ফুটবলে পাতানো খেলা নিয়ে বিস্ফোরণ
বিশ্ব ফুটবলকে বহু দিন ধরে কুরে কুরে খাচ্ছে পাতানো খেলা। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। তবে বাকি বিশ্বের সঙ্গে বাংলাদেশ বরাবরই একটা দূরত্ব বজায় রেখেছে। অনেক দেশে পাতানো খেলার বহু দৃষ্টান্তমূলক শাস্তি হলেও বাংলাদেশে প্রকাশ্যে পাতানো খেলেও ধরাছোঁয়ার বাইরে থাকে। অবশেষে সেই অচলায়তন কিছুটা হলেও ভাঙল। ঘরোয়া ফুটবলে অন্তত একটি ম্যাচ পাতানো বলে স্বীকৃতি পেয়েছে।গত ১১ জুন বাংলাদেশ লিগে শেখ জামাল-রহমতগঞ্জ ম্যাচ পাতানো ছিল বলে অভিযোগ ওঠে। সেই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের লিগ কমিটি প্রায় এক মাস ধরে তদন্ত করেছে। কাল প্রকাশিত তদন্ত প্রতিবেদনে অবশ্য ম্যাচটি ‘পাতানো’ না বলে ‘সমঝোতা’র বলা হয়েছে। বাফুফেকে কিছু শাস্তির সুপারিশ দিয়েছে লিগ কমিটি। দুই দলকে আর্থিক জরিমানা এবং একজন করে খেলোয়াড়-কর্মকর্তা ও কোচকে বিভিন্ন মেয়াদে নিষেধাজ্ঞার সুপারিশ আছে এতে। পাতানো খেলা প্রমাণিত হলে দুই দলকে বহিষ্কার করার কথা। অন্তত পাতানো ম্যাচটির পয়েন্ট কাটা যেত বলছেন অনেকে। তবে ‘বাইলজে সর্বোচ্চ শাস্তি বহিষ্কার, এ ছাড়া আর কিছু লেখা নেই’ দোহাই দিয়ে লিগ কমিটি আর্থিক জরিমানার বেশি এগোতে চায়নি। আর তাই সুপারিশগুলো অনেকেই প্রশ্নবিদ্ধ বলছেন। ভবিষ্যতে পাতানো খেলা বন্ধ করতে কিছু সুপারিশ করেছে কমিটি। তার মধ্যে গোয়েন্দা-সহায়তা নেওয়া অন্যতম। তবে গোয়েন্দা-সহায়তার কথা বহু দিন থেকে শোনা গেলেও আজ পর্যন্ত তা মুখের কথাই রয়ে গেছে।