজ্জি হয়তো চিত্তির হয়ে পড়ে গেছেন, কিন্তু বলা হয়, পড়ে গিয়েছিল আসলে ফ্রান্সের বিশ্বকাপ জেতার শেষ আসা। জিদান যে এরপর লালকার্ড দেখে মাঠ ছাড়লেন। কিন্তু কী এমন বলেছিলেন ইতালির ডিফেন্ডার, যে কথা মাথায় আগুন ধরিয়ে দিয়েছিল ফ্রান্সের কান্ডারির? এ নিয়ে বিস্তর লেখালেখি হয়েছে, কাগজ আর কলমও খরচ হয়েছে ঢের। সবচেয়ে প্রচলিত কেচ্ছাটি এ রকম: মাতেরাজ্জি জিদানের জার্সি ধরে টান দিয়েছিলেন। ভদ্রলোকের মতো জিদান বলেছিলেন, ‘তোর শার্টটা দরকার, বেশ তো খেলা শেষে দিয়ে দেব।’ মাতেরাজ্জি জবাব দিয়েছিলেন, ‘শার্টের বদলে তোর বেশ্যা বোনটাকেই আমার বেশি পছন্দ।’ এরপর জবাব দিতে আর মুখ খরচ করেননি জিদান। মাথাটা কেমন ‘হট’ হয়ে গিয়েছিল সেটা বোঝাতে সোজা মেরে বসেছেন ঢুস।ফার্গুসন বনাম কিগান, মরিনহো, ওয়েঙ্গার, বেনিতেজ২৫ বছরের রাজত্বে ফার্গুসনের কথার শূলে বিদ্ধ হয়েছেন অনেকেই। অবশ্য বৃথা বাক্য ব্যয়ে বিশ্বাসী নন ফার্গি। তাঁর প্রতিটা কথার লড়াইয়ের পেছনে থাকত সুচিন্তিত কৌশল। বেশির ভাগ বাক্যবাণই তিনি ছুড়েছেন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে মানসিক লড়াইয়ের অংশ হিসেবে। শিরোপার প্রধান তিন বাধা—চেলসি কোচ হোসে মরিনহো, আর্সেনালের আর্সেন ওয়েঙ্গার, লিভারপুলের রাফা বেনিতেজ—এঁদের সঙ্গে কথার লড়াই বেশ জমত ফার্গির। কখনো-সখনো নিউক্যাসলের কোচ কেভিন কিগানকেও টেনে আনতেন কথার মল্লযুদ্ধে। তবে এঁদের মধ্যে সবচেয়ে বেশি পাল্টাপাল্টি কথার তোপ দেগেছেন ফার্গুসন আর ওয়েঙ্গার। ১৯৯৬ সালে আর্সেনালের কোচ হয়ে আসার পর ওয়েঙ্গার দাবি করেন, ইংলিশ প্রিমিয়ার লিগের সূচি সব সময় ম্যানইউর পক্ষে যায়। জবাবে ফার্গুসন বলেন, ‘ও একজন ফরাসি, মাত্রই জাপান থেকে এল, ফুটবলের ও বোঝেটা কী?’মরিনহো বনাম বাকি সবাই!‘মুখরা’ বিশেষণটি নাকি স্ত্রীবাচক। এ কারণেই হোসে মরিনহোর সামনে সেই বিশেষণটি ব্যাকরণগত গুরুচণ্ডালী। তবে মরিনহো যেমন সবকিছুতেই ‘কুছ পরোয়া নেহি’, চাইলে আপনিও ব্যাকরণকে হাসজারু বানিয়ে মরিনহোর সামনে ‘মুখরা’ বসিয়ে দিতেই পারেন। পর্তুগিজ এই কোচের মাথার ভেতর ফুটবলীয় চাল বেশি চলে নাকি তাঁর ঠোঁটজোড়া—সেই হিসাব এখনো করে উঠতে পারেনি কেউ। যথেষ্ট বিনয়ের সঙ্গে রিয়াল মাদ্রিদ কোচকে কথা-দস্যু কিংবা কথা-বিভীষণ উপাধিও আপনি দিয়ে দিতে পারেন। মরিনহোর সঙ্গে কথার লড়াই জমাতেও সে রকম ওস্তাদ লোক দরকার পড়ে। স্প্যানিশ ফুটবলে এখনো যোগ্য প্রতিপক্ষ মরিনহো