ফুটবলে সংস্কার-চেতনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিষয়টা আমি একাই ভাবি, তা নয়। অনেকেই ভাবেন। আবার অনেককে ভাবিয়ে তোলে। পৃথিবীজুড়েই এমনটি ঘটছে। ঘটে চলেছে। বিশেষ করে পেশাদারির এই যুগে, খেলাধুলা যখন নগদ-নারায়ণের হাতে জিম্মি, অর্থায়নের প্রাবল্যে প্রতিনিয়ত হাতবদলের কাছে সমর্পিত, তখন বিষয়টি আর বৈশিষ্ট্যমণ্ডিত হতে পারছে না। শৌখিনতার জামাকাপড় শরীর থেকে খুলে নেওয়া হয়েছে। খেলাধুলা এখন পেশাদারির চাপে গিনিপিগের মতো অসহায়: ক্ষেত্রবিশেষে এর প্রায়োগিক সাফল্য যেমন চোখে পড়ছে, তেমনি ব্যর্থতাও চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিচ্ছে অপপ্রয়োগের ছেলেখেলা, বালখিল্যপনা। কখনো বা অদূরদর্শী মনোভাব।শুধু যে বাংলাদেশেই এমনটি হচ্ছে, তা কিন্তু নয়। বিষয়টা আজ গ্লোবাল প্র্যাকটিস। দল মনমতো ফলাফলে ব্যর্থ হচ্ছে তো আর কথা নেই, কোচ হটাও, তাঁকে ছেঁটে দাও, তাড়িয়ে দাও। স্পনসরদের চাপ রয়েছে, কারণ তারা যে বিপুল অর্থের জোগান দিচ্ছে, ব্যবসায়িক মনোবৃত্তি তো কাজ করবেই আর দল-সমর্থকদের সঙ্গেও তাদের আত্মিক সম্পর্ক। এ ক্ষেত্রে স্বল্পকালীন মেয়াদে চুক্তিবদ্ধ কোচ কিংবা ট্রেইনার যিনিই হোন, কোনো রকমের ছাড় দেওয়ার অবকাশ বা সুযোগ বলতে কিছুই নেই। তাঁরা চান সফলতার সান্নিধ্য, বিজয়বন্ধন। দলের গ্ল্যামার কাজে লাগিয়ে বিনিয়োগ-বাণিজ্যটা কেইবা হাতছাড়া করতে চায়? স্পোর্টস ফিজিওলজি? বায়োলজি? সাইকোলজি?—ওসবের গুল্লি মারি! দলের বিজয়টাই আসলে মুখ্য, বাদবাকি সব গৌণ। ইদানীং এই মনষ্কামনার জটিল ব্যাধিটা খুব দ্রুতই সংক্রমিত হয়ে পড়েছে, এমনকি অনেক অভিজ্ঞ কর্মকর্তার মধ্যেও। দশ চক্রে ভগবানও যেমনটি ভূত হয়ে যান, সে রকমই ব্যাপার। অসময়ের কাছে সময়ের পরাজয় এখানেই। এখানেই কল্পনার কাছে পরিকল্পনার তাত্ত্বিক পরাজয়।ঢাকায় অনুষ্ঠিত ১৯৯৩ সালের সাফ গেমসের ফুটবলে বাংলাদেশ দলের কোচ ছিলেন সুইজারল্যান্ডের ওল্ডরিখ সোয়াব। বেচারা সোয়াব তাঁর ইউরোপীয় ধারা প্রয়োগ করতে গিয়ে যে শারীরিক সাফল্য এনেছিলেন, তার সবটাই ভেস্তে যায় মনস্তাত্ত্বিক তথা প্রায়োগিক কৌশলের কাছে। সত্যি বলতে, বাংলাদেশের ফুটবলে একদিকে চলছে তখন মেধাসংকট, অন্যদিকে ভিড় করছে হেতুহীন তৃপ্তির ডামাডোল। টেকনিক্যাল উপলব্ধির বিশাল ঘাটতি বুকে নিয়ে ফুটবল তখন অধঃপতনের সিঁড়িতে দণ্ডায়মান। এমনই এক জটিল পরিস্থিতি সামাল দিতে এসে জার্মানির অটো ফিস্টারকে অনেক কাঠখড় পোড়াতে হলো। ১৯৯৫ সালে মাদ্রাজ সাফ গেমসের ফুটবলে দলকে পাকাপোক্তভাবে দাঁড় করানোর উদ্দেশ্যে অটো ফিস্টারকে দায়িত্ব দেওয়া হলো। ফিস্টার ততক্ষণে জানতেই পারেননি এক ভয়াবহ সত্য: ৯০ মিনিটের একটি আন্তর্জাতিক ম্যাচ খেলার জন্য যে ন্যূনতম শারীরিক গঠন, মেজাজগত কৌশল কিংবা কৌশলগত মেজাজ, প্রতিযোগিতামূলক সামর্থ্য, নিবেদন এবং আত্মবিশ্বাস, গভীর প্রাণশক্তি, অনুপম দক্ষতা, কর্তব্যপরায়ণ দৃষ্টিভঙ্গি প্রভৃতি গুণ প্রয়োজন—এক মুন্না ছাড়া অন্য কোনো ফুটবলারের মধ্যে তার ছিটেফোঁটাও নেই। কোত্থেকেই বা থাকবে? একজন ফুটবলার ৩৬৫ দিনে সাকল্যে ম্যাচ খেলেন মাত্র ২৫ থেকে ৩০টি। তার মধ্যে আবার ১৫-২০টি ম্যাচে থাকে ‘পাতানো’ ম্যাচের দিকনির্দেশনা, যেখানে শারীরিক দক্ষতা এবং মেধার প্রতিফলনের কোনো বালাই নেই। ফুটবলার হিসেবে নিজেকে তুলে ধরার এতটুকু দায়বদ্ধতা নেই। এটা বহুল আলোচিত বিষয়। পুরোনো কাসুন্দি।যা বলছিলাম:একে তো আমাদের ফুটবল দারিদ্র্যসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত; দক্ষিণ এশিয়ায় একবার ফণা তোলে তো তিনবারই নুয়ে থাকে, দক্ষিণ-পূর্ব এশিয়ায় দারুণ হতচ্ছাড়া, উপসাগরীয় দেশগুলোর কাছে ‘অসহায়’, সেখানে স্বল্পকালীন আর পরীক্ষামূলক কোচ দিয়ে ব্যক্তিগত ঘাটতি মেরামত করা আসলেই দুরূহ ব্যাপার। নিদেনপক্ষে দুটো মৌসুমের পর্যবেক্ষণ আর দুর্বলতা আবিষ্কার এবং এসবের প্রতিকার ছাড়া, আমাদের মুখস্থ স্ট্যান্ডার্ড আলোর মুখ দেখতে পাবে না। এটাই কঠিন বাস্তবতা। বাফুফের জ্ঞানলব্ধ কর্মকর্তারা এই কঠিন বাস্তবতার আলোকে অগ্রসর হলে কোটান-ক্রুসিয়ানি-ডিডোদের পরমায়ু এত সংক্ষিপ্ত হতো না। এমনিতেই আমাদের ন্যাচারাল ফুটবলারের ঘাটতি, তার ওপর পজিশনাল ফুটবলারদের ত্রুটি-বিচ্যুতি নিরূপণ এবং সংশোধন-পরিশীলনের তেমন সুযোগ ও সময় দেওয়া হচ্ছে না। কোনো ডিসিপ্লিনেই দেহগত-মনোগত পরিবর্তন আনতে না-আনতেই কোচদের পত্রপাঠ বিদায়...এই মানসিকতা শুভবুদ্ধির সপক্ষে যাওয়ার সুযোগ নেই। সকালে বীজ বুনব, সন্ধ্যায় ফল খাব—এ ধরনের আবদার পাগলামিরই নামান্তর। গায়ে পেশাদারির নামাবলি, মনে মেধা-মননের অভাব—এ অবস্থায় উন্নয়নকামনা অনুচিত। এখানেই সংস্কার-চেতনা বিদ্যমান। বড় অভাবটাও এখানেই।