খুঁজে পাচ্ছেন না। তবে ইংল্যান্ডে থাকার সময় আর্সেন ওয়েঙ্গার, রাফা বেনিতেজ আর অ্যালেক্স ফার্গুসনের সঙ্গে জমত বেশ। সবচেয়ে বেশি জমত ওয়েঙ্গারের সঙ্গে। ওয়েঙ্গার যে দলকে দীর্ঘদিন কোনো শিরোপাই এনে দিতে পারেননি, সুযোগ পেলেই সেটা জানিয়ে দিতেন। ইংলিশ ফুটবলে পা দিয়েই নিজেকে ‘স্পেশাল ওয়ান’ ঘোষণা দেওয়া মরিনহোর বাক্যবাণ থেকে রেহাই পাননি চেলসিতে তাঁর পূর্বসূরি ক্লদিও রানিয়েরিও। তাঁরই গড়ে দেওয়া দল নিয়ে মরিনহো সাফল্য পাচ্ছেন—রানিয়েরির এমন মন্তব্যের পাল্টা জবাবে মরিনহো বলেছিলেন, তিনি পাঁচ বছর ইংল্যান্ডে থেকে ‘গুড মর্নিং’ আর ‘গুড আফটারনুন’ই তো ঠিকমতো বলতে শেখেননি। চেলসি থেকে ইতালিতে গিয়ে সেখানেও শত্রুসংখ্যা বাড়িয়েছেন। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য কাতানিয়া পরিচালক পিত্রো লো মোনাকোকে দেওয়া পাল্টা জবাব। বলেছিলেন, ‘আমি তো তাঁকে চিনিই না। মোনাকো বলতে আমি বুঝি বায়ার্ন মোনাকো (মিউনিখ), মোনাকো জিপি (রেস), তিব্বতীয় মোনাকো (মঙ্ক—ভিক্ষু)।’ স্পেনে আসার পর বার্সার দিকে বহু তোপই দাগিয়েছেন। এর মধ্যে ছিল গত চ্যাম্পিয়নস লিগে বার্সা আর উয়েফাকে জড়িয়ে দেওয়া জ্বালাময়ী সব বক্তব্য। উয়েফা নাকি বার্সাকে সব সময়ই চ্যাম্পিয়ন বানায় ইউনিসেফের স্বার্থে!পেলে বনাম ম্যারাডোনাফুটবলের ধ্রুপদি কথার লড়াইয়ের স্রষ্টা ওপরের কেউ নয়; সর্বকালের সেরা দুই ফুটবলার পেলে আর ম্যারাডোনা। কে সেরা—পেলে নাকি ম্যারাডোনা, এই বিতর্ক যেমন শেষ হয়নি; তেমনি ব্রাজিল-আর্জেন্টিনার এই দুই কিংবদন্তি সুযোগ পেলেই দুজন দুজনকে খোঁচান। ২০০০ সালে ফিফা সর্বকালের সেরা নির্বাচন করতে ভোটাভুটির আয়োজন করে। তাতে বিপুল পরিমাণে ভোট পেয়ে সেরা হয়ে যান ম্যারাডোনা। কিন্তু ফিফা কূটনৈতিক সমাধানের পথ বেছে নিয়ে ম্যারাডোনার পাশাপাশি পেলেকেও যৌথ সেরা ঘোষণা করে। এতে সমাধান তো হয়নি, বরং দুজনের কথার দ্বৈরথ আরও উসকে দেওয়া হয়েছে। পেলে ম্যারাডোনার শ্রেষ্ঠত্ব মেনে নিতে নারাজ, ‘ও ডান পায়ে শট নিতে পারে না, হেডও করতে পারে না ঠিকমতো। তা হলে ও কিসের ফুটবলার।’ ম্যারাডোনার ড্রাগ-আসক্তি নিয়েও অনেক কথা বলেছেন। ম্যারাডোনা পাল্টা জবাবে পেলেকে চাটুকার, সুবিধাভোগী আরও অনেক কিছুই বলেছেন। সান্তোসের বাইরে গিয়ে খেলার ঝুঁকি পেলে কখনো নেননি, সেটাও মনে করিয়ে দিয়েছেন। বলেছেন, ‘পেলের বয়স হয়েছে, এখন তাঁর জাদুঘরে আশ্রয় নেওয়া উচিত।’ রাজীব হাসান